প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগ ও একটি বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় হেলপার নিহতের ঘটনায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (এমপি) গভীর মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে বলেন ‘শান্ত ভাণ্ডারিয়াকে অশান্ত করতে দেব না। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচার নিশ্চিত করা হবে।’ বাসে অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়, একটি মানুষের প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত মাধ্যমে যারা দায়ী তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।
শনিবার সন্ধ্যা ৭টায় ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথিরি বক্তব্যে তিনি এসব কথা বলে।
প্রতিমন্ত্রী বলেন, ভাণ্ডারিয়া একটি শান্তিপূর্ণ জনপদ। এ জনপদের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। সহিংসতা, আগুন ও সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যাবে না। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সকলের সহযোগীতা করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্টরা আবারও আগুন ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি অতীতেও আইন নিজের হাতে তুলে নেয়নি, এখনও নেবে না। কোনো অপরাধ সংঘটিত হলে আইন ও প্রশাসনের মাধ্যমে তার বিচার নিশ্চিত করতে হবে। প্রতিশোধ কিংবা পাল্টা সহিংসতার পথে না গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অপরাধীদের বিচার করা হবে।
ভাণ্ডারিয়ার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, সীমাহীন দুর্নীতির কারণে বিভিন্ন উন্নয়নকাজ বন্ধ হয়ে রয়েছে। এসব কাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হবে এবং খুব শিগগিরই বন্ধ থাকা কাজ পুনরায় চালু হবে বলে তিনি আশ্বাস দেন। কাজগুলো যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হলে এতদিনে ভাণ্ডারিয়ার চেহারা পাল্টে যেত। উন্নয়নকাজের বাঁধা দূর করে এলাকার অবকাঠামোগত উন্নয়ন এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় শিক্ষার মানোন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভাণ্ডারিয়ার শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ, পাঠদানের মান ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে শিক্ষক, অভিভাবক, প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্য, বস্তুনিষ্ঠতা ও পেশাগত সততা বজায় রাখতে হবে। বিক্রি হওয়া সাংবাদিকতা চলবে না। সাংবাদিকতার গুণগত মান বজায় রাখতে হবে এবং সংবাদকে কোনো ব্যক্তিগত স্বার্থ কিংবা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। ভুয়া পত্রিকা ও সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অপতৎপরতা চালানোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামীম হাওলাদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম রিয়াজ মাহমুদ মিঠু এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন