১০:৫২ এম
চাঁদপুরের শাহরাস্তিতে একটি যাত্রীবাহী বাস ও বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির বানিয়াচৌ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানিয়েছেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে আলআরাফা পরিবহনের একটি বাস হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বানিয়াচৌ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন: বগুড়ার ঐতিহ্যের স্মারক যুদ্ধবিমানের অংশ চুরি!
এভাবে সংঘর্ষের কারণে বাসের সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী মারা যান। এছাড়া, বাসের আরও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে।
আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত যাত্রীরা জানান, দুটি যানবাহনের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
এদিকে, তিন মৃত যাত্রীর নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস এবং ড্রাম ট্রাকটি জব্দ করেছে।
আরও পড়ুন: রংপুরের কৃষকরা ভূ-পৃষ্ঠের পানি ব্যবহারে অতিরিক্ত ১.৩৯ লাখ টন আমন ধান উৎপাদন করছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন