০৬:৪৫ পি.এম
সড়ক-মহাসড়কে অস্থিরতা সৃষ্টি করে যাঁরা শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন, তাঁদের সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, তাঁরা কখনোই শ্রমিকদের বন্ধু হতে পারেন না।
সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে পোশাকশিল্পের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে যাঁরা রাস্তায় আন্দোলন করছেন, তাঁদের শ্রমিকদের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং বর্তমানে শ্রমিকের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলনও চলছে না।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেল
তিনি আরও উল্লেখ করেন, আন্দোলনের সময় যেসব সহিংসতার ঘটনা ঘটেছে এবং যাঁরা গ্রেফতার বা আহত হয়েছেন, তাঁদের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সকল শ্রমিকের প্রতি শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
এর আগে, আজ সকালে সচিবালয়ে তৈরি পোশাক খাতের মালিকদের সঙ্গে আলাদা বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি ব্রিফিংয়ে জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট সময়ের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।
মজুরি কাঠামোর হালনাগাদ তথ্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন মজুরি নির্ধারণের জন্য গত রোববার (১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের সভা দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী নির্দেশনার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন যেন শ্রমিকদের স্বার্থ সংরক্ষিত হয় এবং তাঁদের জীবনমানের উন্নয়ন ঘটে। শ্রমিকদের দাবিদাওয়াগুলো যেন সহানুভূতির সঙ্গে দেখা হয়। সুতরাং, বাস্তবতার নিরিখেই নতুন মজুরি নির্ধারিত হবে। এখানে অসন্তোষের কোনো সুযোগ নেই।’
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে যুবক রনিকে ছুরিকাঘাতে হত্যা, আটক আলামিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন