০৫:৫১ পি.এম
ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে নতুন একটি সামুদ্রিক নৌপথ চালুর বিষয়ে আলোচনায় ওমানের সঙ্গে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এর অর্থ এই নয় যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনের মাধ্যমে এসব তথ্য উঠে এসেছে। রবিবার, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আরাগচি জানালেন, হরমুজ প্রণালির বর্তমান নৌপথগুলো পরিবর্তন করে নতুন কিছু রুট নির্ধারণের জন্য ইরান ও ওমানের মধ্যে আলোচনা চালানো হচ্ছে। দুই দেশের বিশেষজ্ঞরা বর্তমানে প্রয়োজনীয় মানচিত্র তৈরির কাজ করছেন এ বিষয়ে।
আরাগচি বলেন, ‘এটির অর্থ অবশ্যই এই নয় যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হচ্ছে।’ তিনি জানান, প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য আরও বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে এসব শর্তের বিষয়টি জানানো হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের সংঘর্ষে ১০ জন আহত, রাজনৈতিক কার্যালয় ভাঙচুর
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওমানের সঙ্গে চলমান আলোচনা মূলত কারিগরি ও আইনি বিষয়ক। ১৯৬৮ সালে নির্ধারিত সামুদ্রিক নৌপথগুলো পর্যালোচনা করে নতুন রুট নির্ধারণ করাই আলোচনার উদ্দেশ্য।
সাম্প্রতিক যুদ্ধের কারণে বিদ্যমান নৌপথগুলোতে পরিবর্তনের প্রয়োজনীয়তা স্পষ্টভাবে প্রতিভাত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এজন্য ইরান ও ওমানের বিশেষজ্ঞরা নতুন রুট নির্ধারণের কাজ করছেন।
আরাগচির ভাষ্য অনুযায়ী, নতুন নৌপথগুলো চূড়ান্তভাবে নির্ধারিত হওয়ার পর যদি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হয়, তাহলে সেগুলোই ব্যবহার করা হবে।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন: মার্কিন পঞ্চম নৌবহরের প্রধানের ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন