১১:১৪ এম
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনের পাশে গভীর রাতে একটি নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করার ঘটনা ঘটেছে। অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা শিশুটিকে সেখানে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে কান্নার শব্দ শুনে হাসপাতালের কর্তব্যরত নার্স ও রোগীর স্বজনরা শিশুটিকে উদ্ধার করে এবং চিকিৎসাসেবা প্রদান করেন।
এ ঘটনা ঘটে সোমবার রাত আনুমানিক ১টার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালের দ্বিতীয় তলার বারান্দা থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে কয়েকজন রোগীর স্বজন এবং কর্তব্যরত নার্স নিচে নেমে আসেন। পরে হাসপাতাল চত্বরে ডাস্টবিনের পাশে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।
আরও পড়ুন: জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
কর্তব্যরত এক নার্স জানান, নবজাতকটির জন্ম হয়েছে অল্প কিছুক্ষণ আগে। তবে তার জন্ম গজারিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে হয়নি। ধারণা করা হচ্ছে, আশপাশের কোনো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার অথবা অন্য কোথাও জন্মের পর শিশুটিকে হাসপাতালে এনে ফেলে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া শিশুটি একটি কন্যাশিশু। উদ্ধারের সময় সে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। বর্তমানে তাকে হাসপাতালের তত্ত্বাবধানে রাখার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আশিক বলেন, ব্রাজিলের খেলার প্রথমার্ধ শেষ হওয়ার পর আমি ওই স্থানে গিয়েছিলাম। তখন সেখানে কোনো শিশু ছিল না। কিছুক্ষণ পর শুনতে পাই, সেখানে একটি নবজাতককে ফেলে রেখে গেছে।
এ ঘটনার কারণে হাসপাতাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এবং কী কারণে নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, তা এখনও জানা যায়নি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: মৌলভীবাজারে ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, প্রাণ রক্ষা করে পালালেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন