ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বেলাবোতে এ্যাবের উদ্যোগে ১ হাজার কৃষকের মাঝে বোরো ধান,সরিষা ও আলুর বীজ বিতরণ


বেলাবোতে এ্যাবের উদ্যোগে ১ হাজার কৃষকের মাঝে বোরো ধান,সরিষা ও আলুর বীজ বিতরণ

নরসিংদীর বেলাবোতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নতমানের বোরো ধান, সরিষা ও আলুর বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার বেলাবো সরকারি পাইলট মডার্ন হাইস্কুল মাঠে উপজেলার আটটি ইউনিয়ন থেকে আসা প্রায় এক হাজার প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি বোরো ধানের বীজ, ১ কেজি সরিষার বীজ ও ১০ কেজি আলুর বীজ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাবো সরকারি পাইলট মডার্ন হাইস্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ। বেলাবো উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির সদস্য সচিব ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মতিউর রহমান, বেলাবো উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহিবুর রহমান সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য শাহজাহান মিয়া, নরসিংদী জেলা কৃষক দলের সদস্য মো. নাজিম উদ্দিন ভূঁইয়াসহ এ্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রান্তিক কৃষকদের সহায়তা ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকরা অধিক ফলন পাবেন। এতে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষির সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


মধুপুরে নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে উৎসবমুখর পরিবেশে নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট–সিজন ২-এর গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে আয়োজিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মধুপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও নাজিম উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাইদুল কাজী, মধুপুর পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সাগর এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর পৌর যুবদলের সাবেক সদস্যসচিব জহিরুল ইসলাম সুমন।
খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সহায়ক—এমন প্রত্যাশা আয়োজকদের।
মালাউড়ী স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাউদকান্দিতে নির্বাচনী মাঠে সক্রিয় শাহনেওয়াজ সরকার সানু: মোহাম্মদপুর ইউনিয়নের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


দাউদকান্দিতে নির্বাচনী মাঠে সক্রিয় শাহনেওয়াজ সরকার সানু: মোহাম্মদপুর ইউনিয়নের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৯ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহনেওয়াজ সরকার সানু। নিজ বক্তব্যে তিনি জানান, নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়ার ব্যাপারে তিনি পুরোপুরি প্রস্তুত এবং শেষ পর্যন্ত মাঠে থাকার দৃঢ় সংকল্প রয়েছে তাঁর।
সম্প্রতি তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় পর্যায়ে চলমান বিভিন্ন আলোচনা-সমালোচনার জবাবে শাহনেওয়াজ সরকার সানু বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে যে তিনি কেবল আলোচনায় থাকার জন্যই প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। তাঁর দাবি, তিনি কথার চেয়ে কাজে বিশ্বাসী এবং বাস্তবসম্মত পরিকল্পনা নিয়েই ভোটারদের সামনে এসেছেন।
পারিবারিক ঐতিহ্যের কথা তুলে ধরে এই প্রার্থী উল্লেখ করেন, তাঁর প্রয়াত দুই ভাই আলহাজ্ব খলিলুর রহমান সরকার এবং অ্যাডভোকেট শামসুল হক সরকার অতীতে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁদের সময়ে এলাকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছিল বলে তিনি জানান। প্রয়াত দুই ভাইয়ের সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখাই তাঁর নির্বাচনের অন্যতম প্রধান উদ্দেশ্য বলে তিনি মন্তব্য করেন।
আগামী দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে শাহনেওয়াজ সরকার সানু জানান, নির্বাচিত হলে তিনি মোহাম্মদপুর ইউনিয়নের যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও সামাজিক অবকাঠামোর আধুনিকায়নে গুরুত্ব দেবেন। নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থেকে ইউনিয়নটিকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। ভোটাররা তাঁকে নির্বাচিত করলে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও তিনি আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী ২ বছরের জন্য দ্রুত গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন চাই

আন্তর্জাতিক ডেস্ক

মো:রাজিব তালুকদার

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


আগামী ২ বছরের জন্য দ্রুত গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন চাই

*অন্তর্বর্তীকালীন সময়ে বিশদ আলোচনার মাধ্যমে গ্যারান্টি ক্লজসহ দীর্ঘমেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির দাবি*

আজ ১৪ নভেম্বর ২০২৬ খ্রি. শনিবার সকাল ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) ও কৃষক সমিতির যৌথ উদ্যোগে আগামী ২ বছর (অন্তর্বর্তীকালীন সময়) এর জন্য দ্রুত গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন এবং অন্তর্বর্তীকালীন সময়ে বিশদ আলোচনার মাধ্যমে গ্যারান্টি ক্লজসহ দীর্ঘমেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফ আলী হাওলাদার বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করতে হবে। ১৯৯৬ সালে করা ৩০ বছরের চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হবে। যেহেতু এখন সময় কম, তাই বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী ২ বছরের (অন্তর্বর্তীকালীন সময়) জন্য চলমান গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন করা প্রয়োজন। উপস্থিত বক্তারা বলেন, ওই অন্তর্বর্তীকালীন সময়ে বিশদ আলোচনার মাধ্যমে দুই দেশ গ্যারান্টি ক্লজসহ দীর্ঘমেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি সই করবে।

কর্মসূচিতে জাতীয় নেতৃবৃন্দ মত প্রকাশ করেন, ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন ও দীর্ঘমেয়াদি চুক্তির বিষয়ে রাজপথে ক্রিয়াশীল সব রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্য প্রয়োজন। এ বিষয়ে জাতীয় সংলাপ আয়োজনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। ওই অন্তর্বর্তীকালীন সময়ে বিশদ আলোচনার মাধ্যমে দুই দেশ গ্যারান্টি ক্লজসহ দীর্ঘমেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি করবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের সংগঠক ও কৃষক সমিতির আহবায়ক চাষী মাসুম, দেশ দরদী পার্টি বাংলাদেশের আহ্বায়ক ক্বারী মাওলানা বোরহান উদ্দিন চিশতি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসাইন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ)-এর ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ তোজাম্মেল হক তাজেম, সাংগঠনিক সম্পাদক মোকাম্মেল হক নকীব, মহিলা সম্পাদিকা সালমা আক্তার লিজা, মোঃ ইয়ামিন খান, রাজনৈতিক সংগঠক প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে এখনই ব্যবস্থা নিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে এখনই ব্যবস্থা নিন

ডায়াবেটিস বর্তমানে একটি নীরব কিন্তু ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। বাংলাদেশও এই সমস্যার বাইরে নয়। শিশু থেকে শুরু করে প্রবীণ—যেকোনো বয়সের ব্যক্তি এই রোগে আক্রান্ত হতে পারেন। উদ্বেগজনক বিষয় হলো, অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পরও তা বুঝতে পারেন না। এর ফলে সময়মতো রোগ শনাক্তকরণ ও চিকিৎসার অভাবে শরীরে নানা জটিলতা দেখা দেয়।

ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ। তবে সঠিক চিকিৎসা, নিয়মিত পর্যবেক্ষণ এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে এটি কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অন্যদিকে, অবহেলা করলে হৃদ্‌রোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, দৃষ্টিশক্তি হ্রাস এবং স্নায়ুর ক্ষতিসহ নানা গুরুতর স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে।

এ বছরের প্রতিপাদ্য আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করছে—ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো যথাযথ চিকিৎসা গ্রহণই এর ঝুঁকি ও জটিলতা কমানোর অন্যতম কার্যকর উপায়।

ডায়াবেটিসের ধরন : জানুন, বুঝুন, সচেতন হোন

সাধারণত আমরা টাইপ ১ (Type 1) ও টাইপ ২ (Type 2) ডায়াবেটিস সম্পর্কে বেশি জানি। তবে চিকিৎসাবিজ্ঞানে আরো কিছু বিশেষ ধরনের ডায়াবেটিস রয়েছে। এর মধ্যে অগ্ন্যাশয়ের রোগ বা অস্ত্রোপচারের কারণে সৃষ্ট টাইপ ৩সি (Type 3c) ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়ানো বিশেষভাবে জরুরি।

১. টাইপ ১ ডায়াবেটিস (Type 1 Diabetes)

এটি মূলত একটি অটোইমিউন রোগ। শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা ভুলবশত অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী বিটা কোষগুলোকে ধ্বংস করে দেয়। ফলে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না, অনেক ক্ষেত্রে একেবারেই বন্ধ হয়ে যায়।

সাধারণত শিশু ও তরুণদের মধ্যে বেশি দেখা গেলেও যেকোনো বয়সেই এটি হতে পারে। এ ধরনের রোগীর সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিয়মিত ইনসুলিন গ্রহণ অপরিহার্য।

২. টাইপ ২ ডায়াবেটিস (Type 2 Diabetes)

এটি ডায়াবেটিসের সবচেয়ে প্রচলিত ধরন। এ ক্ষেত্রে শরীরের কোষগুলো ইনসুলিনের প্রতি যথাযথ সাড়া দেয় না। এই অবস্থাকে বলা হয় Insulin Resistance। পাশাপাশি সময়ের সঙ্গে অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনক্ষমতাও কমে যেতে পারে।

অতিরিক্ত ওজন, শারীরিক পরিশ্রমের অভাব, বংশগত প্রবণতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও বয়স—এসব কারণে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ বা ইনসুলিনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিছু ক্ষেত্রে জীবনযাত্রার পরিবর্তন ও চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিস রেমিশন (Remission) অর্জনও সম্ভব হয়।

৩. অন্যান্য বিশেষ ধরনের ডায়াবেটিস (Other Specific Types of Diabetes)

টাইপ ১ ও টাইপ ২ ছাড়াও চিকিৎসাবিজ্ঞানে বিভিন্ন কারণে সৃষ্ট বিশেষ ধরনের ডায়াবেটিস রয়েছে। এর মধ্যে জিনগত ত্রুটিজনিত ডায়াবেটিস এবং অগ্ন্যাশয়ের রোগ বা ক্ষতির কারণে সৃষ্ট ডায়াবেটিস বিশেষভাবে উল্লেখযোগ্য।

ক. জিনগত ত্রুটিজনিত ডায়াবেটিস (Monogenic Diabetes)

জন্মগত বা বংশগত কোনো নির্দিষ্ট জিনের পরিবর্তন বা ত্রুটির কারণে অগ্ন্যাশয়ের বিটা কোষ ইনসুলিন তৈরি বা নিঃসরণে সমস্যার সম্মুখীন হতে পারে। এর পরিচিত দুটি রূপ হলো:

* MODY (Maturity-Onset Diabetes of the Young): সাধারণত কম বয়সে দেখা যায় এবং পরিবারে একাধিক প্রজন্মে ডায়াবেটিসের ইতিহাস থাকতে পারে। একটি নির্দিষ্ট জিনের ত্রুটির কারণে এটি হয়।

* Neonatal Diabetes: সাধারণত শিশুর জীবনের প্রথম ছয় মাসের মধ্যে ধরা পড়ে এবং এর পেছনেও জিনগত কারণ থাকতে পারে।

সঠিক জেনেটিক পরীক্ষার মাধ্যমে রোগের ধরন শনাক্ত করা গেলে চিকিৎসা অনেক বেশি কার্যকরভাবে নির্ধারণ করা সম্ভব। কিছু ক্ষেত্রে ইনসুলিনের পরিবর্তে নির্দিষ্ট মুখে খাওয়ার ওষুধ দিয়েই ভালো নিয়ন্ত্রণ সম্ভব হয়। তবে চিকিৎসা সম্পূর্ণ নির্ভর করে কোন জিনে কী ধরনের পরিবর্তন হয়েছে তার ওপর।

খ. ইনসুলিন রেজিস্ট্যান্সের বিরল জিনগত রূপ

কিছু বিরল জিনগত সমস্যার কারণে শরীরে ইনসুলিন তৈরি হলেও কোষগুলো ইনসুলিনের প্রতি যথাযথ সাড়া দেয় না। ফলে তীব্র ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। এটি সাধারণ টাইপ ২ ডায়াবেটিসের ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ভিন্ন এবং বিশেষজ্ঞের মাধ্যমে শনাক্ত করা প্রয়োজন। এ ধরনের কিছু রোগীর ক্ষেত্রে ঘাড়, বগল বা শরীরের অন্যান্য ভাঁজে কালচে ও পুরু দাগ দেখা যেতে পারে, যাকে Acanthosis Nigricans বলা হয়।

গ. টাইপ ৩সি ডায়াবেটিস (Type 3c Diabetes)

এটি চিকিৎসাবিজ্ঞানে স্বীকৃত একটি বিশেষ ধরনের ডায়াবেটিস। একে Pancreatogenic Diabetes বা Pancreatic Diabetes নামেও অভিহিত করা হয়। এই ধরনের ডায়াবেটিস সম্পর্কে আমার নিজেরও এতদিন তেমন কোনো ধারণা ছিল না। হয়তো আমরা যারা মেডিক্যাল প্রফেশনাল নই, তাঁদের অনেকের কাছেই বিষয়টি অপরিচিত।

গত জুলাই মাসে আমার বোনের অগ্ন্যাশয়ের (Pancreas) একটি বিনাইন টিউমার অপারেশন করতে গিয়ে প্যানক্রিয়াসের প্রায় ৪০ শতাংশ কেটে বাদ দিতে হয়। পরবর্তী সময়ে, গত অক্টোবর মাসের শেষার্ধে তাঁর রক্তে অস্বাভাবিক মাত্রায় সুগার ধরা পড়ে এবং চিকিৎসক প্রয়োজনীয় ইনসুলিন চিকিৎসা শুরু করেন।

বিষয়টি স্বাভাবিকভাবেই আমার মধ্যে কৌতূহল সৃষ্টি করে। সেই আগ্রহ থেকেই টাইপ ৩সি (Type 3c) ডায়াবেটিস সম্পর্কে জানার চেষ্টা করি এবং উপলব্ধি করি, ডায়াবেটিসের এই বিশেষ ধরনটি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো কতটা জরুরি।

আমাদের শরীরের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস শুধু ইনসুলিন তৈরি করে না; খাবার হজমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইমও উৎপাদন করে। অগ্ন্যাশয়ের উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হলে বা অস্ত্রোপচারের মাধ্যমে বাদ দিতে হলে ইনসুলিন উৎপাদন এবং হজমের স্বাভাবিক প্রক্রিয়া—উভয়ই ব্যাহত হতে পারে। এর ফলে টাইপ ৩সি ডায়াবেটিস দেখা দিতে পারে।

টাইপ ৩সি ডায়াবেটিসের উল্লেখযোগ্য কারণগুলো হলো:

* দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিস বা অগ্ন্যাশয়ের প্রদাহ।

* অগ্ন্যাশয়ের ক্যান্সার বা অন্যান্য টিউমার।

* অগ্ন্যাশয়ের বড় ধরনের অস্ত্রোপচার।

* অগ্ন্যাশয়ের আংশিক বা সম্পূর্ণ অপসারণ।

* সিস্টিক ফাইব্রোসিসসহ অগ্ন্যাশয়ের কিছু দীর্ঘমেয়াদি রোগ।

বিশেষ করে যাঁদের অস্ত্রোপচারের মাধ্যমে অগ্ন্যাশয়ের একটি উল্লেখযোগ্য অংশ বাদ দিতে হয়েছে, তাঁদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। তবে কতটুকু অংশ বাদ দেওয়া হয়েছে, অবশিষ্ট অগ্ন্যাশয়ের কার্যক্ষমতা এবং ব্যক্তির অন্যান্য শারীরিক অবস্থার ওপর এই ঝুঁকি নির্ভর করে। সবার ক্ষেত্রেই ডায়াবেটিস হবে, এমন নয়।

টাইপ ৩সি (Type 3c) ডায়াবেটিসের চিকিৎসা ও নিয়ন্ত্রণ

অগ্ন্যাশয়ের ক্ষতির মাত্রা, ইনসুলিন উৎপাদনের সক্ষমতা এবং হজমের কার্যক্রমের ওপর নির্ভর করে চিকিৎসা নির্ধারণ করা হয়।

অনেক রোগীর ক্ষেত্রে ইনসুলিন গ্রহণ অপরিহার্য হয়ে পড়ে।

কিছু রোগীর ক্ষেত্রে মেটফর্মিনসহ নির্দিষ্ট মুখে খাওয়ার ওষুধ ব্যবহার করা যেতে পারে।

হজমের এনজাইমের ঘাটতি থাকলে Pancreatic Enzyme Replacement Therapy (PERT) প্রয়োজন হতে পারে।

ভিটামিন A, D, E ও K-সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি পরীক্ষা করে তা পূরণ করতে হয়।

নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা অত্যন্ত জরুরি। কারণ এ ধরনের রোগীর ক্ষেত্রে ইনসুলিনের পাশাপাশি রক্তে শর্করা বিপজ্জনকভাবে কমে যাওয়ার ঝুঁকিও থাকতে পারে।

অগ্ন্যাশয়ের স্থায়ী ক্ষতির কারণে সৃষ্ট টাইপ ৩সি ডায়াবেটিস সাধারণত দীর্ঘমেয়াদি। তবে যথাযথ চিকিৎসা, পুষ্টি ব্যবস্থাপনা ও নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে রোগীরা ভালো থাকতে পারেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

মস্তিষ্ক ও অ্যালজেইমার্সের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক

এখানে আরও একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। কিছু গবেষক মস্তিষ্কের ইনসুলিন কার্যক্রমে ব্যাঘাত ও ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে অ্যালজেইমার্স রোগের সম্ভাব্য সম্পর্ক বোঝাতে অনানুষ্ঠানিকভাবে ‘টাইপ ৩ ডায়াবেটিস’ (Type 3 Diabetes) শব্দটি ব্যবহার করেন।

তবে এটি ডায়াবেটিসের কোনো আনুষ্ঠানিক বা স্বীকৃত চিকিৎসাগত শ্রেণি নয়। মস্তিষ্কের ইনসুলিন কার্যক্রম, স্মৃতিশক্তি ও অ্যালজেইমার্স রোগের সম্পর্ক নিয়ে গবেষণা এখনো চলমান।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমাদের করণীয়: প্রতিরোধ ও সচেতনতাই প্রধান। আমাদের প্রত্যেকের কিছু সচেতন অভ্যাস গড়ে তোলা জরুরি:

* স্বাস্থ্যকর ও পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তোলা।

* নিয়মিত হাঁটা ও শারীরিক পরিশ্রম করা।

* অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা।

* ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা করানো।

* চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন গ্রহণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানো।

* ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ভ্রান্ত চিকিৎসা কিংবা অবৈজ্ঞানিক হারবাল পণ্যের ওপর নির্ভর না করা।

* অগ্ন্যাশয়ের রোগ বা অস্ত্রোপচারের ইতিহাস থাকলে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নেওয়া।

ডায়াবেটিস মানেই জীবন থেমে যাওয়া নয়

মনে রাখতে হবে, ডায়াবেটিস কোনো অভিশাপ নয়। এটি নিয়ন্ত্রণযোগ্য একটি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, সময়মতো চিকিৎসা এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়েও সুস্থ, সুন্দর ও কর্মময় জীবনযাপন করা সম্ভব।

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়; পরিবার, সমাজ এবং রাষ্ট্রেরও সম্মিলিত দায়িত্ব। একজন মানুষকে সচেতন করা মানে একটি পরিবারকে সচেতন করা; আর একটি পরিবারকে সচেতন করা মানে ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্যের পথে এগিয়ে যাওয়া।

লেখক :

শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%