ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
বীরে গারস

রাসুলুল্লাহ (সা.) যে কূপের পানি ব্যবহার করতে অসিয়ত করেছিলেন


রাসুলুল্লাহ (সা.) যে কূপের পানি ব্যবহার করতে অসিয়ত করেছিলেন

মদিনা মুনাওয়ারা শুধুমাত্র ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ শহর নয়, বরং এটি প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর অসংখ্য স্মৃতির কেন্দ্রবিন্দু। এই শহরের অলিগলি, মসজিদ ও ঐতিহাসিক স্থাপনাগুলোর সঙ্গে নবীজির জীবন এবং সাহাবিদের বিভিন্ন স্মৃতি জড়িয়ে রয়েছে। এর মধ্যে একটি ঐতিহাসিক স্থান হলো ‘বীরে গারস’ (بئر غرس)। এটি একটি প্রাচীন কূপ, যার পানি রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বর্ণনায় উল্লেখ করা হয়েছে।

মদিনার আওয়ালি এলাকায়, কুবা সড়কের নিকট অবস্থিত এই কূপটি নবীজির স্মৃতিবিজড়িত স্থানগুলোর মধ্যে অন্যতম। ঐতিহাসিক বর্ণনায় দেখা যায়, রাসুলুল্লাহ (সা.)-এর জন্য এই কূপের পানি সংগ্রহ করা হতো। এমনকি তাঁর মৃত্যুর পর এ কূপের পানি দিয়ে গোসল করানোর বিষয়ে একটি বর্ণনাও রয়েছে।

কোথায় অবস্থিত বীরে গারস?

আরও পড়ুন: কুমিল্লার আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের বরেণ্য আলেমরা

এটি সৌদি আরবের মদিনা মুনাওয়ারায় কুবা মসজিদ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উত্তরে এবং মসজিদে নববি থেকে ৪ কিলোমিটার দক্ষিণে আল-আওয়ালি অঞ্চলের বাথহান উপত্যকায় অবস্থিত। এটি মদিনার প্রাচীন কূপগুলোর একটি। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক স্মৃতির কারণে এই স্থানটি মুসলিমদের কাছে বিশেষভাবে পরিচিত।

রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে বীরে গারসের সম্পর্ক অত্যন্ত গভীর। এই কূপের পানি ছিল অত্যন্ত মিষ্টি ও শীতল। রাসুলুল্লাহ (সা.) একে ভালোবাসতেন এবং একে 'আমার কূপ' বলেও উল্লেখ করতেন। বীরে গারস সম্পর্কে একটি বর্ণনায় এসেছে, হজরত আলী (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) তাকে বলেছিলেন—

إِذَا أَنَا مِتُّ فَاغْسِلُونِي بِسَبْعِ قِرَبٍ مِنْ بِئْرِ غَرْسٍ

‘আমি যখন ইন্তেকাল করব, তখন বীরে গারস থেকে সাত মশক পানি এনে আমাকে তা দিয়ে গোসল করাবে।’ (ইবনে মাজাহ ১৪৬৮)

আরও পড়ুন: নেতিবাচক চিন্তার ক্ষতি ও মুক্তির উপায় নিয়ে আলোচনা

বীরে গারসের পানির বিশেষত্ব সম্পর্কে একটি বর্ণনায় বলা হয়েছে—

نِعْمَ الْبِئْرُ بِئْرُ غَرْسٍ، هِيَ مِنْ عُيُونِ الْجَنَّةِ، وَمَاؤُهَا أَطْيَبُ الْمِيَاهِ

‘বীরে গারস কতই না উত্তম কূপ! এটি জান্নাতের ঝরনাগুলোর একটি এবং এর পানি সবচেয়ে উত্তম পানিগুলোর অন্তর্ভুক্ত।’ এ বর্ণনায় আরও উল্লেখ করা হয়েছে, রাসুলুল্লাহ (সা.)-এর জন্য এ কূপের পানি সংগ্রহ করা হতো। (ইবনে সাদ, আত-তাবাকাতুল কুবরা ১/৫০৪; জামে সাগির ৯২৪৯)

পানি আল্লাহর এক মহান নেয়ামত

আরও পড়ুন: সেজদার সময় পায়ের আঙুল কীভাবে রাখতে হবে

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা পানির গুরুত্ব ও জীবনের সঙ্গে এর সম্পর্ক তুলে ধরেছেন। তিনি বলেন—

وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ

‘আর আমি পানি থেকে প্রতিটি জীবন্ত বস্তু সৃষ্টি করেছি।’ (সুরা আল-আম্বিয়া: আয়াত ৩০)

এ আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, পানি মহান আল্লাহর অন্যতম বড় নেয়ামত। আর মদিনার ঐতিহাসিক কূপগুলোর সঙ্গে রাসুলুল্লাহ (সা.)-এর স্মৃতি জড়িয়ে থাকায় সেগুলো মুসলিমদের কাছে বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে।

আরও পড়ুন: তুরস্কে মুসলিমদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি

মদিনা মুনাওয়ারার প্রতিটি ঐতিহাসিক স্থান মুসলিমদের কাছে ইসলামের ইতিহাস ও নবীজির জীবন সম্পর্কে জানার একেকটি উপলক্ষ। বীরে গারসও তেমনই একটি স্মৃতিবিজড়িত স্থান। হজরত আলী (রা.) থেকে বর্ণিত গোসলের পানিসংক্রান্ত হাদিসটির সনদ নিয়ে মতপার্থক্য থাকলেও এটি মদিনার প্রাচীন ইতিহাসে পরিচিত একটি কূপ।

বর্তমানে ঐতিহাসিক নিদর্শন হিসেবে এটি সৌদি কমিশন ফর ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ-এর তত্ত্বাবধানে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিক্টোরিয়া পার্কের সামনে যুবলীগের নেতা শামীম আলী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৩ পি.এম


ভিক্টোরিয়া পার্কের সামনে যুবলীগের নেতা শামীম আলী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ছাত্রদলের নেতাকর্মীরা যুবলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগকে আটক করেছেন। তিনি শেখ হাসিনা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং জবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তথ্য অনুযায়ী, ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার পর আদালত চত্বরের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের আশপাশে সোহাগকে দেখতে পান ছাত্রদলের নেতাকর্মীরা। তাকে চিনে আটক করার পর, কিছু সময়ের মধ্যে নেতাকর্মীরা তার ওপর হামলা চালান। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের কাছে হস্তান্তরের পর, প্রাথমিক চিকিৎসার জন্য সোহাগকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে সূত্রাপুর থানায় নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান সাগর বলেন, "আমরা তাকে আদালতের পাশে দেখতে পেয়ে আটক করি। এ সময় ক্ষুব্ধ হয়ে কয়েকজন তাকে মারধর করেন। আমাদের কাছে তথ্য ছিল যে, তারা আদালত ও বিশ্ববিদ্যালয় এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের পরিকল্পনায় লিপ্ত ছিলেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দিই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীরে ৩০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীরে ৩০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আগানগর ইউনিয়নের বাঁশপট্টি এলাকায় উপজেলা প্রশাসন কর্তৃক একটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে প্রায় ৩০ কোটি টাকার মূল্যের দেড় একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আদনান জুলফিকারের নেতৃত্বে অভিযানটি অনুষ্ঠিত হয়। এ সময় জিনজিরা বাঁশপট্টি এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে তোলা প্রায় ২০ থেকে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেড় একর সরকারি খাস জমি দখলমুক্ত করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আদনান জুলফিকার জানান, সরকারি খাস জায়গাটি দীর্ঘদিন ধরে বাঁশ ও কাঠের ব্যবসায়ীদের দ্বারা দখল করে রাখা হয়েছিল। তিনি উল্লেখ করেন, "আমরা জেলা প্রশাসকের অনুমতিক্রমে এবং উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে অভিযান পরিচালনা করে খাস জমিটি উদ্ধার করেছি। সরকারি জমি যে কেউ দখল করে রাখবে, আমরা তা দলমত নির্বিশেষে অভিযান পরিচালনা করে উদ্ধার করব। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।"

উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন আগানগর ইউনিয়ন বিএনপি সদস্যসচিব ঈমান উল্লাহ মাস্তান এবং কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করতে ডিআইইটির র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


রাজধানীতে তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করতে ডিআইইটির র‍্যালি

রাজধানীতে ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডিআইইটি) পলিটেকনিক তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি, নতুন ব্যবসায়িক ধারণায় উৎসাহ এবং উদ্ভাবনী চিন্তার প্রসারে র‍্যালি ও বেলুন উড্ডয়ন কর্মসূচি আয়োজন করেছে।

গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ উইক (জিইডব্লিউ) ২০২৬ উদযাপনের অংশ হিসেবে ধানমন্ডি-মিরপুর সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

এ বছরের জিইডব্লিউর বৈশ্বিক প্রতিপাদ্য হলো ‘দ্য ওয়ার্ল্ড নিডস হোয়াট ইউ বিল্ড’। অর্থাৎ, বিশ্ব আপনার তৈরি করা নতুন কিছু, উদ্ভাবন ও সমাধানের অপেক্ষায় রয়েছে। এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত র‍্যালিতে তরুণদের শুধুমাত্র চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী, উদ্ভাবক ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সড়কে র‍্যালি করেন। পরে প্রতীকী বেলুন উড্ডয়নের মাধ্যমে তরুণদের স্বপ্ন, সম্ভাবনা ও উদ্যোক্তা হওয়ার আকাঙ্ক্ষা তুলে ধরা হয়। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যোগ গ্রহণ, সম্ভাবনা খোঁজা এবং নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন কিছু তৈরির মানসিকতা গড়ে তোলার বার্তা প্রদান করা হয়।

আয়োজকদের মতে, উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা নয়। বরং সমাজের কোনো সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান খুঁজে বের করা, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাও উদ্যোক্তার ভূমিকার অংশ।

বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী এবং কারিগরি শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করে। কারিগরি শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর সেবা, ক্ষুদ্র ব্যবসা, উৎপাদনমুখী উদ্যোগ কিংবা উদ্ভাবনী স্টার্টআপ গড়ে তোলার সুযোগ রয়েছে। সঠিক দিকনির্দেশনা, উদ্যোগ নেয়ার মানসিকতা এবং বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েল বিরোধীদের টার্গেট করা ‘হাবিবি ইউকে’-এর পরিচালকের পরিচয় ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


ইসরায়েল বিরোধীদের টার্গেট করা ‘হাবিবি ইউকে’-এর পরিচালকের পরিচয় ফাঁস

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচক ও ফিলিস্তিনপন্থীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে দীর্ঘ সময় ধরে অনলাইন ট্রোলিং ও প্রচার চালিয়ে আসা আলোচিত এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্ট ‘হাবিবি ইউকে’ (Habibi UK)-এর নেপথ্য ব্যক্তির পরিচয় প্রকাশিত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বাইলাইন টাইমসের একটি বিস্তৃত ছয় মাসের অনুসন্ধানে জানা গেছে, এই বেনামে পরিচালিত অ্যাকাউন্টটি পরিচালনা করতেন বেঞ্জামিন টেট (Benjamin Tait) নামের একজন ব্যক্তি। তিনি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের সাবেক বৈদেশিক সেবা কর্মকর্তা (Foreign Service officer) এবং বর্তমানে যুক্তরাজ্যভিত্তিক একটি জ্বালানি গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে কর্মরত আছেন।

এই অ্যাকাউন্টটি দীর্ঘকাল ধরে মূলত ইসরায়েলের সমালোচনাকারী বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও সমালোচকদের লক্ষ্যবস্তু বানিয়ে অপপ্রচার ও হয়রানি চালিয়ে আসছিল বলে জানা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অ্যাকাউন্টটির কার্যক্রমের পেছনে কাদের হাত রয়েছে এবং কীভাবে এটি পর্দার আড়াল থেকে পরিচালিত হচ্ছিল, তা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন গবেষক ও অনুসন্ধানী সাংবাদিকরা। এই ধরনের সমন্বিত অনলাইন প্রচারণা কীভাবে ভিন্নমতের কণ্ঠস্বরকে দমন করতে ব্যবহৃত হয়, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এবং প্রোপাগান্ডা ছড়ানোর কৌশল নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%