১১:৪৯ এম
সংসদ ভবন, ২৮ জুন, ২০২৬ : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা দ্রুত প্রদানে অত্যন্ত আন্তরিক।
আজ তিনি জাতীয় সংসদে গাইবান্ধা-৫ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আব্দুল ওয়ারেছের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। একজন শিক্ষক বা কর্মচারী গড়ে প্রায় ১৩ লাখ টাকা অবসর ভাতা পেয়ে থাকেন। এইসব আবেদন নিষ্পত্তির জন্য প্রায় ৮ হাজার ৭১০ কোটি টাকা প্রয়োজন, কিন্তু বর্তমানে অবসর তহবিলে জমা রয়েছে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা। এর ফলে প্রায় ৭ হাজার ৪১০ কোটি টাকার অর্থঘাটতি হচ্ছে।
আরও পড়ুন: অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু
তিনি আরও জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে ২০২৩ সালের আগস্ট থেকে চলতি বছরের ২১ জুন পর্যন্ত প্রায় ৪৫ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে।
এসব আবেদন নিষ্পত্তির জন্য এককালীন বরাদ্দ হিসেবে প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকা প্রয়োজন।
শিক্ষামন্ত্রী বলেন, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের আর্থিক সংকট নিরসনে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কার্যক্রম গ্রহণ করেছে।
একই সঙ্গে আবেদন নিষ্পত্তির গতি বাড়াতে সফটওয়্যার পুনরায় চালুকরণ, জনবল বৃদ্ধি, অনলাইন কার্যক্রম সম্প্রসারণ এবং আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে অর্থ প্রেরণের ব্যবস্থাও নেয়া হয়েছে।
আরও পড়ুন: আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন