০৬:৪৭ পি.এম
ময়মনসিংহ, ২৪ আগস্ট, ২০২৬ : ময়মনসিংহ জেলায় ২৫০ জন প্রতিবন্ধীর মাঝে সুবর্ণ কার্ড বিতরণ করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এই কার্ডের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা আবেদন করে প্রতি মাসে এক হাজার টাকা করে সরকারি ভাতা পাবেন। কার্ড দেওয়া হওয়াতে উপকারভোগীদের মুখে দেখা গেছে হাসি।
আজ সোমবার দুপুর ২টায় সদর উপজেলা হলরুমে সমাজসেবা এবং উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই সুবর্ণ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। এই কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (বিভাগীয়) সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এসময় প্রধান অতিথি মন্তব্য করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবন্ধীদের জন্য সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করেছেন। এর ফলে প্রতিবন্ধীরা আর পরিবার বা সমাজের বোঝা হয়ে থাকবে না, তাদের জন্য প্রতিবছর ১২ হাজার টাকা ভাতার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: মোংলায় এনসিপির মশাল মিছিল, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যের আহ্বান
এছাড়াও এমপি ওয়াহাব আকন্দ বক্তৃতায় প্রধানমন্ত্রীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য বিভিন্ন উদ্যোগের বার্তা প্রদান করেন। তিনি আরও জানান, ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডসহ প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন ধরনের উদ্যোগের কার্যক্রম শুরু হয়েছে, যা এখন দৃশ্যমান রয়েছে। অচিরেই এসব কার্ডের মাধ্যমে দেশের সকল উপকারভোগীরা সুফল পাবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাজু আহম্মেদ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বাসসকে জানান, আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতিবন্ধী ভাতার জন্য আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। সুবর্ণ কার্ড প্রাপ্ত প্রতিবন্ধীরা নিয়ম মেনে আবেদন করলেই প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পাবেন।
আরও পড়ুন: বরিশালে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন