০৮:৩৩ এম
আগস্ট মাসে পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে, এ কথা জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২০ জুন) বিকেলে পাবনা সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এই তথ্য প্রদান করেন।
মন্ত্রী আরও বলেন, ‘ঢাকা-পাবনা রুটে ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ ইতোমধ্যেই প্রস্তুত হয়ে আছে। আগামী মাসে (জুলাই) নতুন কিছু কোচ দেশে আসবে। কোচগুলো হাতে পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে আগস্ট মাসেই পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু করা হবে।’
এছাড়া, তিনি জানান, ‘চলতি বছরের আগস্টে নতুন করে দু’টি রুটে ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথমে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন এবং পরে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে।’
আরও পড়ুন: অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু
মন্ত্রী আরও বলেন, ‘একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে না; সর্বোচ্চ গুরুত্ব পাবে জনস্বার্থ ও জনগণের প্রত্যাশা। খুব শিগগিরই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।’
রবিউল আলম বলেন, ‘প্রকল্পটির বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি ও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। পাবনাবাসীর দীর্ঘদিনের দাবির পাশাপাশি প্রকল্পটির ব্যাপক জনস্বার্থ বিবেচনায় সরকার দ্রুততম সময়ে এটি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।’
এ সময় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, সেলিম রেজা হাবিব, আবু তালেব মন্ডল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন