০৭:৪৪ পি.এম
ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার কারণে উত্তাল হয়ে পড়েছে তেলাপোকাদের যুব আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সারাদেশে ক্ষোভের আগুনে ঘি ঢালার মতো মেডিকেল ভর্তি পরীক্ষার (NEET) প্রশ্ন ফাঁসের ঘটনায় তিনি একটি ‘ত্রুটিহীন’ ও নির্ভরযোগ্য সরকারি পরীক্ষাব্যবস্থা গড়ে তোলার জন্য জোর আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) ক্ষমতাসীন এনডিএ (NDA) জোটের আইনপ্রণেতাদের সঙ্গে এক বৈঠকে মোদি স্পষ্টভাবে বলেছেন, দেশের তরুণ সমাজের ভবিষ্যৎ নিয়ে কোনো প্রকার ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। তরুণদের অধিকার রক্ষা এবং তাদের ভবিষ্যত সুরক্ষায় সবাইকে একযোগে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সংসদীয় বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু গণমাধ্যমকে প্রধানমন্ত্রী মোদির এই নির্দেশনার কথা নিশ্চিত করেছেন।
গত মে মাসে অনুষ্ঠিত জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে মোদি সরকারের তৃতীয় মেয়াদে দেখা দিয়েছে একটি বড় ধরনের রাজনৈতিক সংকট। গত সোমবার দিল্লিতে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ বিক্ষোভকারী ভারতের সংসদ ভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল বের করেছেন। বিতর্কিত এই ঘটনায় দেশের প্রায় ২০ লাখের বেশি শিক্ষার্থী সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং চরম হতাশায় একাধিক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: গবেষণায় সাবেক সেনাদের আত্মহত্যার ঝুঁকি ও মানসিক সহায়তার নতুন তথ্য মিলল
বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্ব পদত্যাগ, প্রশ্ন ফাঁসে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি জানান এবং চলমান অনশনকারী বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের মুক্তির দাবিতে আন্দোলনে নেমেছেন। মিছিলে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস প্রয়োগ করলে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়, যার ফলে পুলিশ সদস্যসহ শতাধিক তরুণ আহত ও হাসপাতালে ভর্তি হন। চাকরির অভাব এবং বারবার প্রশ্নপত্র ফাঁসের কারণে ক্ষুব্ধ হয়ে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতির মধ্যে নরেন্দ্র মোদি দাবি করেছেন, অনিয়মের খবর পাওয়ার সাথে সাথেই তাঁর সরকার কঠোর আইনি ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে এই চক্রের ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কারাগারে পাঠানো হয়েছে। পুনঃপরীক্ষা সফলভাবে আয়োজন করে নির্দিষ্ট সময়ে ফল প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, পুলিশের সহিংস হামলার কারণে আন্দোলনকারীরা আপাতত সংসদ অভিমুখে মিছিল না করার ঘোষণা দিলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন