০২:২২ পি.এম
ওসমান দেম্বেলে কি সেনেগালের বিপক্ষে ম্যাচে নিজের ছায়া হয়েই ছিলেন? ফ্রান্সের ৩-১ গোলের জয়ের এই ম্যাচে তিনি কোনো গোল-অ্যাসিস্ট করতে পারেননি। ফলে তার ওপর কিছুটা সমালোচনা তৈরি হয়। পিএসজির এই খেলোয়াড়কে সুরক্ষা দিতে এবং সমালোচনার জবাব দিতে ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে সামনে আসেন। তিনি এখানে ব্যালন ডি’অরের বিষয়টিও উত্থাপন করেছেন।
সোমবারের ইরাকের বিপক্ষে ম্যাচের দিকে তাকিয়ে এমবাপ্পে দেম্বেলের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে পিএসজি ফরোয়ার্ড এই ম্যাচের মাধ্যমে সেরা ছন্দে ফিরে আসবেন। তবে তিনি মাইকেল অলিসের ব্যাপারেও কথা বলেন।
এমবাপ্পে বলেন, ‘ওসমান? আমি ম্যাচটি দু’বার দেখেছি। প্রথমার্ধে আক্রমণভাগের চারজনের মধ্যে সে-ই ছিল সেরা, সবচেয়ে বেশি চোখে পড়েছিল। দ্বিতীয়ার্ধে মাইকেল ও আমি ম্যাচের ফল নির্ধারণে ভূমিকা রেখেছিলাম, কিন্তু সেও অবদান রেখেছে। প্রথম গোলের সময় সে একজন প্রতিপক্ষকে নিজের দিকে টেনে নিয়ে যায় এবং ফাঁকা জায়গা তৈরি করে দেয়। ওসমান খুবই শান্ত।’
আরও পড়ুন: আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শেষ
এমবাপ্পে যোগ করেন, ‘ও ব্যালন ডি’অরজয়ী এবং সবার পূর্ণ আস্থা তার ওপর রয়েছে। আমি নিশ্চিত, আগামীকাল (আজ) থেকেই সে আবারও নিজের সেরা ছন্দে ফিরবে। সে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে, এতে কোনো সন্দেহ নেই।’
অলিসের প্রশংসায় এমবাপ্পে বলেন, ‘ও অসাধারণ খেলোয়াড়, ওর খেলার ধরন সবাই পছন্দ করে। আমাদের দলে প্রচুর সৃজনশীলতা রয়েছে এবং অনেক প্রতিভাবান ফুটবলার আছে। হয়তো আগামীকাল অন্য দুজন খেলোয়াড় আলোকবর্ষ ছড়াবে। তবে প্রতিটি ম্যাচে নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা তার রয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন