০৫:০৩ পি.এম
গাজীপুরের টঙ্গীতে মাছের প্রজেক্টের আশপাশের এলাকায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ার কারণে এক বিএনপি নেতাকে চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জানিয়েছেন, এ সময় তার মাছ বিক্রির ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় শুভ ও সোহান নামে দুজনকে অভিযুক্ত করা হয়েছে।
আহত শেখ নজরুল ইসলাম (৪৭) টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। তিনি মৃত সিরাজুল হক বাচ্চুর পুত্র।
নজরুল ইসলাম অভিযোগ করেছেন, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তিনি নিজের মাছের প্রজেক্ট দেখাশোনা করতে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, কয়েকজন মাদক সেবন ও বিক্রি করছে। এর আগে তিনি ওই এলাকায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দিয়েছিলেন।
আরও পড়ুন: পঞ্চবটীতে কনটেইনারের চাপায় প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে গেল
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাতে আবারও মাদক সেবন ও বিক্রিতে বাধা দিতে গেলে শুভ ও সোহান তার ওপর অতর্কিত হামলা চালান। হামলার সময় চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। একপর্যায়ে হামলাকারীরা তার কাছে থাকা মাছ বিক্রির ৭০ হাজার টাকা নিয়ে যায়।
নজরুল ইসলামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বলেছেন, "ঘটনাটি আমি শুনেছি। আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছি। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।"
আরও পড়ুন: ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ৯০০ মামলা দায়ের করেছে ডিএমপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন