ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা


শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা

ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে পর পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন-আল-রশীদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ, তিনি কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন।

মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে, ১ কন্যা, জামাতা, পুত্রবধূ, দুই ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

আরও পড়ুন: নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিশাল মোটরসাইকেল শোডাউন

আজ শুক্রবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামীকাল শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

অ্যাডভোকেট হারুন আল রশীদের মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচী গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান চৌধুরী কানন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার থেকে আগামী তিনদিন জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থকসহ সর্ব সাধারণের কালোব্যাজ ধারণ, দলীয় কার্যালয় ও মরহুমের বাসভবনে কালো পতাকা উত্তোলন, দিনব্যাপী মরহুমের বাসভবনে কোরআন খতম এবং বাদ জুমা জেলা ও উপজেলার সকল মসজিদে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

অ্যাডভোকেট হারুন আল রশীদ ১৯৩৯ সালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভীপাড়ার নিজ বাসভবনে বসবাস করতেন। তাঁর পিতার নাম ছিল মরহুম আব্দুল বারিক মোক্তার।

অত্যন্ত মেধা, প্রজ্ঞা ও বিচক্ষণতা দিয়ে অ্যাডভোকেট হারুন আল রশীদ আইন পেশা থেকে রাজনীতিতে এসে জাতীয়ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি ও গণমানুষের নেতা।

আরও পড়ুন: জিয়ানগরে ঘূর্ণিঝড় প্রতিরোধে প্রস্তুতিমূলক মাঠ মহড়া ও প্রদর্শনী অনুষ্ঠিত

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী অ্যাডভোকেট হারুন আল রশিদ ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

পরবর্তীতে তিনি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে নির্বাচিত হন।

সংসদ সদস্য থাকাকালে তিনি জাতীয় সংসদের হুইপ ও পরে চীফ হুইপ নির্বাচিত হন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় তিনি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। পরবর্তীতে তিনি নৌ-পরিবহন প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

অ্যাডভোকেট হারুন-আল রশিদ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও জাতীয় সংসদের হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

রাজনৈতিক জীবনে তিনি বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় शোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। পৃথক পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


মোহাম্মদপুরে বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম

রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে মো. নুরুল ইসলাম (৫৫) নামের এক বিএনপি নেতাকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর জখম করেছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে মোহাম্মদপুরের সাত মসজিদ রোড এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নুরুল ইসলাম, মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড BNP এর যুগ্ম সাধারণ সম্পাদক।

আহত অবস্থায় তার স্বজনরা নুরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের ভাতিজা ইয়াছিন জানিয়েছেন, দুপুর আড়াইটার দিকে তার চাচা নুরুল ইসলাম সাত মসজিদ রোডের ৪ নম্বর সড়কের ৩১ নম্বর বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। তখনই দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ছয় যুবক এসে কিছু বোঝার আগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

কী কারণে বা কারা এই হামলা চালিয়েছে, সে সম্পর্কে ইয়াছিন তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। তবে তিনি ধারণা করছেন, রাজনৈতিক বিরোধের কারণে এই হামলা হয়ে থাকতে পারে। এলাকায় খোঁজখবর নিলে বিস্তারিত জানা যাবে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাকিমপুরে পুলিশের পৃথক অভিযানে মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৯ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সাকিব দিনাজপুর হিলি প্রতিনিধি

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


হাকিমপুরে পুলিশের পৃথক অভিযানে মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৯ জন গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পরিচালিত পৃথক অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ। একইসঙ্গে ডাকাতির প্রস্তুতিকালে আরও ২ জনকে আটক করা হয়েছে। পুলিশের এসব অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, হাকিমপুর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসা ও মাদক সেবনের অভিযোগে ৭ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজা প্রদান করা হয়েছে।
এদিকে, অভিযানের সময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা একাধিক ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাদের বিরুদ্ধে আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের সম্ভাব্য কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
হাকিমপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি পাবে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ও আটককৃতদের আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুর ও তাড়াশ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর এলাকার শেরখালি গ্রামের বাসিন্দা অ্যাড. শাহজালাল এবং তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সদস্য বাবুল শেখ।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর অ্যাডভোকেট শাহজালালের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় দুটি হত্যা এবং শাহজাদপুর থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে পাবনা সদরের শালগড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার তাকে শাহজাদপুর চৌকি আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার নির্বাচনী পথসভায় অংশ নেন। ওই সময় মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বিএনপির নেতাকর্মীরা আহত হন। ওই ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান বাদী হয়ে অপসারিত সংসদ সদস্য ডা. আবদুল আজিজসহ ৯৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৩০০ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বাবুল শেখ ওই মামলার এজাহারভুক্ত আসামি।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে তাড়াশ সদরের নিজ বাড়ি থেকে বাবুল শেখকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে শুক্রবার তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের মন্তব্যে বিস্মিত মেলোনি, দিলেন কড়া জবাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


ট্রাম্পের মন্তব্যে বিস্মিত মেলোনি, দিলেন কড়া জবাব

জি-৭ সম্মেলনকে কেন্দ্র করে নতুন করে কূটনীতিক উত্তেজনা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইতালির মধ্যে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের কারণে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ট্রাম্প ইতালির টেলিভিশন চ্যানেল লা-৭–কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, সম্প্রতি জি-৭ সম্মেলনের ফাঁকে মেলোনি তাঁর সঙ্গে একটি ছবি তোলার জন্য ‘ভিক্ষা’ করেছিলেন।

ট্রাম্প বলেন, সে (মেলোনি) আমার সঙ্গে ছবি তোলার জন্য ‘ভিক্ষা’ করেছিল। সে আমার সঙ্গে ছবি তোলার জন্য খুবই মরিয়া ছিল। আমি আসলে ছবি তুলতাম না, কিন্তু তার জন্য খারাপ লাগায় রাজি হয়েছিলাম।

ট্রাম্পের এ মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রতিক্রিয়া জানান। তিনি ট্রাম্পের বক্তব্যকে ‘সম্পূর্ণ মনগড়া’ বলে অভিহিত করেন এবং বলেন, আমি কিংবা ইতালি কখনো কারও কাছে কিছু ‘ভিক্ষা’ চায় না।

মেলোনি আরো বলেন, তিনি ট্রাম্পের এমন মন্তব্যে বিস্মিত হয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন তার মিত্রদের প্রতি এমন আচরণ করেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এক বার্তায় মেলোনি বলেন, ‘আমি জানি না কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার মিত্রদের সঙ্গে এভাবে আচরণ করেন। এটি প্রথমবার নয়। হতাশাজনক বিষয় হলো, পশ্চিমা বিশ্ব ও যুক্তরাষ্ট্রের শত্রুদের প্রতি তিনি এমন কঠোর অবস্থান দেখান না; বরং তাদের নেতাদের প্রতি অনেক বেশি সহনশীলতা প্রদর্শন করেন।’

এই ঘটনায় ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ট্রাম্পের মন্তব্যকে ইতালির প্রতি অবমাননাকর আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র সফর বাতিলের ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তাজানি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে করা গুরুতর ও অপমানজনক মন্তব্য পুরো ইতালিকেই অপমান করেছে। এজন্য আগামী ২১ ও ২২ জুন নির্ধারিত আমার যুক্তরাষ্ট্র সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%