০৭:২৬ পি.এম
সংযুক্ত আরব আমিরাতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে একজন হলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বায়েজিদ রায়হান (২৭) এবং অন্যজন চট্টগ্রামের বোয়ালখালীর সাইফুদ্দিন সিকদার মহসিন (৪৯)।
পুলিশ ও প্রবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফুজাইরাহ-খোরফাক্কান সড়কের আল ফৌজ এলাকায় পণ্য সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন বায়েজিদ রায়হান। ডেলিভারি মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সজোরে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। উল্লেখ্য, বায়েজিদ ৫ বছর আগে আরব আমিরাতে আসেন।
এর ঠিক আগের দিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে শারজার আল খোয়াজামিয়া শিল্প এলাকায় আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারান বোয়ালখালীর মহসিন। কর্মস্থলে যাওয়ার সময় পিকআপ ভ্যানে করে যাওয়ার সময় পেছন থেকে একটি লরি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে আল কাসিমি হাসপাতালে নিয়ে গেলে বিকেল পৌনে ৩টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ, ঢাকা ও সন্তোষে কর্মসূচি
মহসিনের মাথায় গুরুতর আঘাত লেগেছিল বলে জানিয়েছেন তার বড় ভাই রেজাউল করিম সিকদার। মহসিন মাত্র ২ বছর আগে জীবিকার তাগিদে আরব আমিরাতে গিয়েছিলেন। তার বাড়ি বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নে অবস্থিত।
দুই প্রবাসীর মৃত্যুতে তাদের গ্রামের বাড়ি এবং আমিরাতে বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে দুজনের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পুলিশি আনুষ্ঠানিকতা ও দূতাবাসের প্রক্রিয়া শেষে মরদেহ দুটি দেশে পাঠানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন