১১:০৭ এম
কাতারের শিল্পশহর রাস লাফফানে বারজান গ্যাস সাপ্লাই লিমিটেড নামের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণটি রোববার (২১ জুন) সন্ধ্যার দিকে ঘটে। এতে অন্তত ৫৪ জন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। একই সঙ্গে এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ১৮ জন।
সোমবার (২২ জুন) আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স এবং এএফপির পৃথক প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য জানা যায়।
কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি, কাতার এনার্জি এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় উভয়েই রোববার রাতে পৃথক বিবৃতিতে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: বুলগেরিয়ায় ঘন কুয়াশায় ৫০ গাড়ির সংঘর্ষ, ১১ নিহত, বহু আহত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আরও জানানো হয়েছে, ফায়ার সার্ভিস ও বেসামরিক প্রতিরক্ষা (সিভিল ডিফেন্স) বাহিনীর উদ্ধারকর্মীরা কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন এবং নিখোঁজদের সন্ধান করতে তৎপরতা শুরু হয়েছে।
কাতার হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহৎ তরল জ্বালানি গ্যাস বা এলএনজি উৎপাদন ও রপ্তানিকারী দেশ। রাজধানী দোহা থেকে ৮০ কিমি উত্তরে অবস্থিত রাস লাফফান কৌশলগতভাবে কাতারের জন্য খুব গুরুত্বপূর্ণ শহর; কারণ এখানে দেশের অধিকাংশ এলএনজি প্রস্তুতকারী কারখানা অবস্থিত। বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডও সংশ্লিষ্ট একটি এলএনজি প্রস্তুতকারী কারখানা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, কারখানা ভবন থেকে বড় এবং ভারী কালো ধোঁয়ার কুন্ডলি উঠছে। রাস লাফফানের বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন, বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনের লেলিহান শিখা ২০ কিমি দূর থেকেও খালি চোখে দেখা যাচ্ছিল। বিস্ফোরণের শব্দ এত প্রকট ছিল যে, রাজধানী দোহায়ও সেটির আওয়া শোনা যাচ্ছিল।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডের কারখানার ভিতরে একটি নতুন প্ল্যান্ট নির্মাণের কাজ চলছিল। রোববার সেই প্ল্যান্টের কাজ শুরু হওয়ার পরপরই এটি ঘটে।
আরও পড়ুন: কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন