১০:০০ পি.এম
খুলনা, ১ নভেম্বর ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের জন্য ৫ নভেম্বরের প্রস্তুতি সম্পর্কিত জরুরি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে খুলনা নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এই সভার সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
সভায় উপস্থিত ছিলেন কেসিসি’র সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম এবং বিদ্যুৎ কুমার দাস। এছাড়া ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও গঠিত কমিটির সদস্যবৃন্দও সভায় অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: দুদকের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে অভিযোগ
সভায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সড়ক পথে খুলনায় আসবেন বলে ধারণা করা হচ্ছে। এজন্য মহানগরীর প্রবেশপথের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, উম্মুক্ত স্থানে বৃক্ষরোপণ এবং অবৈধ স্থাপনা অপসারণের কার্যক্রম সম্পন্ন করতে হবে। ইতোমধ্যে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন করা এলাকায় অপরিচ্ছন্নতা রোধে নজর রাখতে হবে। বিশেষ করে গল্লামারী থেকে ময়লাপোতা এবং সোনাডাঙ্গা বাইপাসের সড়কে সংস্কার প্রয়োজন হলে তা দ্রুত সম্পন্ন করতে হবে।
তিনি হাজী মহসিন সড়ক পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এ সড়কে ভ্যানের ওপরে সবজি, মাছ ও অন্যান্য সামগ্রী বিক্রেতাদের আগামীকাল সোমবার থেকে মহিলা মাদরাসার সম্মুখ এলাকায় সরে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
সভায় গল্লামারী থেকে ময়লাপোতা ও রয়্যালের মোড় হয়ে টুটপাড়া কবরখানার মোড়, হাজী মহসিন রোড হয়ে সার্কিট হাউস, শিববাড়ি মোড় হয়ে ময়লাপোতা, গল্লামারী থেকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড হয়ে শিববাড়ি মোড়, সার্কিট হাউস থেকে ডাকবাংলা হয়ে নেভিগেট, যশোর রোড থেকে শিববাড়ি মোড়, বৈকালীর গোয়ালখালি মোড় হয়ে খুলনা বিশেষায়িত হাসপাতাল, রূপসা ট্রাফিক মোড় থেকে টুটপাড়া কবরখানা মোড় এবং রূপসা ট্রাফিক মোড় থেকে নতুন বাজারের সামনে দিয়ে সার্কিট হাউস পর্যন্ত সড়কের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি উল্লিখিত রুটসমূহে বিদ্যমান সকল প্রকার অবৈধ ব্যানার, প্যানা ও পোস্টার অপসারণের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাসহ গঠিত বিদ্যমান কমিটির সদস্যদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া সভায় মোস্তর মোড় থেকে বয়রা কলেজ মোড় এবং ময়লাপোতা থেকে পাওয়ার হাউজ মোড় পর্যন্ত সড়ক পরিচ্ছন্ন করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন: আইইবি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন