প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিশরের বিশ্ববিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বাংলাদেশের গর্ব উজ্জ্বল করেছেন সাতক্ষীরার কৃতী শিক্ষার্থী মাসুম বিল্লাহ গুলজার।
স্নাতক পর্যায়ে অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে তিনি ‘দিরউত তামাইয়্যুজিল ইলমি’ (একাডেমিক এক্সেলেন্স ক্রেস্ট) ও বিশেষ সম্মাননা সনদ লাভ করেছেন। ৪৫টি দেশের ১ হাজার ১৯০ জন বিদেশি স্নাতকের মধ্যে ২৫টি দেশের ২৫ জন সেরা শিক্ষার্থীকে এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মাসুম বিল্লাহ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই সম্মাননা অর্জন করেন।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় মিশরের রাজধানী কায়রোর আল-আজহার কনফারেন্স সেন্টারের আল-আন্দালুস হলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিদেশি শিক্ষার্থীদের জন্য এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মিশরের গ্র্যান্ড মুফতি অধ্যাপক ড. নাজির আইয়াদ, আল-আজহারের ভারপ্রাপ্ত ডেপুটি গ্র্যান্ড ইমাম শায়খ আইমান আবদুল গনি, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদ সিদ্দিকসহ অন্যান্য শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের কাছ থেকে একাডেমিক এক্সেলেন্স ক্রেস্ট, সম্মাননা পদক ও সনদ গ্রহণ করেন মাসুম বিল্লাহ গুলজার।
আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ‘এডুকেশন ডেভেলপমেন্ট সেন্টার ফর আল-আজহার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস’ চতুর্থবারের মতো এ সমাবর্তনের আয়োজন করে। এতে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ ৪৫টি দেশের ১ হাজার ১৯০ জন বিদেশি স্নাতক অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ৮০৬ জন ছাত্র এবং ৩৮৪ জন ছাত্রী ছিলেন। সমাবর্তনে অংশগ্রহণকারী সকল স্নাতককে সনদ প্রদান করা হয়। তবে ৪৫টি দেশের মধ্যে নিজ নিজ ক্ষেত্রে সেরা ২৫ দেশের ২৫ জন শিক্ষার্থীকে বিশেষ মেধার স্বীকৃতি হিসেবে একাডেমিক এক্সেলেন্স ক্রেস্ট প্রদান করা হয়।
এ বছর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে ৪০ জনের বেশি বাংলাদেশি শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আকিদা ও দর্শন বিভাগ থেকে মাহবুবুল আলম, রেজাউল করীম, মো. মাহফুজুর রহমান ও মুহাম্মদ মাহমূদ হাসান অংশ নেন। তাফসির বিভাগ থেকে মাসুম বিল্লাহ গুলজার, ইয়াকুব বিন ইসহাক, রাকিবুল ইসলাম, ওবায়দুল্লাহ আল আহরার, মো. আমজাদ হোসেন, আবুরাজিন মো. মুয়াজ, গাজী নুহাস জামিম, মো. আবছার উদ্দীন, মো. এনামুল হক, আব্দুর রহমান ও আনাস ইমাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া হাদিস বিভাগ থেকে যুবায়ের আহমাদ ও ফয়সাল মাহমুদ, শিক্ষাতত্ত্ব ও ইতিহাস বিভাগ থেকে কামরুল ইসলাম ও রেজাউল ইসলাম, আরবি ভাষা অনুষদ থেকে মো. মুজাহিদুল ইসলাম এবং শরিয়াহ ইসলামিয়া অনুষদ থেকে আব্দুল্লাহ মুসআব সমাবর্তনে অংশ নেন।
এর আগে গত ৬ জুলাই আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত চূড়ান্ত ফলাফলে মাসুম বিল্লাহ গুলজার তাফসির ও উলুমুল কুরআন বিভাগ থেকে ৯৫ দশমিক ০৩ শতাংশ নম্বর পেয়ে সর্বোচ্চ সম্মাননাসহ প্রথম শ্রেণি অর্জন করেন। এ ফলাফলে তিনি বিভাগের বিদেশি শিক্ষার্থীদের মধ্যে প্রথম এবং মিশরীয় ও বিদেশি শিক্ষার্থী মিলিয়ে সামগ্রিকভাবে তৃতীয় স্থান অধিকার করেন। স্নাতক পর্যায়ের আগের বর্ষগুলোতেও তিনি অনুষদের বিদেশি শিক্ষার্থীদের মেধাতালিকায় যথাক্রমে দ্বিতীয়, দ্বিতীয় ও প্রথম স্থান অর্জন করেছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন