ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রোনালদোর পেনাল্টি মিস, আল নাসর ৩-১ গোলে হারল আল আহলির কাছে


রোনালদোর পেনাল্টি মিস, আল নাসর ৩-১ গোলে হারল আল আহলির কাছে

হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন মাত্র ১৪ ধাপ বাকি রয়েছে। তবে, দুর্ভাগ্যজনকভাবে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এটি আরো কমতে পারত। ‘সিআর সেভেন’ পেনাল্টি মিস করেছেন। তার পেনাল্টি মিসের রাতে আল নাসর ৩-১ গোলে হেরেছে আল আহলির কাছে।

ম্যাচের শুরুতেই রোনালদো দুর্দান্ত এক শটে আল নাসরকে এগিয়ে দেন। কিন্তু চার মিনিট পর তিনি পেনাল্টি থেকে গোল করার সুযোগ হাতছাড়া করেন। পর্তুগিজ মহাতারকার শটটি পোস্টে লেগে ফিরে আসে। সৌদি প্রো লিগের রাতটি তাই তার জন্য অম্ল-মধুর হয়ে গেছে।

রোনালদোর এমন দুর্ভাগ্যের রাতে তার দলও পরাজিত হয়েছে। শুক্রবার আল আহলির মাঠে ম্যাচের ১৪ মিনিটে সামুর পাস থেকে রোনালদো দলকে লিড এনে দেন। এটি ছিল তার ক্যারিয়ারের ৯৮৬তম গোল। চলতি মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার দশম গোল।

আরও পড়ুন: হ্যাজলউডের দাবি, বল বিকৃতির বিষয়ে জানতেন না অস্ট্রেলিয়ান পেসার কামিন্সের পাশে

কিন্তু গোলের মাত্র চার মিনিট পরই সুযোগ হাতছাড়া করেন তিনি। নওয়াফ আল বুশাইল বক্সে ফাউলের শিকার হলে আল নাসর পেনাল্টি পায়। স্পটকিক নিতে গিয়ে রোনালদো পোস্টে মারেন। চলতি মৌসুমে আল নাসরের হয়ে নেওয়া দুটি পেনাল্টিই তিনি মিস করেছেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে গ্যালেনো দুরপাল্লার দুর্দান্ত শটে আল আহলিকে সমতায় ফেরান। বিরতির পর ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ইভান টনি। আর ৪ মিনিট পর ব্যবধান বাড়ান রজার ইবানেজ।

এই পরাজয়ের ফলে আল নাসর ৩২ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে, ২৮ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে আল আহলি।

আরও পড়ুন: রাহুল সেঞ্চুরিতে অনন্য কীর্তি গড়লেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধীদের সাত নোটিশ, আলোচনা এড়াল সরকারি দল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


বিরোধীদের সাত নোটিশ, আলোচনা এড়াল সরকারি দল

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কিছু বিষয়ে সমঝোতার মাধ্যমে আলোচনা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া সাতটি নোটিশের মধ্যে কেবল একটি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাদ পড়া নোটিশগুলোর মধ্যে একটি ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে আলোচনা। এই তথ্য দুটি দলের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

পূর্ববর্তী অধিবেশনে আলোচনা চলাকালীন সময়ে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রশ্নে সরকারি এবং বিরোধী দলের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠছিল। আইন প্রণয়ন প্রক্রিয়া দ্রুত শেষ করার চেষ্টা চললেও বিরোধী মত গ্রহণে কিছুটা অনুদারতা দেখা গেছে। তবে জনস্বার্থের বিষয়গুলো যেমন জ্বালানি ও গ্যাস সংকট এবং সার সংকট নিয়ে আলোচনা হয়েছে।

চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর শুরু হয়ে ৮ কার্যদিবস চলেছিল। এই অধিবেশনে আইন প্রণয়নের তুলনায় রাজনৈতিক আলোচনা শেষের দিকে প্রধান্য লাভ করে। চারটি বিল পাস হয়েছে, যার তিনটি আগে অধ্যাদেশ হিসেবে জারি হয়েছিল। ফলে বিল পাস প্রক্রিয়াটি ছিল আনুষ্ঠানিকতা মাত্র। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল স্থায়ী কমিটিতে পাঠানো হয়নি এবং সরাসরি উত্থাপন করে পাস করা হয়।

এই অধিবেশনে বিরোধী জোট গঙ্গার পানি বণ্টন চুক্তি, পোশাক খাতে শ্রমিক অসন্তোষ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের নাশকতা, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা, সারের ডিলার নিয়োগে অনিয়ম, গ্যাসের দাম বৃদ্ধি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা চেয়ে নোটিশ দেয়।

জামায়াতের হুইপ রফিকুল ইসলাম খান সমকালকে বলেন, "দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশের স্বার্থে সরকারকে কিছু বিষয়ে সহযোগিতা করে জামায়াত। আবার সরকার দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেসব কাজ করে, তাতে বিরোধিতা করে। কিন্তু সরকারি দল দেশের স্বার্থে আনা নোটিশগুলোকে নিয়ে আলোচনা করেনি।" তিনি আরও বলেন, "জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া সরকার ঐক্যের যে ডাক দিয়েছে, তা গড়ে উঠবে না।"

অধিবেশন কক্ষের বাইরে আলোচনা

সরকারি ও বিরোধী দলের সূত্র জানায়, কয়েকটি নোটিশ নিয়ে অধিবেশন কক্ষের বাইরে সরকারি এবং বিরোধী দলের মধ্যে একটি সমঝোতা হয়েছে। অধিবেশনের প্রথম দিনে বিরোধী দল জামায়াতে ইসলামী ১৪৭ বিধিতে গঙ্গার পানি বণ্টন চুক্তি এবং পোশাক খাতে শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনা চেয়ে নোটিশ দেন। এ বিষয়ে সরকারি দল বলেছে, রাস্তায় বলপ্রয়োগ না করে শ্রমিকদের বুঝিয়ে এবং মালিকদের পক্ষে যতটা দেওয়া সম্ভব মজুরি, ততটা বাড়িয়ে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চায়। তাই এ নিয়ে বিরোধী দলকে সংসদে আলোচনা নিরুৎসাহিত করে সরকারি দল। কারণ সংসদে এই নিয়ে বড় বিতর্ক হলে তা সমস্যা সমাধানের প্রক্রিয়াকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।

সরকারের পক্ষ থেকে এ বিষয়ে গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যও বিরোধী দলকে জানানো হয়। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শ্রমিকদের মধ্যে ঢুকে পড়েছে। মজুরি বোর্ড গঠনের পরও প্রতিদিন শ্রমিকদের রাস্তায় নামতে উস্কানি দিচ্ছে তারা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে হাজারো ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার গ্রুপ থেকে পুলিশের গুলিতে শ্রমিক নিহতের গুজব ছড়ানো হয়। এতে কিছু কারখানার শ্রমিক উত্তেজিত হয়ে রাস্তায় নেমে আসে। তারা বের করে অন্য কারখানার শ্রমিকদের। কারখানাগুলোয় হামলা করছে মূলত বহিরাগতরা।

এক পর্যায়ে গার্মেন্ট শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনায় পিছিয়ে দেওয়ার প্রস্তাব মেনে নেয় বিরোধী দল। বিরোধী দলের সংসদীয় দায়িত্বে থাকা একাধিক সদস্য একাধিকবার দেখা করেন স্পিকারের সঙ্গেও। সাতটি প্রস্তাবের মধ্যে পোশাক শ্রমিক আন্দোলন, আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে আলোচনা চেয়ে দেওয়া নোটিশ গ্রহণ করেন স্পিকার। কিন্তু শেষ পর্যন্ত আলোচনা হয় শ্রমিক অসন্তোষ নিয়ে। ১১ নভেম্বর এই আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়। সেদিনও আলোচনা হয়নি। পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে ১৭ নভেম্বর আলোচনা হয়েছে এবং তাতে নমনীয় ছিলেন বিরোধীরা।

যদিও চলতি মাসের শুরুতে শ্রমিকদের আন্দোলনে সরাসরি অংশ নিয়েছিল এনসিপির শ্রমিক সংগঠন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছিল তারা। আওয়ামী লীগের সম্পৃক্ততার গোয়েন্দা তথ্য সরকারি দল জানানোর পর তারা আন্দোলন থেকে সরে যায়।

আওয়ামী লীগ নিয়ে আলোচনা সরকারি দলের অনীহা

১৬ নভেম্বর দিনের কার্যসূচিতে ছিল জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমানের নোটিশ। ১৪৭ বিধিতে দেওয়া নোটিশে আওয়ামী লীগ ও তার সহযোগীদের দেশে নাশকতা ও বিদেশে বাংলাদেশবিরোধী অপপ্রচার; তাকে ঠেকাতে বার্তা-কাঠামো প্রণয়ন; গুমের শিকার পরিবার, জুলাইয়ে নিহত ও আহতদের পরিবার এবং গোপন বন্দিশালা থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের সাক্ষ্য আন্তর্জাতিক পরিসরে মর্যাদার সঙ্গে উপস্থাপন; সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে টাস্কফোর্স গঠনের প্রস্তাব করা হয়। কিন্তু এ নিয়ে আলোচনা হয়নি।

বিরোধী দলের সূত্র জানায়, সরকারি দলের মনোভাব ছিল, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে নিয়ে সংসদে আলোচনা হলে রাজনৈতিকভাবে তাঁকে গুরুত্ব দেওয়া হবে। ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যে আওয়াজ আছে তাকে গুরুত্ব দিতে চায় না সরকারি দল। এ বার্তার পর আওয়ামী লীগ নিয়ে আলোচনা থেকে বিরোধী জোট সরে আসে। ফলে কার্যসূচিতে থাকলেও বিরোধী দলের সম্মতিতে এ বিষয়ে আর আলোচনা হয়নি।

কিন্তু ১৭ নভেম্বর সংসদে চলাকালে খবর আসে গোপালগঞ্জে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া পুলিশ থানা পুড়িয়ে দিয়েছে। আগুন দিয়েছে বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে। এতে চলমান আলোচনা পোশাক খাত থেকে সরে যায় আওয়ামী লীগের দিকে।

সরকারি এবং বিরোধী দলের চারজন নেতা সমকালকে বলেন, সংসদের বক্তৃতায় এবং সংসদের বাইরে আলোচনায় শুরুতে বিরোধী দলের প্রতি সরকারি দলের বার্তা ছিল, আওয়ামী লীগ নাশকতার মাধ্যমে সরকারকে বল প্রয়োগের উস্কানি দিচ্ছে। এতে পা দিলে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তখন আওয়ামী লীগ দেশে-বিদেশে একে তার রাজনৈতিক প্রচারণায় ব্যবহারের সুযোগ পাবে। জুলাই অভ্যুত্থানে নির্বিচার হত্যার কারণে আওয়ামী লীগ যে সংকটে পড়েছে, আওয়ামী লীগের কর্মসূচিতে বল প্রয়োগে প্রাণহানি ঘটলে বিএনপিকেও একই অবস্থায় ফেলতে চাইবেন শেখ হাসিনা। অধিবেশনের বাইরে দুপক্ষের মধ্যে এ বিষয়ে বোঝাপড়া হয়। ফলে নোটিশ অনুযায়ী সংসদে আলোচনা হয়নি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল শুক্রবার বলেছেন, "শেখ হাসিনার লাশ দরকার। তার দলের নেতাকর্মীর লাশ হলেই তার ভালো হয়। আন্দোলন বেগবান করার জন্যই তার লাশ দরকার।"

আলোচনা যেভাবে চলে

৬৮ বিধিতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে আলোচনা চেয়ে নোটিশ দেন। একই বিধিতে বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা নিয়ে আলেচনার প্রস্তাব দেয় জামায়াত। ছিল রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার প্রস্তাবও।

অধিবেশনের শেষ দিন, ১৮ নভেম্বরের কার্যসূচিতে ছিল প্রধানমন্ত্রীর জাপান সফর এবং মাতারবাড়ী নিয়ে আলোচনা। তাও হয়নি। তবে প্রধানমন্ত্রী তাঁর সমাপনী ভাষণে আগামী অধিবেশনে মাতারবাড়ী নিয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সংসদে উপস্থাপনের ঘোষণা দেন।

সেদিন সংসদ নেতার সমাপনী ভাষণে আওয়ামী লীগের নাশকতা দমনে হুঁশিয়ারি আসে। ফ্যাসিবাদ প্রতিরোধে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মতো ঐক্যের ডাক দেন তিনি। এর আগে বিরোধীদলীয় নেতা গণভোটে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ঐক্য দৃঢ় করার প্রস্তাব দেন।

শুরুতে অনাগ্রহ, শেষে ঐক্যের ডাকে

প্রথম দিনে সংসদ আগের তিন অধিবেশনের মতোই পরস্পরকে আক্রমণ করে বক্তৃতা করে সরকারি ও বিরোধী দল। ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ গোপালগঞ্জে সহিংসতা শুরু করলে পরিস্থিতি বদল হতে শুরু করে। সেদিন সংসদে ৩০০ বিধির বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঐক্যের আহ্বান জানান।

জামায়াত জানায়, ঐক্যের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে আহ্বান আসতে হবে। দিতে হবে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সরকারি এবং বিরোধী দলের মধ্যে দুই দফা উত্তেজনা ছড়ায় ১১ নভেম্বর। পরের দিনও এর রেশ ছিল। স্পিকার এর ইতি টানেন। ১৫ নভেম্বর গোপালগঞ্জের পরিস্থিতির পর সরকারি এবং বিরোধী দলের মধ্যে পর্দার আড়ালে আলোচনা শুরু হয় বলে দল দুটির সূত্র জানিয়েছে।

আওয়ামী লীগের তৎপরতা প্রতিরোধে বিএনপি এবং অঙ্গসংগঠন চলতি মাসের শুরু থেকেই রাজপথে রয়েছে। জামায়াত এতে ছিল না। এনসিপি শুরুতে নামলেও পরে সরে যায়। এ পরিস্থিতির মধ্যে ১৮ নভেম্বর সংসদে প্রধানমন্ত্রী কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াত আমির শফিকুর রহমানের বৈঠক হয়। এ বৈঠকের পর সমাপনী ভাষণে দুই নেতাই ঐক্যের কথা বলেন।

সংসদ অধিবেশনের পর জামায়াত নেতৃত্বাধীন জোট গণভোটের রায় বাস্তবায়নের শর্ত জুড়ে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার কথা জানিয়েছে। নাশকতা প্রতিরোধে জামায়াত ৪১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এনসিপিও কর্মসূচি দিয়েছে ডিসেম্বর মাসজুড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ‘এমআইএস রিপোর্টিং অ্যানালিস্ট’ পদে স্নাতক পাশের নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ‘এমআইএস রিপোর্টিং অ্যানালিস্ট’ পদে স্নাতক পাশের নিয়োগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ‘এমআইএস রিপোর্টিং অ্যানালিস্ট’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীর জন্য স্নাতক/বিবিএ/সমমান অথবা স্নাতকোত্তর/এমবিএ ডিগ্রিধারী হওয়া আবশ্যক।

এক নজরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি

তথ্যের ধরন: বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি

বিভাগের নাম: এফএডি

পদের নাম: এমআইএস রিপোর্টিং অ্যানালিস্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/বিবিএ/ সমমান অথবা স্নাতকোত্তর/ এমবিএ

অভিজ্ঞতা: ২ বছর

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: নির্ধারিত নয়

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন পদ্ধতি: অনলাইনে

কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদন শুরু: ১৭ নভেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

রাজধানী ঢাকায় শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করবে।

এ কর্মসূচির উদ্দেশ্য হলো ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় করা, আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগ তোলা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানানো।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, আজ দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

তিনি আরও উল্লেখ করেন, এই কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরী পর্যায়ের নেতারা অংশগ্রহণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলে গাড়িতে বোমা বিস্ফোরণে নারী নিহত, দুই সন্তান আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


ইসরায়েলে গাড়িতে বোমা বিস্ফোরণে নারী নিহত, দুই সন্তান আহত

ইসরায়েলের আরব-অধ্যুষিত তিরা শহরের একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ফলে হায়া কাসেম (৩২) নামের এক নারী নিহত হয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে শহরের কেন্দ্রস্থলে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় গাড়িতে উপস্থিত তার ৭ ও ২ বছর বয়সী দুই সন্তান সামান্য আহত হন।

স্থানীয় অ্যাম্বুলেন্স সেবার একজন কর্মী জানান, বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা শিশু দুটিকে গাড়ি থেকে বের করে আনেন। পরে উদ্ধারকর্মীরা গুরুতর আহত অবস্থায় হায়াকে বের করে হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, এই হামলার পেছনে কোনো জাতিগত বা রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। হায়ার সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। হায়ার এক বন্ধু স্থানীয় সংবাদমাধ্যম ইয়েনেটকে জানিয়েছেন, তিনি বিভিন্ন স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করতেন এবং অত্যন্ত সৎ ও সম্মানিত ব্যক্তি ছিলেন।

ইসরায়েলের আরব-অধ্যুষিত এলাকাগুলোতে গত কয়েক বছরে সহিংস অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই বিস্ফোরণের আগের ২৪ ঘণ্টায় আরারা, জাফা ও উম্ম আল-ফাহম শহরে পৃথক তিনটি গুলির ঘটনায় তিন আরব পুরুষ নিহত হন। এর কয়েক দিন আগে কাফর মান্দা শহরের একটি মিষ্টির দোকানে গ্রেনেড হামলায় এক নারী এবং তাইবেহ শহরে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছিলেন।

সহাবস্থানবিষয়ক সংগঠন আব্রাহাম ইনিশিয়েটসের তথ্য অনুযায়ী, চলতি বছর ইসরায়েলে সহিংসতায় নিহত আরব নাগরিকের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ২৫২, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব হলেও, দেশের মোট হত্যাকাণ্ডের ৮০ শতাংশের বেশি এই জনগোষ্ঠীর মধ্যে ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%