প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ১৬৭ বছরের পুরনো গাণিতিক সমস্যা রিম্যান হাইপোথিসিস সমাধানের দাবি করেছেন অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ট আলপগে। তবে, তার প্রদত্ত প্রমাণের দৈর্ঘ্য ২ লাখ ৫০ হাজার পৃষ্ঠার বেশি—এমন বক্তব্যকে তিনি এবার কৌতুক বলে ব্যাখ্যা করেছেন। এদিকে, এআই চ্যাটবট ক্লডের সহায়তায় সমস্যাটির সমাধান খুঁজে পাওয়ার দাবি এখনও প্রত্যাহার করেননি আলপগে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের কাজ উপস্থাপনের সময় আলপগে কিছু ভুলের কথা স্বীকার করেছেন। এর মধ্যে আড়াই লাখ পৃষ্ঠার প্রমাণের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তার বক্তব্য, বড় সংখ্যা তার কাছে বেশ মজার মনে হয় বলেই তিনি এমন মন্তব্য করেছিলেন। কিন্তু অনেকেই সেটিকে সত্যি বলে ধরে নিয়েছেন।
আলপগে জানান, সংখ্যাটি যে নিছক রসিকতা, তা বোঝাতে মূল উপপাদ্যে ইচ্ছাকৃতভাবে একটি অতিসাধারণ গাণিতিক বক্তব্যও যুক্ত করেছিলেন। তবে, সেই ইঙ্গিতও অনেকের নজরে আসেনি।
প্রমাণের দৈর্ঘ্য নিয়ে রসিকতার পাশাপাশি, নিজের ব্যবহৃত কম্পিউটার কোডের মান নিয়েও আলপগে কথা বলেছেন। তিনি জানান, গাণিতিক যুক্তি যাচাইয়ের জন্য ব্যবহৃত প্রগ্রামিং ভাষা লিনে (Lean) প্রমাণটি প্রকাশ করেছিলেন। কারণ, তিনি এআইয়ের তৈরি দীর্ঘ ও দুর্বোধ্য ব্যাখ্যার পরিবর্তে যাচাইযোগ্য কোড উপস্থাপন করতে চেয়েছিলেন।
তবে, কোডের মান নিয়ে তিনি সন্তুষ্ট নন। তার স্বীকারোক্তি, কোডে অনেক অপ্রয়োজনীয় ও বিশৃঙ্খল অংশ রয়েছে। এগুলো পরিষ্কার করা উচিত ছিল, কিন্তু কাজটি সহজ হয়নি। কোডটি কার্যকরভাবে কম্পাইল হলেও এর মান নিয়ে সমালোচনা গ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি।
গত ২০ নভেম্বর আলপগে জানান, ক্লডের সহায়তায় তিনি রিম্যান হাইপোথিসিসের প্রমাণ পেয়েছেন। ১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান এই অনুমানটি উত্থাপন করেন। মৌলিক সংখ্যার বণ্টন সম্পর্কে গুরুত্বপূর্ণ এই অনুমান গণিতের অন্যতম জটিল অমীমাংসিত সমস্যা হিসেবে পরিচিত। এটি ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটের সাতটি মিলেনিয়াম প্রাইজ সমস্যার একটি।
আলপগে প্রচলিত পাঠযোগ্য প্রমাণের পরিবর্তে প্রায় ১ কোটি ৭০ লাখ লাইনের লিন কোড প্রকাশ করেছিলেন। পরে লিন ফোকাসড রিসার্চ অর্গানাইজেশন এবং ম্যাথলিব ইনিশিয়েটিভ নামের দুটি দল আলাদাভাবে কোডের আনুষ্ঠানিক যাচাই করেছে বলে জানায়। ইন্ডিয়া টুডের আগের প্রতিবেদনের ভিত্তিতে, এই যাচাইয়ের পর রিম্যান হাইপোথিসিসের প্রমাণ সঠিক বলে ঘোষণা করা হয়েছিল।
এদিকে, রিম্যান হাইপোথিসিস নিয়ে প্রায় ১২ বছর ধরে কাজ করা গণিতবিদ আলেসান্দ্রো মাসুলোও আলোচনায় এসেছেন। আলপগের সমাধানের দাবির পর তিনি নিজের অসমাপ্ত গবেষণার খসড়া অনলাইনে প্রকাশ করেন। তাঁর নথিতে উল্লেখ ছিল, বর্তমান পরিস্থিতি বিবেচনায় গবেষণার এই পর্যায়ের কাজ প্রকাশের পরামর্শ পেয়েছেন তিনি। তবে লেখাটির ভূমিকা তখনো অসম্পূর্ণ ছিল এবং আরও সম্পাদনা ও লেখার প্রয়োজন ছিল।
অন্যদিকে, অ্যানথ্রপিকের বিরুদ্ধে আলাদা চৌর্যবৃত্তির অভিযোগ তুলেছেন এক্স ব্যবহারকারী হ্যানিয়েল পল ওকোলো। তার দাবি, ২০২৬ সালের জুন-জুলাইয়ে তিনি ক্লডকে রিম্যান হাইপোথিসিসের নিজের তৈরি একটি প্রমাণ শিখিয়েছিলেন। পরে অ্যানথ্রপিকের গণিত দলের একজন সদস্য সেই কাজ নিজের আবিষ্কার হিসেবে উপস্থাপন করেছেন বলে অভিযোগ করেন তিনি।
ওকোলোর দাবি, ২০১১ সাল থেকে তিনি এ বিষয়ে গবেষণা করছেন এবং ক্লডের সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে অ্যানথ্রপিক তার গবেষণার তথ্য পেয়েছে। তবে, তার এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
রিম্যান হাইপোথিসিসের সমাধান নিয়ে এআই ও মানুষের গবেষণার বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। তবে, এআইয়ের মাধ্যমে পাওয়া গাণিতিক আবিষ্কার কীভাবে যাচাই করা হবে এবং এর কৃতিত্ব কাকে দেওয়া হবে, সেই প্রশ্ন এখনো রয়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন