প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো কমেছে। আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার তেলের দাম গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাজারে তেলের সরবরাহ বাড়ার লক্ষণ এবং চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ার আশঙ্কার কারণে দাম কমছে। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ এখনও বিদ্যমান রয়েছে।
সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৮৮ ডলার ৭১ সেন্টে নেমে আসে। এর আগের দিন ৩১ আগস্টের পর সর্বনিম্ন দামে লেনদেন শেষ হয় ব্রেন্টের।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৭৯ ডলার ৫৭ সেন্টে দাঁড়ায়। এর আগে দিনের লেনদেনে ২৬ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল এ তেলের দাম।
ডিবিএস ব্যাংকের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সুব্রো সরকার মন্তব্য করেছেন, গত কয়েক দিনে ব্রেন্ট তেলের দাম বাড়ার গতি অনেকটাই কমেছে। হরমুজ প্রণালি বন্ধ থাকলেও তেলের সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও জাহাজ চলাচলে বাধার আশঙ্কার পাশাপাশি ভবিষ্যতে বাজারে চাহিদার তুলনায় বেশি তেল সরবরাহ হতে পারে কি না, তা নিয়ে বিনিয়োগকারীরা হিসাব করছেন।
তবে তেলের দাম আবার বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে বলে তিনি জানান। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। যেকোনো সময় দুই দেশ হরমুজ প্রণালি অবরোধের বিষয়ে নিজেদের অবস্থান যাচাই করতে নতুন পদক্ষেপ নিতে পারে।
ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। জাহাজগুলো নিয়ম লঙ্ঘন করছিল বলে দাবি করেছে বাহিনীটি।
এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তদন্ত করে দেখছেন, ইরান ৫০টি পর্যন্ত জ্বালানিবাহী ট্যাংকারে সাইবার হামলার সঙ্গে জড়িত কি না। বিষয়টি সম্পর্কে জানেন এমন কয়েকজন ব্যক্তি ও মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। অন্যদিকে লিবিয়ার শারারা তেল পাইপলাইন আবার চালু হয়েছে। একটি অবৈধ গোষ্ঠী পাইপলাইনের ভালভ বন্ধ করে দেওয়ায় এটি বন্ধ হয়ে গিয়েছিল।
সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান লিবিয়ার জাতীয় তেল করপোরেশনের চেয়ারপারসন। তিনি বলেন, জাওইয়ায় আকাকুস স্থাপনায় থাকা তেলের সংরক্ষণ ট্যাংকে আবার তেল প্রবেশ করতে শুরু করেছে।
বিশ্ববাজারে তেলের সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় দাম কমছে। তবে বিশ্লেষকদের মতে, তেলের বাজার এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। এএনজেড ব্যাংকের জ্যেষ্ঠ পণ্যবাজার বিশ্লেষক ড্যানিয়েল হাইনস এক প্রতিবেদনে বলেন, তেলের মজুত ও পরিশোধিত জ্বালানির সরবরাহ কিছুটা বাড়লেও বাজারের ওপর চাপ এখনো অনেক বেশি।
তিনি বলেন, তেলের দাম, সরবরাহমূল্যের পার্থক্য, তেল শোধনের মুনাফা এবং বিনিয়োগকারীদের অবস্থান—সবকিছুতেই বাজার স্বাভাবিক হওয়ার আশা দেখা যাচ্ছে। তবে পরিবহন ও সরবরাহব্যবস্থায় এখনো নানা বাধা রয়েছে। তেলের মজুতও পর্যাপ্ত নয়।
তার মতে, তেলের বাজার চরম সংকট থেকে কিছুটা বেরিয়ে এলেও এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি। বরং দীর্ঘ সময় ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে পারে। ডয়চে ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের মজুত ৫ কোটি ২০ লাখ ব্যারেল বেড়েছে। অর্থাৎ, ওই মাসে প্রতিদিন চাহিদার তুলনায় গড়ে প্রায় ১৭ লাখ ব্যারেল বেশি তেল সরবরাহ হয়েছে।
ব্যাংকটি জানিয়েছে, বিশ্ববাজারে তেলের সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য ফিরছে। একই সঙ্গে বাজারে অতিরিক্ত তেল জমার প্রমাণও বাড়ছে। তবে নতুন কোনো বাধা তৈরি হলে এ প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে। এদিকে রয়টার্সের করা একটি প্রাথমিক জরিপে দেখা গেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি পণ্যের মজুত বেড়ে থাকতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন