প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্তদের অপরাধের ধরন অনুযায়ী শাস্তি নির্ধারণের জন্য বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ নীতিনির্ধারণী এ ফোরাম। শৃঙ্খলা পরিষদ শাস্তির মাত্রা নির্ধারণ করে সিন্ডিকেটে পাঠানোর পর তা চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হবে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
উপাচার্য বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি চারজনকে জড়িত হিসেবে চিহ্নিত করে প্রতিবেদন জমা দিয়েছে। সিন্ডিকেট সেই প্রতিবেদন পর্যালোচনা করে তাদের শাস্তি নির্ধারণের জন্য বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদকে নির্দেশ দিয়েছে।
তিনি আরও বলেন, শৃঙ্খলা পরিষদ অপরাধের ধরন ও মাত্রা বিবেচনা করে অভিযুক্তদের শাস্তি নির্ধারণ করবে। পরে সেই সিদ্ধান্ত সিন্ডিকেটে পাঠানো হবে। সিন্ডিকেট তা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।
শাস্তির জন্য সুপারিশকৃত চারজনের নাম জানতে চাইলে উপাচার্য নাম প্রকাশে অনাগ্রহ দেখান। তিনি বলেন, নামগুলো এই মুহূর্তে মনে নেই।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান তুলে ধরে উপাচার্য বলেন, অপরাধী যেই হোক না কেন, অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল পেশাগত দায়িত্ব পালনকালে শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগ করেন সাংবাদিকরা। হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ ওঠে।
ঘটনার পরিপ্রেক্ষিতে হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার দাবি করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করে। কমিটি দীর্ঘ পাঁচ মাস তদন্ত শেষে গত ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনে হামলার ঘটনায় চারজনকে চিহ্নিত করার পর বিষয়টি সিন্ডিকেট সভায় উত্থাপিত হয়। সোমবারের সভায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে অভিযুক্তদের শাস্তি নির্ধারণের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন শৃঙ্খলা পরিষদের সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন