০৬:১৭ পি.এম
লক্ষ্মীপুরের কমলনগর থানার ওসি ফরিদুল আলমের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের অভিযোগ শোনা না হওয়া, ঘুষ গ্রহণ ও অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. রেদোয়ান হোসেন তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এসব অভিযোগ তুলে ধরেন। পোস্টের মন্তব্যে কয়েকজন ভুক্তভোগী নিজেদের ভোগান্তির কথাও লিখেছেন।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে রেদোয়ান হোসেন অভিযোগ করেন, ফরিদুল আলম কমলনগর থানার ওসি হিসেবে যোগদানের পর এলাকায় চুরি-ডাকাতি, হত্যাকাণ্ড, মাদক ও জুয়ার মতো অপরাধ বেড়েছে। তিনি উল্লেখ করেন যে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে কাউকে কাউকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। থানায় সেবা নিতে যাওয়া মানুষের সঙ্গে ওসি অসদাচরণ করেন এবং অভিযোগকারীদের কথা না শুনে নিজের বক্তব্য চাপিয়ে দেন বলেও তিনি তার ফেসবুকে উল্লেখ করেন।
এ ধরনের অভিযোগ তুলে ধরে মিজানুর রহমান নামে আরেকজন তার নিজস্ব ফেসবুকে পোস্ট করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় একের পর এক চুরি, দুই পানি সরবরাহ পাম্পের মোটর উধাও, আতঙ্কে বাসিন্দারা
পোস্টের মন্তব্যের ঘরে নাজমা নামের একজন অভিযোগ করেন, ওসি মানুষের অভিযোগ শোনেন না; বরং নিজের বক্তব্য মানুষকে শোনান। অপরাধীদের বিষয়ে কথা বলার সময়ও তিনি তাদের পক্ষ নেন বলে দাবি করেন ওই মন্তব্যকারী। একই মন্তব্যে ঘুষ নেওয়ার অভিযোগও তোলা হয়।
মোশাররফ হাওলাদার নামের একজন মন্তব্য করেন, ‘কমলনগর এখন অলি-আউলিয়ার চারণভূমি।’ নূর উদ্দিন নামের আরো এক ব্যক্তি অভিযোগ করেন, তার একটি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় গেলে ওসি তার কথা না শুনে নিজের বক্তব্য শুনিয়েছেন তাকে।
হারুন নামের একজন মন্তব্যে দাবি করেন, কম টাকা দেওয়ার কারণে তার বোনের ঘটনায় মামলা নেননি ওসি। স্বেচ্ছাসেবক দলের কর্মী মাহফুজ অভিযোগ করেন, দুই থেকে তিন মাস আগে একটি মিথ্যা ডাকাতি মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। নিজে মামলা করতে গেলে থানা তার অভিযোগ নেয়নি বলেও দাবি করেন তিনি।
হাসান হাওলাদার নামে আরেক ব্যক্তি ওসির এসব কর্মকাণ্ড নিয়ে তার ব্যক্তিগত ফেসবুকে আরেকটি পোস্ট করলে সেখানে মীর রাকিব নামে একজন মন্তব্যের ঘরে লিখেন, ‘মৃত ব্যক্তির মরদেহ সামনে রেখে দুই ঘণ্টার নীতির কথা শুনাইছে, কি আর বলব!’ আব্দুর রহিম নামে একজন মন্তব্য করেন, ‘কেউ থানায় অভিযোগ করতে গেলে ওসির কথা বলে থানার মুন্সি ওসির জন্য এক হাজার টাকা বাধ্যতামূলক নেন।’
আরও পড়ুন: রুয়েটে তামার তার চুরির সময় হাতেনাতে যুবক আটক
বিল্লাল হোসেন নামে একজন লিখেন, ‘কি করবে, যেই টাকা ঘুষ দিয়ে আসছে, সেই টাকা তো আগে উঠাইতে হবে।’ এর আগে চলতি বছরের ২২ এপ্রিলে উপজেলার মুন্সিরহাট এলাকায় তথ্য উদঘাটনে সহায়তা করাই এক নিরাপরাধ ব্যবসায়ীকে জেলে পাঠানোর অভিযোগ ওঠে ওসি ফরিদুল আলমের বিরুদ্ধে। তখন তাকে নিয়ে জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. রেদোয়ান হোসেন বলেন, ‘আমি সাবেক ছাত্রনেতা হিসেবে কমলনগর থানার ওসির বিভিন্ন অনিয়ম আমার চোখে পড়ায় নৈতিক দায়িত্ববোধ থেকে মুখ খুলেছি। অনেকেই ভয়ে কথা বলেন না। আমি চাই, এসব অন্যায় ও অনিয়ম বন্ধ হোক এবং সাধারণ মানুষ থানায় গিয়ে যথাযথ সেবা পাক।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ওসি ফরিদুল আলম ফেসবুক পোস্ট নিয়ে কথা বলতে রাজি হননি। তিনি বলেন, ‘এটা স্বাধীন দেশ। যে কেউ তার মতামত যেকোনোভাবে প্রকাশ করতে পারে। আইনগত কোনো বিষয় থাকলে আমার কাছে প্রশ্ন করেন।
আরও পড়ুন: বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর, পুণ্যস্নান ২৪ নভেম্বর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন