ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লবণাক্ত উপকূলে মালটা চাষে সফল বেলাল হোসেন


লবণাক্ত উপকূলে মালটা চাষে সফল বেলাল হোসেন

উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটিতে যেখানে প্রচলিত ফসল উৎপাদনে কৃষকদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, সেখানে খুলনার পাইকগাছার তরুণ কৃষি উদ্যোক্তা বেলাল হোসেন মালটা চাষ করে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কপোতাক্ষ নদের তীরবর্তী মালথ গ্রামে পাঁচ বিঘা জমিতে চায়না ম্যান্ডারিন জাতের মালটার বাগান গড়ে তুলেছেন। এবারের মৌসুমে বাগানের চার শতাধিক গাছে এসেছে বাম্পার ফলন। তাঁর এই উদ্যোগ উপকূলীয় অঞ্চলে বিকল্প ফল চাষের নতুন সম্ভাবনা তৈরি করেছে।

মালথ গ্রামের বেলাল হোসেনের বাগানে প্রবেশ করলেই চোখে পড়ে সবুজের সমারোহ। গাছের ডালে ডালে ঝুলছে থোকায় থোকায় মালটা। ফলের আকর্ষণীয় রং ও আকার দেখে বোঝার উপায় নেই, এটি উপকূলীয় কোনো লবণাক্ত এলাকার বাগান। পাহাড়ি অঞ্চলের ফলের বাগানের মতো দেখতে এই বাগান এখন স্থানীয় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

প্রায় চার বছর আগে বেলাল পাঁচ বিঘা জমিতে চায়না ম্যান্ডারিন জাতের মালটা চাষ শুরু করেন। বর্তমানে তাঁর বাগানে রয়েছে চার শতাধিক মালটা গাছ। নিয়মিত পরিচর্যা ও পরিশ্রমের ফলে গাছগুলোতে এসেছে প্রত্যাশার চেয়েও বেশি ফলন। ফলের মান ও স্বাদ ভালো হওয়ায় বাজারেও রয়েছে চাহিদা। বর্তমানে বাগান থেকেই প্রতি কেজি মালটা ২৫০ টাকা দরে বিক্রি করছেন তিনি।

আরও পড়ুন: কপ-৩১ সম্মেলনে বাংলা ভাষায় ‘জলবায়ু নেগোসিয়েশন’ বইয়ের মোড়ক উন্মোচন

তবে বেলাল হোসেনের কৃষি উদ্যোগ শুধুমাত্র মালটা বাগানেই সীমাবদ্ধ নয়। প্রায় ২৬ বছর আগে নানির দেওয়া মাত্র ২ হাজার ৭০০ টাকা পুঁজি নিয়ে নার্সারি ব্যবসা শুরু করেন তিনি। ধীরে ধীরে সেই ছোট উদ্যোগ বিস্তৃত হয়ে বর্তমানে প্রায় ১২ বিঘা জমিতে মিশ্র ফলের বাগানে রূপ নিয়েছে। তাঁর বাগানে পেয়ারা, লিচু, ড্রাগন ফল, কুলসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতের আম রয়েছে। পাশাপাশি রয়েছে বিভিন্ন জাতের ফলের কলম চারা উৎপাদন ও বিক্রির ব্যবস্থা।

বেলাল হোসেন জানান, নতুন নতুন ফলের জাত সম্পর্কে জানতে এবং উপযোগিতা যাচাই করতে তিনি বিভিন্ন জাতের ফলের বাগান করেন। সঠিক জাত নিশ্চিত করার পরে সেখান থেকে কলম চারা তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রি করেন। তাঁর নার্সারিতে সারা বছর ১২ জন শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

তিনি বলেন, "প্রায় ২৬ বছর আগে নানির উপহার দেওয়া মাত্র ২ হাজার ৭০০ টাকা দিয়ে নার্সারির ব্যবসা শুরু করি। বর্তমানে আমার প্রায় ১২ বিঘা জমিতে মিশ্র ফলের বাগান রয়েছে। বিভিন্ন জাতের ফলের চাষ করে উপযোগী জাত নির্বাচন করি। এরপর সেসব গাছ থেকে কলম চারা তৈরি করে বিক্রি করি। এ বছর চায়না ম্যান্ডারিন জাতের মালটার বাম্পার ফলন হয়েছে। দামও ভালো পাচ্ছি।"

বাগানের শ্রমিক সিরাজুল সরদার বলেন, "আমি ১০ থেকে ১২ বছর ধরে বেলাল ভাইয়ের নার্সারিতে কাজ করছি। এ বছর মালটা গাছে ব্যাপক ফলন হয়েছে। গাছগুলো ফলের ভারে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তাই গাছ রক্ষার জন্য অনেক মালটা আগেই ছেঁটে ফেলতে হয়েছে।"

আরও পড়ুন: কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের নিয়োগ, এসএসসি পাসেও আবেদন করা যাবে

বেলালের মালটা বাগান দেখতে আসা আমানউল্লাহ আমান বলেন, "আমাদের উপকূলীয় লবণাক্ত অঞ্চলে আগে এভাবে মালটার ফলন দেখিনি। ফলের আকার যেমন বড়, তেমনি রংও বেশ আকর্ষণীয়। বাগানটি দেখে সত্যিই ভালো লেগেছে।"

পাইকগাছা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, "বেলাল হোসেন একজন সফল নার্সারি ব্যবসায়ী ও মিশ্র ফলচাষি। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে নার্সারি ব্যবসা পরিচালনা করছেন। চলতি বছর তাঁর মালটা বাগানে প্রচুর ফলন হয়েছে বলে তিনি শুনেছেন।"

পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন বলেন, "আমরা বেলালের মালটা বাগান পরিদর্শন করেছি। উপজেলা কৃষি অফিস থেকে তাঁকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা। তাঁর এই উদ্যোগ দেখে উপকূলীয় এলাকার অনেকেই ফলের বাগান করতে আগ্রহী হবেন।"

উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটিতে মালটা চাষের এই সাফল্য কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। উপযুক্ত জাত নির্বাচন, মাটির লবণাক্ততা ব্যবস্থাপনা, নিয়মিত পরিচর্যা এবং কৃষি বিভাগের কারিগরি সহায়তা নিশ্চিত করা গেলে এ অঞ্চলে বাণিজ্যিকভাবে মালটাসহ বিভিন্ন ফল চাষের ক্ষেত্র আরও সম্প্রসারিত হতে পারে। বেলাল হোসেনের উদ্যোগ তাই কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং উপকূলীয় কৃষিতে সম্ভাবনাময় বিকল্প ফসল চাষের এক অনুপ্রেরণাও।

আরও পড়ুন: কুমিল্লায় বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা হওয়ার পর কিয়ারার পাশে তিন অভিনেত্রী: আলিয়া, ক্যাটরিনা ও পত্রলেখা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


মা হওয়ার পর কিয়ারার পাশে তিন অভিনেত্রী: আলিয়া, ক্যাটরিনা ও পত্রলেখা

মা হওয়ার পর শারীরিক ও মানসিক নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে। সন্তান জন্মের পর কাজে ফিরে আসা, পরিবার ও পেশাগত দায়িত্ব সামলানো—এই সব বিষয় মিলিয়ে তিনি কঠিন সময় পার করেছেন। এই সময়ের মধ্যে অভিনেত্রী আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও পত্রলেখার কাছ থেকে তিনি সহযোগিতা ও পরামর্শ পেয়েছেন।

সম্প্রতি স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কফি উইথ করণ অনুষ্ঠানে অতিথি হয়ে মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন কিয়ারা। তিনি জানান, মা হওয়ার পর একবার পডকাস্টে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। জমে থাকা অনুভূতি প্রকাশের জন্য তার এমন একটি মাধ্যম প্রয়োজন ছিল।

কিয়ারা বলেন, প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথম তিন মাস বেশ কঠিন ছিল। বমিভাব ও হরমোনের পরিবর্তনের পাশাপাশি নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াও ছিল চ্যালেঞ্জ। সে সময় তিনি নিজের মা ও শাশুড়ির সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কারণ, এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া নারীরা অন্য নারীর অনুভূতি ভালোভাবে বুঝতে পারেন।

অনুষ্ঠানে করণ জোহর জানান, সন্তান জন্মের পর কিয়ারা প্রায়ই আলিয়া, ক্যাটরিনা ও পত্রলেখার সঙ্গে যোগাযোগ করতেন। বিষয়টি স্বীকার করে কিয়ারা বলেন, তারা একে অপরের খোঁজখবর রাখতেন। একই পেশায় কাজ করার কারণে মাতৃত্বের পাশাপাশি কিভাবে পেশাগত দায়িত্ব সামলানো যায়, তা নিয়েও তাদের মধ্যে আলোচনা হতো।

কিয়ারা জানান, কাজে ফেরার সময় কিভাবে সবকিছু সামলানো যায়, তা জানতে তিনি আলিয়ার সঙ্গে কথা বলেছিলেন। তার ভাষায়, পরিবারের অগ্রাধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কর্মক্ষেত্রেও পেশাদার থাকতে হয়। এই দুই জগতের মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে অনেক সময় মায়েদের অপরাধবোধ তৈরি হয়। একে তিনি ‘মম গিল্ট’ বলে উল্লেখ করেন।

আলিয়া ভাট ২০২২ সালে প্রথম সন্তানের মা হন। ২০২৫ সালে মা হন ক্যাটরিনা কাইফ। একই বছরের নভেম্বরে কন্যাসন্তানের মা-বাবা হন পত্রলেখা ও অভিনেতা রাজকুমার রাও। ভিন্ন সময়ে মাতৃত্বের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া এই অভিনেত্রীদের সঙ্গে কথোপকথন কিয়ারাকে মানসিক সমর্থন জুগিয়েছে।

২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমেরে বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। ২০২৫ সালের ১৫ জুলাই তাদের প্রথম কন্যাসন্তানের জন্ম হয়। একই বছরের নভেম্বরে মেয়ের নাম প্রকাশ করেন তারা—সারায়াহ মালহোত্রা। নামটির অর্থ ‘ঈশ্বরের রাজকন্যা’।

গত ৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয়বার মা-বাবা হতে যাওয়ার খবর জানান এই দম্পতি। কিয়ারা সম্প্রতি যশের সঙ্গে টক্সিক সিনেমায় অভিনয় করেছেন। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন হুমা কুরেশি, তারা সুতারিয়া, নয়নতারা ও রুক্মিণী বসন্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কারণে শীতকালীন ছুটি বাতিল করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কারণে শীতকালীন ছুটি বাতিল করেছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য শীতকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বাতিল হওয়া ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের সঙ্গে সমন্বয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সই করা একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কারণে চলতি শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। পরিবর্তে, এই ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের সময়ের সঙ্গে দেওয়া হবে।

রমজান মাসে ছুটির সময়সূচি নির্ধারণের জন্য ছুটির তালিকা প্রণয়নসংক্রান্ত কমিটি দায়িত্ব পালন করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ৭ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩৩তম সভায় এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। পরে ১৫ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৩তম সভায় এই সিদ্ধান্তটি অনুমোদন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানের দুর্গম এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল ৫৭ বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


বান্দরবানের দুর্গম এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল ৫৭ বিজিবি

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম মদক সীমান্ত এলাকায় বিনা মূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও শিশুদের টিকাদান কর্মসূচি পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ও থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের মদক এলাকার ১৮টি পাড়ার শিশু ও সাধারণ মানুষের জন্য এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে ৫০ জনের বেশি শিশুকে সরকারি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় বিভিন্ন টিকা প্রদান করা হয়। হাম-রুবেলা, টাইফয়েড ও সার্ভিক্স ভ্যাকসিনসহ অন্যান্য টিকাও দেওয়া হয়েছে।

এ ছাড়া বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ ৭৫ থেকে ৮০ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদের মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে ৫৭ বিজিবি। ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় এসব কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি জোরদারে কাজ করছে বাহিনীটি। সীমান্তবর্তী দুর্গম এলাকার স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে পর্যায়ক্রমে অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকাতেও এ ধরনের মেডিক্যাল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে চিকিৎসা ও টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার উপযুক্ত সময়: স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার উপযুক্ত সময়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদে সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিল করে রাজনৈতিক দলগুলোকে সরাসরি এক-তৃতীয়াংশ আসনে নারীদের মনোনয়ন দেওয়ার জন্য জোরালো পরামর্শ প্রদান করেছেন।

স্পিকার বলেন, "দেশের নারীরা এখন আর কোনো অংশেই সুবিধাবঞ্চিত নন বরং তারা নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন প্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।"

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

কমিটি গঠনের পর দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।

স্পিকার বক্তব্যে দেশের বর্তমান অবস্থার জন্য সরাসরি রাজনীতিবিদদের দায়ী করেন। তিনি বিগত তিনটি নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে এবারের জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলে দাবি করেন।

অনুষ্ঠানে দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, "যারা রাজনীতি করেন না, তাদের পক্ষে দেশ কীভাবে এবং কেন চলে তা বোঝা বেশ মুশকিল। দেশের আজকের যে অবস্থা, তার জন্য সবচেয়ে বেশি দায়ী রাজনীতিবিদরাই। রাজনীতিবিদরা নিজেদের শুধরে নিলে এবং ঠিক হয়ে গেলেই পুরো দেশ বদলে যাবে।"

আত্মসমালোচনা করে স্পিকার বলেন, "আমরা রাজনীতিবিদরা দলের রাজনীতি করে কীভাবে নিজেরা সুবিধা নেব, তা নিয়েই ব্যস্ত থাকি। ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলোর কথা আমাদের আর মাথায় থাকে না।"

বিগত তিনটি জাতীয় নির্বাচনের কঠোর সমালোচনা করে তিনি বলেন, "সেগুলো ছিল ‘প্রহসনের নির্বাচন’। দেশে এখন আর সেই প্রহসনের সংস্কৃতি নেই বরং এবারের জাতীয় নির্বাচন হয়েছে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য।"

নারী নেতৃত্ব ও সংসদে তাদের প্রতিনিধিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব রেখে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, "দেশের নারীরা এখন আর কোনো অংশেই সুবিধাবঞ্চিত নন, বরং তারা নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন প্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।"

এ সময় সংরক্ষিত আসনের পরিবর্তে প্রতিটি রাজনৈতিক দলকে সরাসরি নির্বাচনের মাধ্যমে মোট আসনের এক-তৃতীয়াংশ আসনে নারীদের মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%