প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঘুম জীবনের একটি অপরিহার্য অংশ। এটি জীবিত প্রাণীদের জন্য মহান আল্লাহ তাআলার দ্বারা নির্ধারিত একটি স্বাভাবিক প্রক্রিয়া। আল্লাহ তাআলা বলেন, ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে রাত ও দিনে তোমাদের ঘুম এবং তাঁর অনুগ্রহ থেকে তোমাদের জীবিকা অন্বেষণ। নিশ্চয়ই এতে নিদর্শন আছে সেই সম্প্রদায়ের জন্য, যারা মনোযোগ দিয়ে শোনে।’ (সুরা : আর-রুম, আয়াত : ২৩)
একজন মুমিনের ঘুমও ইবাদত হতে পারে, যদি সে সওয়াবের নিয়ত করে ঘুমাতে যায়। যেমন, তার জেগে থাকা সময়ও ইবাদত। মুআজ (রা.) বলেন, ‘আমি রাতের প্রথম ভাগে ঘুমাই। অতঃপর ঘুমের নির্ধারিত অংশ পূর্ণ হলে জেগে উঠি এবং আল্লাহ আমার জন্য যতটুকু তাওফিক দেন, ততটুকু কোরআন তিলাওয়াত করি। এভাবে আমি আমার ঘুমের জন্যও সওয়াবের আশা করি, যেভাবে রাতের ইবাদতের জন্য সওয়াবের আশা করি।’ (বুখারি, হাদিস : ৪৩৪১)
মানুষের জন্য ঘুম অপরিহার্য, এবং যদি কাউকে একেবারে ঘুমাতে না দেওয়া হয়, তবে সে মারা যেতে পারে। কিন্তু কিছু ঘুম এমনও আছে, যা নিন্দনীয় এবং যার কারণে মানুষ নিন্দার পাত্র হয়ে যায়।
ফরজ ইবাদত ছেড়ে ঘুমিয়ে থাকা
নিন্দনীয় ঘুমের মধ্যে অন্যতম হলো ফরজ ইবাদত, বিশেষ করে নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকা। এ সম্পর্কে কঠোর সতর্কতা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, “অতঃপর তাদের পরে এমন অপদার্থ উত্তরসূরিরা এলো, যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল। সুতরাং তারা অচিরেই ‘গাইয়্য’ নামক শাস্তির সম্মুখীন হবে।” (সুরা : মারইয়াম, আয়াত : ৫৯)
যে ব্যক্তি নিয়মিত নামাজের সময় ঘুমিয়ে থাকে, তার এই আচরণ মুনাফিকদের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুনাফিকদের কাছে ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। তারা যদি এ দুই নামাজের মধ্যে কী ফজিলত রয়েছে তা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো।’ (বুখারি, হাদিস : ৬৫৭)
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এমন এক ব্যক্তির কথা উল্লেখ করা হলো, যে সারা রাত ঘুমিয়ে সকাল করে ফেলেছে। তখন তিনি বলেন, সে এমন ব্যক্তি, যার কানে শয়তান প্রস্রাব করেছে। অথবা বলেছেন, তার দুই কানে। (বুখারি, হাদিস : ৩২৭০)
কিছু মানুষ ঘুমের কারণে আসরের নামাজের সময় পার করে দেয়। অথচ রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, তার আমল বিনষ্ট হয়ে গেল।’ (বুখারি, হাদিস : ৫৫৩)
তাহাজ্জুদ, বিতর ও সাহরির সময় ইবাদত ছেড়ে ঘুমিয়ে থাকা
নিন্দনীয় ঘুমের আরেকটি দিক হলো রাতের শেষ ভাগে ঘুমিয়ে থেকে তাহাজ্জুদ, বিতর ও ইস্তিগফার থেকে বঞ্চিত হওয়া। বিশেষ করে ফজরের আগে সাহরির সময়টি অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা নেককার বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, ‘তারা রাতের সামান্য অংশই ঘুমিয়ে কাটাত। আর রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত।’ (সুরা : আয-যারিয়াত, আয়াত : ১৭-১৮)
ফজরের পর ঘুমিয়ে থাকা
নিন্দনীয় ঘুমের আরেকটি দিক হলো ফজরের পর ঘুমিয়ে থাকা। কেননা এ সময়টি হলো দিনের শুরু বা সকালবেলা, যে সময়ে রাসুলুল্লাহ (সা.) তাঁর উম্মতের জন্য বরকতের দোয়া করেছেন। সাখর আল-গামিদি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হে আল্লাহ! আমার উম্মতের জন্য তাদের দিনের প্রথম ভাগে বরকত দান করুন।’
বর্ণনাকারী বলেন, রাসুলুল্লাহ (সা.) যখন কোনো সেনা দল বা বাহিনী পাঠাতেন, তখন দিনের প্রথম ভাগেই পাঠাতেন। সাখর (রা.) ছিলেন একজন ব্যবসায়ী। তিনি তাঁর ব্যাবসায়িক কাফেলাও দিনের প্রথম ভাগে পাঠাতেন। ফলে তিনি প্রচুর সম্পদের অধিকারী হন এবং তাঁর সম্পদ বৃদ্ধি পায়। (তিরমিজি, হাদিস : ১২১২)
অতিরিক্ত ঘুমানো
অতিরিক্ত ঘুম নিন্দনীয়, বিশেষ করে দিনের বেলায়। বিশেষত যদি সেই ঘুমের কারণে ফরজ ইবাদত কিংবা দুনিয়ার গুরুত্বপূর্ণ কাজ নষ্ট হয়। যেমন—কোনো শিক্ষার্থী রাত জেগে সকালে ঘুমিয়ে পড়ে এবং বিদ্যালয়ে যেতে পারে না। কোনো চাকরিজীবী ঘুমের কারণে কর্মস্থলে যেতে পারে না। কোনো ব্যবসায়ী ঘুমের কারণে তার ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে না।
অতিরিক্ত ঘুমের অন্যতম কারণ হলো বেশি খাবার খাওয়া এবং রাত জাগার অভ্যাস। এ দুটি অভ্যাসই নিন্দনীয়। কেননা অতিরিক্ত খাবার শরীরে অলসতা ও শিথিলতা সৃষ্টি করে এবং বেশি ঘুমের কারণ হয়। আবার যে ব্যক্তি নিয়মিত রাত জাগে, সে রাতের ঘুমের ঘাটতি পূরণ করার জন্য দিনের বেলায় বেশি ঘুমায়।
দিনের ঘুম রাতের ঘুমের বিকল্প হতে পারে না। রাতের প্রথম ভাগের ঘুম শেষ রাতের ঘুমের তুলনায় বেশি বরকতময় ও উপকারী। কিন্তু দুঃখজনক বিষয় হলো মানুষের বেশির ভাগ অনুষ্ঠান, দাওয়াত ও ভোজের আয়োজন হয় রাতে, তা-ও আবার অনেক রাত করে। ফলে এতে দুটি খারাপ অভ্যাস একত্র হয়—রাত জাগা এবং রাতে অতিরিক্ত খাবার খাওয়া। এরপর আবার খাবার খেয়ে ঘুমিয়ে পড়া।
ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) অন্তরের ব্যাধিগুলোর মধ্যে অতিরিক্ত ঘুমকেও উল্লেখ করেছেন। তিনি বলেন, অতিরিক্ত ঘুম অন্তরকে মৃত করে দেয়, শরীরকে ভারী করে তোলে, সময় নষ্ট করে এবং অধিক উদাসীনতা ও অলসতার জন্ম দেয়। কিছু ঘুম অত্যন্ত অপছন্দনীয়, আবার কিছু ঘুম শরীরের জন্য ক্ষতিকর ও উপকারহীন। সবচেয়ে উপকারী ঘুম হলো যখন শরীরের প্রকৃত প্রয়োজন দেখা দেয় তখন ঘুমানো।
রাতের প্রথম ভাগের ঘুম শেষ ভাগের ঘুমের তুলনায় উত্তম ও বেশি উপকারী। দুপুরের মাঝামাঝি সময়ের ঘুম দিনের শুরু ও শেষ ভাগের ঘুমের চেয়ে বেশি উপকারী। ঘুম যতই দিনের দুই প্রান্তের দিকে চলে যায়, তার উপকারিতা তত কমে এবং ক্ষতি তত বাড়ে, বিশেষ করে আসরের সময়ের ঘুম এবং দিনের প্রথম ভাগের ঘুম, তবে যে ব্যক্তি রাত জেগেছে, তার ক্ষেত্রে ব্যতিক্রম। (ইবনুল কাইয়্যিম (রহ.), মাদারিজুস সালিকিন, খণ্ড-১, পৃষ্ঠা-৪৫৭)
সারকথা, সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও উপকারী ঘুম হলো রাতের প্রথম অর্ধেক এবং শেষের ষষ্ঠাংশ, যা প্রায় আট ঘণ্টার সমান। চিকিৎসকদের মতে, এটিই ঘুমের সবচেয়ে ভারসাম্যপূর্ণ পরিমাণ। এর চেয়ে বেশি বা কম হলে শরীরের স্বাভাবিক অবস্থায় কমবেশি বিরূপ প্রভাব পড়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন