মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০২:২৫ এম
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং ব্রিটেনের ডাচেস অভ এডিনবরা সোফির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং রোহিঙ্গা সংকটসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়েছে।
আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডা. জুবাইদা রহমান বাংলাদেশে ব্রিটিশ ডাচেসকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং নারীর ক্ষমতায়ন, মেয়েদের শিক্ষা এবং শিশু ও তরুণদের কল্যাণে তার দীর্ঘদিনের প্রতিশ্রুতির প্রশংসা করেন। তিনি চোখের চিকিৎসা এবং প্রতিরোধযোগ্য অন্ধত্ব রোধে ডাচেসের নিরলস ভূমিকার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
বৈঠকে তারা নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং তরুণদের জন্য সুযোগ বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।
স্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ার সরকারের অঙ্গীকার তুলে ধরে ডা. জুবাইদা রহমান মাতৃমৃত্যু কমানো এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবা শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
এছাড়া পরিবার ও সমাজে আর্থিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’-এর মতো সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির বিষয়েও তিনি ডাচেসকে অবহিত করেন।
তিনি মেয়েদের অবৈতনিক শিক্ষা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে নারীদের অর্থপূর্ণ অংশগ্রহণ বাড়াতে সুযোগ তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ‘সুরভী’-এর দীর্ঘদিনের অবদান তুলে ধরেন।
ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে ডা. জুবাইদা রহমান জানান যে, তাদের উদ্যোগগুলো অর্থনৈতিক স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নারীদের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখতে কাজ করেছে। তিনি ব্যাখ্যা করেন কীভাবে এই সংগঠনগুলোর অভিজ্ঞতা সরকারের উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণে এবং নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত হয়েছে।
এছাড়া তিনি অতিদরিদ্র জনগোষ্ঠীর শিশু ও নারীদের জন্য শিক্ষা, শিশু সুরক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) এবং দক্ষতা উন্নয়নে ‘সুরভী’র কাজের কথা তুলে ধরেন। সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগের মধ্যে তিনি শহুরে বস্তি এলাকায় ‘শিশু স্বর্গ মডেল’, ‘ব্লু স্কাই প্রোগ্রাম’ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় ‘প্রয়াস’-এর কার্যক্রমের কথা উল্লেখ করেন।
তরুণদের মধ্যে পরিবেশগত সচেতনতা বাড়াতে সরকারের ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির কথাও তিনি ডাচেসকে জানান।
ডাচেস স্বাস্থ্যসেবা, শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে বাংলাদেশের উদ্যোগগুলোর প্রশংসা করেন। তিনি বিশেষ করে ‘সুরভী’ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের অবদানের কথা সাধুবাদ জানান এবং সরকারের বৃহত্তর উন্নয়ন এজেন্ডায় এই অভিজ্ঞতাগুলোকে যুক্ত করার প্রচেষ্টাকে স্বাগত জানান।
ব্রেক-থ্রু হিসেবে রয়্যাল হাইনেস প্রধানমন্ত্রী তারেক রহমানের নারীর ক্ষমতায়ন এবং নারী নির্যাতনবিরোধী প্রচারণার প্রতিশ্রুতিরও প্রশংসা করেন।
বৈঠকে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। ডা. জুবাইদা রহমান বাংলাদেশে থাকা রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় সম্প্রদায়ের জন্য অব্যাহত আন্তর্জাতিক মানবিক সহায়তার আহ্বান জানান। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার ওপর পুনরায় জোর দেন।
ডাচেস বছরের পর বছর ধরে বিশাল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতা ও মানবিক প্রতিশ্রুতির কথা স্বীকার করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে উচ্চ অগ্রাধিকার তালিকায় রাখতে নিজের প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।
উভয় পক্ষ অভিন্ন অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন এবং নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় গভীর সহযোগিতার সুযোগগুলো অন্বেষণ করেন।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট, ৯ নভেম্বর ২০২৬ : বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানের প্রতি কৃতিত্ব জানিয়েছেন। চেজ মন্তব্য করেছেন, ওয়ারিকানের ধারাবাহিক বোলিং এবং প্রতিপক্ষের ওপর চাপ তৈরির দক্ষতা সফরকারীদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ওয়ারিকান দুই ম্যাচের সিরিজে ১৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে আবির্ভূত হয়েছেন। নিয়ন্ত্রিত বোলিং, নিখুঁত লাইন-লেংথ এবং বল ঘোরানোর দক্ষতায় তিনি বাংলাদেশের ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছেন।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে চেজ বলেছেন, “ওয়ারিকান দুই ম্যাচেই ভালো বোলিং করেছে। সে নিজের ইকোনমি রেট খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে। আমার মনে হয়েছে, সে দীর্ঘ সময় ধরে ব্যাটারদের সামনে বল রেখে প্রচুর চাপ তৈরি করেছে।”
তিনি আরও যোগ করেন, “পুরো সিরিজে তার বোলিংয়ের বৈশিষ্ট্য ছিল এটাই। পাশাপাশি সে বল ঘুরিয়েছে এবং সোজাও রেখেছে। আমার মনে হয়েছে, সে সত্যিই আমাদের এই সিরিজে টিকিয়ে রেখেছে এবং সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছে।”
ঢাকায় প্রথম টেস্টে আট উইকেটে জয় লাভ করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৮৪ রানে ৭ উইকেটে নামিয়ে দিয়ে সফরকারীরা ২-০ ব্যবধানে সিরিজ জয়ের সুযোগ তৈরি করেছিল। তবে তাওহীদ হৃদয়ের অপরাজিত ২৪২ রানের দুর্দান্ত ইনিংসে স্বাগতিকরা ঘুরে দাঁড়ায়।
চেজ স্বীকার করেছেন, হৃদয়ের অসাধারণ ইনিংস সফরকারীদের আরেকটি জয় থেকে বঞ্চিত করেছে। তিনি বলেন, “জয়ের জন্য এগিয়ে যাওয়ার মতো দারুণ অবস্থানে ছিলাম আমরা। কিন্তু হৃদয়ও অসাধারণ একটি ইনিংস খেলেছে। টেস্ট ক্রিকেট এমনই। কখনো কখনো মনে হয়, আপনি ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন; এরপর কেউ এসে অবিশ্বাস্য কিছু করে দেখায়।”
চেজ হোয়াইটওয়াশ করতে না পারলেও সামগ্রিক অর্জনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশকে দেশের মাটিতে একটি কঠিন প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেন।
চেজ বলেন, “বাংলাদেশে এসে ক্রিকেট খেলা সব সময়ই কঠিন। তাদের নিজেদের মাঠে হারাতে পারা সব সময়ই আনন্দের।”
পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে ওয়েস্ট ইন্ডিজ তাদের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল।
চেজ বলেন, “তিনটির মধ্যে আমরা দুটি সিরিজ জিতেছি। তাই বছরটিকে ভালোই বলব। কোনো সিরিজেই আমরা হারিনি। বহু বছর ধরে এমনটা দেখা যায়নি।”
“এতে প্রমাণ হয়, একসঙ্গে বসে পরিকল্পনা করলে এবং কঠোর পরিশ্রম করলে যেকোনো কিছু অর্জন করা সম্ভব। আমার মনে হয়, একটি দল ও ইউনিট হিসেবে আমরা সঠিক পথেই এগোচ্ছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ৯ নভেম্বর, ২০২৬ : তিনটি অধ্যাদেশ, সরকারি ক্রয়, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক এবং সৌরবিদ্যুৎ স্থাপন সংক্রান্ত, জাতীয় সংসদে আইনে পরিণত করার উদ্দেশ্যে উত্থাপন করা হয়েছে।
আজ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এই তিনটি অধ্যাদেশ উত্থাপন করেন। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
উত্থাপিত অধ্যাদেশগুলো হলো—সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।
অধ্যাদেশগুলো উত্থাপনের পর জামায়াতে ইসলামীর পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নজিবুর রহমান এগুলো সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানোর জন্য আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার বাধ্যবাধকতা রয়েছে।
আইনমন্ত্রী এ বিষয়ে জবাব দেন, ‘সংবিধানের নির্দেশনা অনুযায়ী বাধ্যবাধকতার কারণে আমি অধ্যাদেশগুলো উত্থাপন করেছি। সংশ্লিষ্ট মন্ত্রী এগুলোকে আইনে পরিণত করার জন্য বিল আকারে সংসদে উত্থাপন করবেন।’
সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর মাধ্যমে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর বিভিন্ন ধারায় প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে সরকারি ক্রয়ে অধিকতর স্বচ্ছতা, জবাবদিহি, সমান সুযোগ ও উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ণাঙ্গ আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর মাধ্যমে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার বিধান পুনর্বহাল করা হয়েছে।
অন্যদিকে, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ দেশের বিভিন্ন স্থানে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম দ্রুত সম্প্রসারণের উদ্দেশ্যে উত্থাপন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পাওয়ার পর কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্ট্যান্ডের কাছে কাজলী ফার্মের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সূত্র অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় স্থানীয়রা হঠাৎ করে আজমেরী পরিবহনের বাসটিতে আগুন দেখতে পান। এ সময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সফল হননি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আগুনের ফলে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর জানানো হবে।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শোবিজ তারকাদের ব্যক্তিগত জীবন এবং বয়স নিয়ে ভক্তদের কৌতূহল কখনোই শেষ হয় না। প্রেম, বিয়ে কিংবা সম্পর্কের গুঞ্জনের পাশাপাশি, অনেক সময় অনলাইনে থাকা ভুল তথ্য তারকাদের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। এবার ছোট পর্দার প্রতিশ্রুতিশীল অভিনেত্রী সাদিয়া আয়মান ঠিক এমনই এক বিড়ম্বনার শিকার হয়ে খবরের শিরোনাম হয়েছেন। গুগলে তার বয়স সংক্রান্ত ভুল তথ্য দেখে তিনি বিস্ময় প্রকাশ করেছেন।
জানা গেছে, জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে সাদিয়া আয়মানের সার্চ প্রফাইলে তার বয়স ৩৩ বছর উল্লেখ করা হয়েছে। এই অনলাইন প্ল্যাটফর্মে থাকা ভুল বয়স দেখে ক্ষোভ ও কৌতূহল প্রকাশ করে ভক্তদের কাছে তা সংশোধনের উপায় জানতে চেয়েছেন সাদিয়া।
সম্প্রতি, নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যমে গুগলে থাকা নিজের প্রোফাইল এবং ভুল বয়স সংক্রান্ত তথ্যের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন সাদিয়া। সেই পোস্টের ক্যাপশনে তিনি রসিকতা করে লেখেন, ‘গুগলে আমার নামে এই প্রোফাইল যে করেছে তার সাথে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে, নাহয় তার সাথে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন, তারা আমাকে বলেন আমি কিভাবে আমার জন্মসাল নিয়ে এই ভুল তথ্যটি ঠিক করতে পারবো?’
নিজের জন্মসাল এবং বয়স নিয়ে বরাবরই কোনো লুকোছাপা রাখেননি জানিয়ে সাদিয়া বলেন, ‘আমি সর্বদা আমার জন্মসাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এবছর ১৭ই মার্চ আমি সত্যি সত্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্টটি ছিলো।’
পোস্টে তিনি আরও স্পষ্ট করেন, ‘তবে এনআইডি, পাসপোর্ট এবং সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স এখন ২৬। বয়স একটি সুন্দর ব্যাপার, আর আমি নিজের বয়সকে সানন্দে ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে ভালোবাসি।’
উল্লেখ্য, ছোটপর্দায় সাবলীল অভিনয় এবং মিষ্টি হাসির মাধ্যমে খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সাদিয়া আয়মান। অনলাইনে তারকাদের তথ্য ভুল থাকার এই বিড়ম্বনা নতুন কিছু নয়, তবে সাদিয়ার এই পোস্টের পর এখন দেখার বিষয়, ভক্তদের সহায়তায় তিনি গুগলের এই ভুল তথ্য দ্রুত সংশোধন করতে পারেন কি না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ