প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয়তাবাদী দলগুলো সিন্ধু প্রদেশের বিভক্তি বা নতুন প্রশাসনিক ইউনিট গঠনের উদ্যোগ গ্রহণের বিরুদ্ধে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে। তারা গণভোট আয়োজনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, সিন্ধুর সীমানা বা প্রশাসনিক কাঠামো পরিবর্তনের যেকোনো সিদ্ধান্তে প্রদেশের জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত।
রবিবার (২২ নভেম্বর) করাচিতে ‘জিয়ে সিন্ধ রাহবার কমিটি’র আয়োজিত এক সমাবেশে এই হুঁশিয়ারি প্রকাশ করা হয়। সমাবেশে জাতীয়তাবাদী নেতা, রাজনৈতিক কর্মী, আইনজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পাকিস্তান টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ড্রিগ রোড থেকে শুরু হয়ে বিক্ষোভটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে মেট্রোপোলে গিয়ে শেষ হয়। বক্তারা সিন্ধুর বর্তমান সীমানা পরিবর্তনের বিরুদ্ধে অবস্থান নেন। বিক্ষোভের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী নেতা ড. নিয়াজ কালানি ও রিয়াজ চান্দিও। আইনজীবীদের পক্ষ থেকেও কয়েকজন প্রতিনিধি এতে অংশ নেন। সমাবেশটি কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সিন্ধুর ভূখণ্ডগত অখণ্ডতার সঙ্গে আপস করা হবে না। প্রদেশের ভৌগোলিক সীমানা বা প্রশাসনিক কাঠামো নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের মতামত জানতে হবে। তাদের মতে, সিন্ধুর পরিচয় ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে জড়িত। তাই বিষয়টিকে শুধুমাত্র প্রশাসনিক সুবিধার দৃষ্টিতে দেখা উচিত নয়।
তারা নতুন প্রদেশ বা প্রশাসনিক ইউনিট গঠনের বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন। তাদের অভিযোগ, এ ধরনের গণভোটের মাধ্যমে পূর্বে নেওয়া রাজনৈতিক সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার চেষ্টা হতে পারে।
বক্তারা কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান। তারা আরও বলেন, সিন্ধুকে বিভক্ত করার বিরোধিতা কোনো জাতিগত বা ভাষাগত জনগণের বিরুদ্ধে নয়। উর্দুভাষী বাসিন্দাসহ বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষার মানুষের অবদান সিন্ধুর পরিচয়ের অংশ।
জাতীয়তাবাদী নেতারা কিছু রাজনৈতিক দলের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে জাতিগত বিভেদ উসকে দেওয়ার অভিযোগ করেন। এ সময় তারা শান্তি ও সহাবস্থান বজায় রাখতে সব সম্প্রদায়ের প্রতি সংযম দেখানোর আহ্বান জানান। শাহ আব্দুল লতিফ ভিট্টাইয়ের শিক্ষার কথা উল্লেখ করে বক্তারা পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার গুরুত্ব তুলে ধরেন।
সমাবেশ থেকে সিন্ধুর স্বায়ত্তশাসন ও বর্তমান সীমানা রক্ষায় রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোকে এক হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা সতর্ক করেন, জনগণের সম্মতি ছাড়া কোনো প্রশাসনিক পরিবর্তন চাপিয়ে দেওয়া হলে সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে প্রদেশজুড়ে বিক্ষোভের মাধ্যমে এর প্রতিবাদ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন