০৫:৪০ পি.এম
চলতি বাজেটে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো হচ্ছে, এ কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন, সেটি বাস্তবভিত্তিক এবং দেশের মানুষের মঙ্গলের জন্য।
শুক্রবার (১২ জুন) সকালে টাঙ্গাইলের জরাজীর্ণ ভাসানী হল পরিদর্শন করার পর তিনি এসব কথা বলেন।
টুকু উল্লেখ করেন যে, ভাসানী হল টাঙ্গাইলের জন্য অত্যন্ত ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি উদ্বোধন করেছিলেন।
আরও পড়ুন: যুদ্ধে শত্রুপক্ষ অসহায় অবস্থায় পৌঁছে গেছে: ইরানের বাসিজ প্রধান
তিনি বলেন, টাঙ্গাইলকে এক সময় সাংস্কৃতিক নগরী বলা হতো। সেই নগরীতে এভাবে একটি মিলনায়তন পড়ে থাকতে পারে না। ভাসানী হল ছিল টাঙ্গাইলের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র। এই হলে নাটক, সংগীত, আলোচনা সভাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হতো। এর ফলে টাঙ্গাইল সারাদেশে একটি সাংস্কৃতিক নগরী হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছিল। কিন্তু দীর্ঘদিন যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ভবনটি তার জৌলুস হারিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ঐতিহাসিক এই ভবনটি কার্যত পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। ফলে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। ঐতিহ্যবাহী এ স্থাপনাটিকে পুনরুজ্জীবিত করে টাঙ্গাইলের সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আরও জানান, ভাসানী হলটি প্রতিষ্ঠা করেছিলেন মাওলানা ভাসানী। তার স্মৃতি ধরে রাখার জন্য জরাজীর্ণ ভবনটি সংস্কার করা হবে। সবার সহযোগিতায় টাঙ্গাইলকে আধুনিক মডেল টাউন হিসেবে গড়ে তোলা হবে।
এ সময় গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় ডিএমপির ট্রাফিক আইনে ২,৫১৮ মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন