প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের বগির আসনে কেরোসিন ছড়িয়ে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (২২ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের বটতলীতে দাঁড়িয়ে থাকা শাটল ট্রেনে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওসিফ হোসেন আনন্দ জানিয়েছেন, টিউশন শেষে রাতে বটতলী স্টেশন থেকে শাটল ট্রেনে ওঠার সময় তিনি এই ঘটনার সাক্ষী হন। বগিতে ওঠার ঠিক আগমুহূর্তে এক ব্যক্তি ভেতরে আগুন লাগার কথা জানিয়ে চিৎকার করেন। এ সময় রেলওয়ের এক কর্মী দ্রুত এগিয়ে গিয়ে তার সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
তাওসিফ হোসেন আনন্দ বলেন, ‘প্রথমে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে মনে হয়েছিল। কিন্তু পরে বগির ভেতরে তীব্র কেরোসিনের গন্ধ পাওয়া যায়। ভালোভাবে খুঁজে একটি কেরোসিনের বোতল পাওয়া যায় এবং আসনগুলোতেও কেরোসিন মাখানো ছিল। এতে মনে হয়েছে, কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানোর চেষ্টা করেছে।’
শাটল ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আজ একজন এগিয়ে এসে আগুনের বিষয়টি জানানোর কারণে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। শাটলে যাতায়াতকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো কামরুল হোসেন জানিয়েছেন, রাত ৮টা ২০ মিনিটের শাটল ট্রেনটি বটতলীতে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাত ৮টা ৫ মিনিটের দিকে কে বা কারা আগুন দেওয়ার চেষ্টা করে। রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, এ ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে শাটল ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন