প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বিমানবন্দরগুলোতে পাখির আঘাতজনিত দুর্ঘটনা (বার্ড হিট) প্রতিরোধের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি পাখি তাড়ানোর বন্দুক কেনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এ উদ্দেশ্যে আধুনিক পাখি নিয়ন্ত্রণ ইউনিট স্থাপন, প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের সদর দপ্তরে অনুষ্ঠিত ‘বাংলাদেশের বিমানবন্দরগুলোতে বন্যপ্রাণীজনিত ঝুঁকি ব্যবস্থাপনা জাতীয় কমিটি’র প্রথম সভায় তিনি এসব নির্দেশনা প্রদান করেন।
সভায় মন্ত্রী উল্লেখ করেন, উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা বিমান পরিবহন খাতের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাখির আঘাতে উড়োজাহাজের ইঞ্জিন ও সামনের কাচসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে ফ্লাইটের সময়সূচি ব্যাহত হওয়ার পাশাপাশি উড়োজাহাজ পরিচালনায় বড় ধরনের ঝুঁকি সৃষ্টি হয়।
বিমানবন্দরের আশপাশে পাখির চলাচল নিয়ন্ত্রণে আধুনিক অ্যান্টি-বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপনের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বার্ড হিটের তথ্য পর্যালোচনা করে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করার নির্দেশনা দেন তিনি। নিরাপদ উড্ডয়ন এলাকা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উড়োজাহাজের উড্ডয়ন, আকাশে ওঠার প্রাথমিক পর্যায় এবং অবতরণের সময় পাখির আঘাতের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এসব মুহূর্তে উড়োজাহাজ তুলনামূলক কম উচ্চতায় চলাচল করায় পাখির সঙ্গে সংঘর্ষের আশঙ্কা বেড়ে যায়। অনেক সময় এ ধরনের ঘটনায় উড্ডয়ন বাতিল, বিমানবন্দরে ফিরে আসা কিংবা জরুরি অবতরণের মতো পরিস্থিতি তৈরি হয়।
সভায় বন্যপ্রাণীজনিত ঝুঁকি ব্যবস্থাপনার অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে জাতীয় কমিটিকে প্রতি তিন মাস পরপর সভা করার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন নাহার চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ জাতীয় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন