১১:৩৪ এম
পদ্মা সেতু পাড়ি দেয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো পদ্মা সেতু অতিক্রম করেন। বরিশাল সফরের জন্য প্রধানমন্ত্রীকে একনজর দেখতে মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। টোলপ্লাজা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও সংযোগ সড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মাওয়া প্রান্তে অবস্থান নিতে শুরু করেন। এর ফলে পুরো এলাকায় উৎসবমুখর আবহ সৃষ্টি হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এরদোয়ান
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা সেতু হয়ে বরিশালে পৌঁছবেন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কর্মসূচি শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। সভায় উন্নয়ন কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ এবং সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়ার জন্য আলোচনা হবে।
জানা গেছে, প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার বরিশালের প্রথম সফর। সফর শেষে তিনি সড়কপথেই ঢাকায় ফিরে যাবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এ সফরের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্কে এরদোয়ানের সঙ্গে বৈঠক শুরু
প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন