০৭:০৭ পি.এম
চলতি বিশ্বকাপে অংশ নিয়ে লিওনেল মেসি সবচেয়ে বেশি বিশ্বকাপ আসরে খেলার রেকর্ড গড়েছেন। এ রেকর্ডটি পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন তিনি। তবে এই আসর শেষে আর কোনো বিশ্বকাপে খেলার ইচ্ছা নেই বলে জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
কাতারে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপ চলাকালে মেসি বিশ্বকাপে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ফর্ম এবং দলের চাহিদার কারণে ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার আবারও বিশ্বমঞ্চে খেলছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাট্ট্রিক করে তিনি জানান দেন, এখনও তিনি ফুরিয়ে যাননি।
আসন্ন ২০৩০ বিশ্বকাপ হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী আসর। ১০০ বছর পূর্তি উপলক্ষে এই টুর্নামেন্টটি তিনটি মহাদেশের ছয়টি দেশ যৌথভাবে আয়োজন করবে। প্রধান আয়োজক হিসেবে থাকবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। শতবর্ষের বিশেষ উদযাপনের অংশ হিসেবে উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।
আরও পড়ুন: বায়ুদূষণের কারণে পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্টের ভেন্যু পরিবর্তন, নতুন স্থান রাওয়ালপিন্ডি
নিজি দেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে রোনালদো খেলতে পারেন বলে গুঞ্জন উঠেছে। যদিও সেসময় তার বয়স হবে ৪৫ বছর। বিশ্লেষকরা বলছেন, এমনটা না হওয়ারই সম্ভাবনা বেশি। তবে কোচ রবার্তো মার্টিনেজ বলছেন, ফিট থাকলে রোনালদোকে দলে নিতে কোনো আপত্তি নেই।
চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর পরবর্তী বিশ্বকাপে খেলার গুঞ্জন উঠার কারণে মেসিকে নিয়েও সমর্থকদের কৌতূহল বৃদ্ধি পেয়েছে। কিন্তু মেসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ততদিন পর্যন্ত তার খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে নেই।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'ওলে'-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরবর্তী বিশ্বকাপে খেলবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'না (খেলব না), এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি।'
মেসি আরও বলেন, 'আমি সবসময় ফুটবলের মধ্যেই বেঁচে থেকেছি। নিজের সেরাটা দেওয়ার জন্য শারীরিকভাবে নিজেকে প্রস্তুত রেখেছি, যাতে বিশ্বকাপে দলকে সর্বোচ্চ সাহায্য করতে পারি। আমাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় আছে। এখানে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা সহজে ছেড়ে দেয় না। টিকে থাকতে হলে নিজের সেরা ফর্মে থাকতে হয়। এটাই আমাদের শক্তি এবং সাফল্যের মূল কারণ।'
আরও পড়ুন: উত্তরা ব্যাংকের ৬২ কোটি টাকার ক্ষতি, চেয়ারম্যান-এমডির গ্রুপের জন্য কমেছে ফ্লোর ভাড়া
ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবছেন না মেসি। ক্লাব, জাতীয় দল এবং ব্যক্তিগত পর্যায়ে প্রায় সব বড় অর্জনই তার ঝুলিতে। তাই এখন তিনি যা পাচ্ছেন, সবকিছুকেই বাড়তি প্রাপ্তি হিসেবে দেখছেন।
মেসির কথায়, 'ঈশ্বরকে ধন্যবাদ, ক্লাব, জাতীয় দল ও ব্যক্তিগত পর্যায়ে সব গুরুত্বপূর্ণ অর্জন করার সৌভাগ্য আমার হয়েছে। তাই এখন থেকে যা কিছু আসবে, সবই আমার কাছে বোনাস।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন