০৭:৩৫ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকালে দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রাম থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল সোয়া ৯টার দিকে রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্তের প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাকসাপাড়া গ্রামের মো. মনিরুলের ছেলে মো. কালামের (৩০) বাড়ির সামনে যায়। সেখানে একটি খড়ের গাদার নিচে কালো বালতির ভেতর ককটেলগুলো দেখতে পায় তারা।
পরে বিজিবি সদস্যরা স্থানটি ঘিরে রেখে শিবগঞ্জ থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশ যৌথভাবে ককটেলগুলো উদ্ধার করে। দুপুর আড়াইটার দিকে সেগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়।
আরও পড়ুন: মালয়েশিয়ায় পাচারকালে লাবণী পয়েন্টে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সম্প্রতি একাধিকবার ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনা বিজিবির নজরে রয়েছে। এসব প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, রঘুনাথপুর বিওপির অদূরে মনিরুলের বাড়ির পাশ থেকে ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে সেগুলো সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: সুনামগঞ্জের সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন