প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : সম্প্রতি টানা বৃষ্টির ফলে বরেন্দ্র অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে কৃষকদের পাকা ও কেটে রাখা আমন ধান, সরিষা এবং শীতকালীন সবজির ক্ষতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে গ্রিন কোয়ালিশন রাজশাহী। সংগঠনটি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ন্যায্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানায়।
আজ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও গ্রিন কোয়ালিশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত গ্রিন কোয়ালিশনের ত্রৈমাসিক সমন্বয় সভায় এই দাবি উত্থাপিত হয়।
গ্রিন কোয়ালিশনের পক্ষ থেকে বলা হয়েছে, কৃষকের ফসলহানি কেবল ব্যক্তিগত অর্থনৈতিক ক্ষতি নয়, বরং এটি দেশের খাদ্যনিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতির জন্যও উদ্বেগের বিষয়। তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে স্বচ্ছতা, প্রকৃত উৎপাদকের ক্ষতির হিসাব, বর্গাচাষি ও নারী কৃষকের অন্তর্ভুক্তি এবং দ্রুত আর্থিক সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি, জাতীয় অভিযোজন পরিকল্পনা, জাতীয় কৃষিনীতি ও দুর্যোগ ব্যবস্থাপনা আইনের আলোকে কৃষকের সুরক্ষা এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের আওতায় ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সভায় রাজশাহীর তানোর, পবা এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষক, গ্রিন কোয়ালিশনের সভাপতি, সদস্যসচিব, কমিটির সদস্য এবং স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি ও গ্রিন কোয়ালিশনের নির্বাহী সদস্য মো. আতিকুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নদী ও পরিবেশ গবেষক এবং গ্রিন কোয়ালিশন বরেন্দ্র অঞ্চলের সভাপতি মাহবুব সিদ্দিকী। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাতে কৃষকের ক্ষতি বাড়ছে; অথচ কৃষক এই সংকটের জন্য দায়ী নন। তাদের ক্ষতির দায় রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ন্যায্যতার ভিত্তিতে বিবেচনা করতে হবে।’
আতিকুর রহমান বলেন, ‘কৃষকের অধিকার এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। নিরাপদ খাদ্য উৎপাদন ও নিশ্চিত করার জন্য অবিলম্বে জাতীয়ভাবে এগ্রোইকোলজি নীতি প্রণয়ন এবং অঞ্চলভিত্তিক এগ্রোইকোলজি রূপান্তর কর্মসূচী গ্রহণ করতে হবে।’
গ্রিন কোয়ালিশনের সদস্যসচিব মো. শহিদুল ইসলাম বলেন, ‘প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি, দ্রুত ক্ষতিপূরণ, বিনা মূল্যে বীজ ও কৃষি উপকরণ এবং সহজ শর্তে কৃষিঋণ নিশ্চিত করা প্রয়োজন।’
গ্রিন কোয়ালিশন রাজশাহী মহানগরের সহ সভাপতি মো. সেকেন্দার আলী বলেন, ‘কৃষকের অধিকার কেউ আদায় করে দেবে না, এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পরিবেশবান্ধব কৃষিচর্চা বাড়াতে প্রথমত মাটির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য গ্রিন কোয়ালিশনের মাধ্যমে রাজশাহীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সাথে সমন্বয় করে কর্মসূচী বাস্তবায়ন করা যেতে পারে।’
কর্মসূচিতে অংশ নেওয়া তানোর, পবা ও নাচোলের কৃষকেরা তাদের ক্ষয়ক্ষতির অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা জানান, ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে টানা বৃষ্টির কারণে পাকা ও কেটে রাখা ধান পানিতে ডুবে গেছে।
অনেকের সবজি ও অন্যান্য ফসলও নষ্ট হয়েছে। এতে উৎপাদন খরচ, ঋণ পরিশোধ এবং পরবর্তী মৌসুমে চাষাবাদ নিয়ে তাঁরা অনিশ্চয়তায় পড়েছেন।
কৃষক প্রতিনিধিদের মধ্যে তানোর উপজেলার স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী ও গ্রিন কোয়ালিশন তানোর উপজেলার সভাপতি নুর মোহাম্মদ, সহ সভাপতি চিচিলিয়া হেমব্রম, মো. জাইদুর রহমান, সহ সম্পাদক মো. আলমাস আলী, নাচোল উপজেলার গ্রিন কোয়ালিশনের সম্পাদক রায়হান কবীর রঞ্জু, পবা উপজেলার গ্রিন কোয়ালিশনের সহ সম্পাদক মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক রায়হান আলী জুয়েল, এগ্রোইকোলজি চর্চাকারী তরুণ কৃষক রিদয় আলী, রুবেল হোসেন মিন্টুসহ অন্যান্যরা তাঁদের অভিজ্ঞতা ও দাবি তুলে ধরেন।
অংশগ্রহণকারীরা আরও বলেন, জলবায়ু সংকটের অভিঘাতের মূল্য বারবার কৃষককে একা বহন করতে দেওয়া যায় না। যাঁরা দেশের মানুষের খাদ্য উৎপাদন করেন, দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব।
কৃষকের ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করাই জলবায়ু ন্যায্যতার দাবি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন