০৯:৩৯ পি.এম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেনকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ শোকজ নোটিশ জারি করেছে।
শুক্রবার (৭ আগস্ট) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ফয়সাল হোসেনের বিরুদ্ধে জাবি শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আছে। এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কারণে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে নোটিশে বলা হয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদককে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
আরও পড়ুন: হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু
দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে এগোনোর সময় ফয়সাল হোসেনের সঙ্গে শাখা ছাত্রদলের কয়েকজন নেতার মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এছাড়া, একই দিনের পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সহ-সভাপতি ও বিএনপি নেতা আব্দুর রশিদ জিতুকে সঙ্গে নিয়ে ফয়সাল হোসেন ক্যাম্পাসে শোডাউন দেন। দলীয় নেতারা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ে আগে থেকে বিএনপি’র কোনো রাজনৈতিক কর্মসূচি নির্ধারিত না থাকলেও এ ধরনের কর্মকাণ্ড সাধারণ ছাত্রনেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
দলীয় সূত্রের ভাষ্য, এই ধরনের ঘটনার কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ও সাংগঠনিক শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এসব অভিযোগের প্রেক্ষিতে ফয়সাল হোসেনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনের শীর্ষ পদ ছাড়ছেন একের পর এক নারী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন