প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোলা (উপকূলীয় অফিস), ২৬ নভেম্বর, ২০২৬ : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ভোলায় তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বৈচিত্র্যময় প্রাণিসম্পদ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আধুনিক খামার ব্যবস্থাপনার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে এই মেলা।
মেলায় অংশগ্রহণকারী জেলার ২১টি স্টলে গবাদিপশু, হাঁস-মুরগি, পরিবেশবান্ধব খামার প্রযুক্তি এবং প্রাণিসম্পদজাত পণ্যের সমাহার প্রদর্শিত হচ্ছে।
জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিরা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
মেলায় বিভিন্ন জাতের গরু, মহিষসহ নানা ধরনের প্রাণি প্রদর্শিত হচ্ছে, পাশাপাশি প্রাণিসম্পদ খাতে উৎপাদিত পণ্য, আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার তুলে ধরছেন অংশগ্রহণকারীরা।
মেলায় দর্শনার্থীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার এগ্রো মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিটের স্টলটি। এখানে মাশরুম ও মাশরুমজাত বিভিন্ন পণ্যের পাশাপাশি প্রদর্শন করা হচ্ছে দুই স্তরবিশিষ্ট দেশি মুরগির খাঁচা, মাচা পদ্ধতিতে হাঁস পালন, ভার্মি কম্পোস্ট এবং অ্যান্টিবায়োটিকমুক্ত নিরাপদ ডিম উৎপাদনের উদ্যোগ। এছাড়া মাশরুম দিয়ে তৈরি রেডি-টু-ইট খাবারও স্থান পেয়েছে স্টলটিতে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর এবং পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. নুরুন্নবী, জেলা খামারি এসোসিয়েশন সাধারণ সম্পাদক ইমরুজ আলম টিমন, খামারি বিপ্লব তালুকদার সহ বিভিন্ন খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন