০৮:০৫ পি.এম
কুমিল্লার মনোহরগঞ্জে ধানক্ষেতে স্থাপন করা বৈদ্যুতিক ফাঁদে মৃত্যু ঘটেছে ৯ বছর বয়সী রবিউল ইসলাম আহাদের। রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টার সময় উপজেলার বেতিয়াপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আহাদ ছিল সুমন মিয়ার একমাত্র সন্তান।
নিহতের বাবা সুমন মিয়া জানিয়েছেন, তিনি তার ছেলেকে বিভিন্ন স্থানে খোঁজার পরেও না পেয়ে বাড়ির আশপাশে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তিনি বাড়ির পাশে একটি ধানক্ষেতে ছেলেকে পড়ে থাকতে দেখতে পান।
আরও পড়ুন: দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া
তিনি অভিযোগ করেন যে, ওই জমিতে বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করা হয়েছিল, যা সম্পর্কে কেউ জানানো হয়নি। তার দাবি, সেখানে আর্থিংয়ের তারও দেওয়া ছিল। এ ঘটনায় জমির মালিকপক্ষের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন।
সুমন মিয়া বলেন, ‘তারা আমাদের জমির ওপর দিয়ে চলাচল করতে দেন না। জমির ওপর বেড়া দিয়ে রেখেছেন, যেন আমরা চলাচল করতে না পারি। এ জন্যই তারা এমন কাজ করেছেন বলে আমাদের সন্দেহ। জমিতে কীসের বৈদ্যুতিক সংযোগ দিয়েছেন, তা কাউকে জানাননি।’
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মৃত্যু ঘটেছে ধানক্ষেতে স্থাপন করা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে। তবে কীভাবে এবং কেন সেখানে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শফিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: বরিশালে যুবদলের তিন ইউনিটের নতুন আংশিক কমিটি গঠন
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মদ এ বিষয়ে বলেন, ‘আমরা মরদেহ থানায় এনে সুরতহাল প্রতিবেদন তৈরি করছি। এরপর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’
নিহতের বাবার অভিযোগের বিষয়ে তিনি জানান, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন