প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বজুড়ে স্বাস্থ্য সচেতনতা এবং মানসিক প্রশান্তির প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাওয়ার ফলে ভারতের প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা জনপ্রিয়তা অর্জন করছে। বিশেষ করে কেরালা রাজ্যের বিভিন্ন ওয়েলনেস রিট্রিটে বিদেশি পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এসব কেন্দ্রে মূলত ভেষজ ওষুধ, তেল মালিশ, বিশেষ খাদ্যাভ্যাস, যোগব্যায়াম এবং ধ্যানের সমন্বয়ে শরীর ও মনের সামগ্রিক সুস্থতার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তবে এই চিকিৎসার কার্যকারিতা সম্পর্কে বৈজ্ঞানিক প্রমাণ এখনও যথেষ্ট নয়।
‘আয়ুর্বেদ’ শব্দটি জীবনের বিজ্ঞান বোঝায়। এই চিকিৎসা পদ্ধতি শরীরের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনতে ভেষজ চিকিৎসা, প্রলেপ, মালিশ ও যোগব্যায়াম ব্যবহার করে। আয়ুর্বেদ চিকিৎসক দীপা পদিঞ্জাপ্পুরাথ মন্তব্য করেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসা নেওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধে আগাম স্বাস্থ্য সচেতন হওয়ার গুরুত্বও মানুষ উপলব্ধি করছে।
খালিজ টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দীপা রাজাহ আয়ুর্বেদ নামের একটি ওয়েলনেস প্রতিষ্ঠানে কর্মরত। প্রায় ৩০ বছর আগে প্রতিষ্ঠানটি প্রথম সমন্বিত চিকিৎসাকেন্দ্র চালু করে। বর্তমানে তাদের চারটি রিট্রিট রয়েছে। দীপা জানান, তারা আধুনিক রোগনির্ণয় পদ্ধতির সঙ্গে আয়ুর্বেদের সমন্বয় করেন। রোগীর শারীরিক অবস্থার পাশাপাশি মানসিক অবস্থা ও জীবনযাপনও বিবেচনায় নেওয়া হয়।
কেরালা রাজ্য এখন সুস্থতা পর্যটনের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। এ খাত থেকে রাজ্যের আয় বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরার একটি মাধ্যম হিসেবেও কাজ করছে আয়ুর্বেদ।
ব্রিটেনে বসবাসকারী ভারতীয় নারী প্রীতি পারেখ কেরালার নাত্তিকা বিচ রিসোর্টে ১০ দিনের চিকিৎসা শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তার চিকিৎসার অংশ ছিল কপালে উষ্ণ তেল ঢালার বিশেষ পদ্ধতি। তিনি জানান, রিট্রিটে যাওয়ার আগে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন।
সুইজারল্যান্ডের সিলভানা ইনভারনিজ্জি একই রিসোর্টে অষ্টমবারের মতো দুই সপ্তাহের চিকিৎসা নিচ্ছেন। তিনি বিশ্বাস করেন, নিয়মিত মালিশ এবং বিশেষ খাদ্যাভ্যাস তাকে গুরুতর স্বাস্থ্য সমস্যা এড়িয়ে চলতে সহায়তা করেছে।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টারের গবেষণাপ্রধান গীতা কৃষ্ণন বলেন, আয়ুর্বেদ একটি ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থা। এতে রোগীর পাশাপাশি পরিবেশ, ঋতু, দিনের সময় এবং খাদ্যাভ্যাস বিবেচনা করা হয়।
আয়ুর্বেদে সাধারণত ৮০০ থেকে ৯০০ ধরনের ভেষজ ও উদ্ভিদ ব্যবহার করা হয়। তবে নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে এসব উদ্ভিদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। কেরালার বৈদ্যরত্নম আয়ুর্বেদ কলেজের অধ্যাপক শ্রীলক্ষ্মী জানান, কিছু উদ্ভিদ ইতিমধ্যে হারিয়ে গেছে, অন্যগুলো বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
চিকিৎসক দীপা বলেন, ভারতে এবং বিদেশে আয়ুর্বেদ আগের যেকোনো সময়ের চেয়ে জনপ্রিয় হলেও এ চিকিৎসা পদ্ধতির ওপর নির্ভরশীল কিছু উদ্ভিদ এখন বন্য পরিবেশে আর পাওয়া যাচ্ছে না। ফলে জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়ুর্বেদের প্রাকৃতিক উপাদান সংরক্ষণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন