ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৯০ জন কোর ট্রেইনারের অ্যাপ্লায়েড আইসিটি প্রশিক্ষণের সমাপনী


জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৯০ জন কোর ট্রেইনারের অ্যাপ্লায়েড আইসিটি প্রশিক্ষণের সমাপনী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অ্যাপ্লায়েড আইসিটি বিষয়ে পাঠদানকে আরও কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে ৯০ জন কোর ট্রেইনারের পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শনিবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

‘কোর ট্রেইনার ট্রেনিং অন অ্যাপ্লায়েড আইসিটি’ শীর্ষক এই প্রশিক্ষণ ১০ নভেম্বর শুরু হয়। এর আগে সাত দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সনদের ভিত্তিতে ৯০ জন শিক্ষককে আবাসিক প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়।

পাঁচ দিনের প্রশিক্ষণে অ্যাপ্লায়েড আইসিটির রিসোর্স বুক ও কোর্স আউটলাইনের আলোকে প্রতিদিন চারটি করে সেশনে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীদের শেখার অগ্রগতি যাচাই করার জন্য প্রি-টেস্ট, পোস্ট-টেস্ট, সিমুলেশন ও মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়। কারিকুলাম উন্নয়নের সঙ্গে যুক্ত ডোমেইন ও পেডাগজি বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: তিন মাসেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবাসিক সিট বরাদ্দ হয়নি, শিক্ষার্থীদের ক্ষোভ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “পাঁচ দিনব্যাপী স্বল্প সময়ের প্রশিক্ষণ শেষে আপনাদের মূল যাত্রা শুরু হলো। প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর দক্ষতা উন্নয়নের দায়িত্ব আপনাদের কাঁধে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারলেই আমাদের উদ্দেশ্য সফল হবে।”

উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও সিলেবাস আধুনিকায়ন করা হচ্ছে। অনার্স প্রথম বর্ষে আইসিটি-১ কোর্স চালু করা হয়েছে, যেখানে প্রায় চার লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। এ ছাড়া এনএসডিএ, এটুআই ও ইউনিসেফের সহযোগিতায় অ্যাপ্লায়েড আইসিটির সিলেবাস প্রণয়ন করা হয়েছে। শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে এ সিলেবাস তৈরি করা হয়েছে। এতে আইসিটি মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের বিশেষজ্ঞরা যুক্ত ছিলেন।

নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক আমানুল্লাহ বলেন, প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নির্বাচিত ৯০ জন কোর ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মাধ্যমে গড়ে ওঠা ৯০০ জন মাস্টার ট্রেইনার দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে অধিভুক্ত কলেজের প্রায় ১২ হাজার শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেবেন। এই উদ্যোগ বিজ্ঞান ও আইসিটি বিষয়ে দক্ষ শিক্ষকের ঘাটতি পূরণেও ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে বড় ধরনের সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৯২ সালে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়কে সেই লক্ষ্যের দিকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দক্ষতাভিত্তিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই এ সংস্কারের অন্যতম উদ্দেশ্য। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য ইউনিসেফ, এনএসডিএ, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আরও পড়ুন: ঢাবি ও বেইজিং নরমাল ইউনিভার্সিটির মধ্যে যৌথ পিএইচডি প্রোগ্রামের জন্য সমঝোতা স্বাক্ষর

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. সরদার মো. কেরামত আলী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক ড. সাদিয়া শারমিন। স্বাগত বক্তব্য দেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আশেক কবির চৌধুরী এবং ইউনিসেফ বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট ফাহমিদা শবনম।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক মো. খালিদ হাসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন কলেজের কোর ট্রেইনার এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাবির সঙ্গে একাডেমিক অংশীদারিত্ব গড়তে এডিবির শিগগিরই সমঝোতা স্মারক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক ছাত্রদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা এক ব্যবসায়ীকে আটক করে তিন লাখ টাকা চাঁদা আদায় করেছে। গতকাল শুক্রবার, উপজেলার তেবাড়িয়া এলাকার ব্যবসায়ী আব্দুল কাদের এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার দুপুরে জোনাইলের চামটা বিলে আব্দুল কাদেরকে আটকে রেখে তিন লাখ টাকা আদায় করা হয়। আজ শনিবার, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য প্রকাশ করেন।

অভিযোগে নাম উল্লেখ করা হয়েছে জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন (৩০), সদস্যসচিব সাব্বির হোসেন (৩২), কর্মী জাহিদুল ইসলাম (৩০), সুজন মিয়া (২৮), বিএনপি নেতা আফসার আলী (৫৫), রফিক সরকার (৪৫), আস্তল আলী (৩০), রুবেল হোসেন (৩০) এবং জোবায়ের হোসেন (৩৫)। এছাড়া অজ্ঞাত সাত-আটজনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বাবুল হোসেন জোনাইলের চামটা বিলে একটি সেতুর মুখে সোঁতিজাল বসিয়ে মাছ ধরছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে সোঁতিজাল উচ্ছেদ করে। একই সঙ্গে প্রায় তিন লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। সেতুর পাশে সোঁতিজাল বসানো জমিটি আব্দুল কাদেরের।

অভিযোগে উল্লেখ করা হয়, সোঁতিজাল উচ্ছেদের ঘটনায় বাবুল হোসেন সন্দেহ করেন যে, আব্দুল কাদের উপজেলা প্রশাসনকে খবর দিয়ে এই অভিযান পরিচালনায় সহায়তা করেছেন।

আব্দুল কাদের সাংবাদিকদের জানান, জোনাইল পাগলা বাজার ও চামটা বিলে তার জায়গা-জমি রয়েছে। ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস সোঁতিজাল উচ্ছেদ ও চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করেন। ওই দিন দুপুরে বিল থেকে বাড়ি ফেরার পথে আফসার আলীর বাড়ির পাশের আমবাগান থেকে বাবুল হোসেন ও তার লোকজন তাকে তুলে চামটা বিলে নিয়ে যান। একপর্যায়ে তারা তার কাছে ১২ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা মোবাইল কেড়ে নিয়ে তাকে মারধর করেন। পরে লোক মারফত বাড়ি থেকে তিন লাখ টাকা এনে তাদের দেওয়া হয়। এছাড়া আরো এক লাখ টাকা দেওয়ার জন্যও তার কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়।

আব্দুল কাদের আরও বলেন, আফসার আলী তার কাছ থেকে টাকা নিয়েছেন। এ বিষয়ে মুখ খুললে কিংবা থানায় অভিযোগ করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।

এদিকে, বিএনপি নেতা আফসার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

ছাত্রদল নেতা বাবুল হোসেন জানান, প্রশাসনকে খবর দেওয়ার বিষয়ে আব্দুল কাদেরকে সন্দেহ করা হয়েছিল। তবে তিনি জড়িত না থাকায় আত্মীয়-স্বজন এসে তাকে নিয়ে গেছেন। মারধর বা কোনো টাকা-পয়সা লেনদেনের অভিযোগ সঠিক নয়।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ঘটনাটি বিব্রতকর। এ ব্যাপারে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনাটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে, আসলে সেখানে কী ঘটেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেসুস দে মিগেলের মৃত্যুতে গোলকিপার ওনোকে ১২ ম্যাচ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


হেসুস দে মিগেলের মৃত্যুতে গোলকিপার ওনোকে ১২ ম্যাচ নিষিদ্ধ

স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে সংঘর্ষের ফলে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল প্রাণ হারিয়েছেন। তার মৃত্যুর পর এফসি আন্দোরার গোলকিপার হেসুস ওনোকে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। এটি ফেডারেশনের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হিসেবে গণ্য হয়। একই সঙ্গে, ঘটনাটি নিয়ে স্পেনে পুলিশ তদন্তও শুরু করেছে বিচারিক তত্ত্বাবধানে।

দুর্ঘটনাটি ঘটেছিল ২ নভেম্বর, যখন আন্দোরা ও টেনেরিফের মধ্যে খেলা চলছিল। বল ক্লিয়ার করতে গিয়ে গোলপোস্ট ছেড়ে সামনে এগিয়ে আসেন ওনো। এই সময় তার সঙ্গে সংঘর্ষ ঘটে দে মিগেলের। ম্যাচে গিনির এই গোলকিপারকে লাল কার্ড দেখানো হয়। গুরুতর আহত অবস্থায় দে মিগেলকে হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়। পরদিন, ৩০ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড মারা যান।

ফেডারেশনের শৃঙ্খলা কমিটি জানায়, রেফারির প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে, ওনো প্রতিপক্ষের বুকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে লাথি মারেন। শৃঙ্খলাবিধির ১০২ অনুচ্ছেদ অনুযায়ী, গুরুতর আঘাতের কারণ হওয়া সহিংস আচরণের দায়ে তাকে সর্বোচ্চ ১২ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি, বিধি অনুযায়ী জরিমানাও করা হয়েছে।

ঘটনার পর ওনো মন্তব্য করেন, এটি তার জীবনের সবচেয়ে কঠিন সময়। দে মিগেলের মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান। আন্দোরার কোচ কার্লেস মানসো জানিয়েছেন, ওনোকে মাঠে ফেরার সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আকস্মিক সফরে পিটার ডি হাস, এলএনজি চুক্তি নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


ঢাকায় আকস্মিক সফরে পিটার ডি হাস, এলএনজি চুক্তি নিয়ে আলোচনা

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাসের ঢাকা সফর নতুন আলোচনা সৃষ্টি করেছে। বাংলাদেশে দীর্ঘমেয়াদি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের বড় চুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ এবং তাঁর বর্তমান প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থ, সবকিছু মিলিয়ে সফরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, অ্যাকসিলারেট এনার্জির বাংলাদেশে চলমান ও ভবিষ্যৎ ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে তাঁর সফরের সম্পর্ক থাকতে পারে। তবে সফরের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকায় এসে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন পিটার হাস। আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত তাঁর বাংলাদেশে অবস্থানের কথা রয়েছে। সফরটি আকস্মিক হওয়ায় কূটনৈতিক ও ব্যবসায়িক মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের জ্বালানি খাতে তাঁর বর্তমান প্রতিষ্ঠানের বড় বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির বিষয়টি সামনে আসছে।

বাংলাদেশে প্রায় তিন বছর মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হাস ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসর নেন। পরে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির বাংলাদেশপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কৌশলগত উপদেষ্টা হিসেবেও কাজ করছেন। ফলে সাবেক এই কূটনীতিকের ঢাকা সফরকে নিছক ব্যক্তিগত সফর হিসেবে দেখার সুযোগ কতটা, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বাংলাদেশের জ্বালানি খাতে অ্যাকসিলারেট এনার্জির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটি দেশে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। এর মধ্যে একটি তাদের নিজস্ব মালিকানাধীন এবং অন্যটি সামিট গ্রুপের কাছ থেকে ভাড়া নেওয়া। পাশাপাশি ২০২৬ সাল থেকে প্রতিষ্ঠানটির কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি কেনার চুক্তি রয়েছে বাংলাদেশের।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের জ্বালানি আমদানি বাড়ানোর সিদ্ধান্ত এই চুক্তিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। চুক্তি অনুযায়ী, ১৫ বছরে ধাপে ধাপে প্রায় এক লাখ কোটি টাকার এলএনজি বাংলাদেশে সরবরাহ করবে অ্যাকসিলারেট এনার্জি। প্রতিষ্ঠানটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ২০৪০ সাল পর্যন্ত বছরে প্রায় ৮৫ লাখ থেকে ১০ লাখ টন এলএনজি সরবরাহের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২০২৭ সালে ২৮টি কার্গো এবং ২০২৮ থেকে ২০৪০ সাল পর্যন্ত প্রতিবছর ১৬টি করে কার্গো আসার কথা। এ সরবরাহের গড় বার্ষিক ব্যয় প্রায় ৬০০ মিলিয়ন ডলার হতে পারে।

দীর্ঘমেয়াদি চুক্তির বাইরেও স্পট মার্কেট থেকে এলএনজি সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে প্রায় ৬৩৭ মিলিয়ন ডলার মূল্যের ১৬টি কার্গো সরবরাহের তথ্য পাওয়া গেছে। ভবিষ্যতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আরও বিপুল পরিমাণ এলএনজি সরবরাহের সুযোগও রয়েছে।

এ অবস্থায় পিটার হাসের কৌশলগত ভূমিকা ও তাঁর প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্প্রসারণের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। সমালোচকদের আশঙ্কা, সাবেক রাষ্ট্রদূত হিসেবে অর্জিত কূটনৈতিক যোগাযোগ ও অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির ব্যবসায়িক স্বার্থে কাজে লাগতে পারে। যদিও এ ধরনের কোনো অনিয়ম বা স্বার্থের সংঘাতের প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, রাষ্ট্রদূত থাকাকালে বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে সরব ছিলেন পিটার হাস। তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁর বিভিন্ন কর্মকা-কে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ হিসেবে দেখেছিল। অন্যদিকে বিএনপি ও জামায়াতসহ তখনকার বিরোধী দলগুলোর কাছে তিনি ছিলেন তুলনামূলক গ্রহণযোগ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ বুকে ব্যথা নিয়ে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


হঠাৎ বুকে ব্যথা নিয়ে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন, কারণ তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম সম্পন্ন করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী হাসপাতালের ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে হঠাৎ হৃদ্‌যন্ত্রে সমস্যা নিয়ে কন্টিনেন্টাল হাসপাতালে গেলে ডাক্তাররা তাকে এনজিওগ্রামসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পরশু থেকে তিনি অফিস করবেন।

হাসপাতালটির চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা ভালো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%