০৪:০১ পি.এম
চট্টগ্রামের ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নাজিরহাট পৌরসভার নৈশপ্রহরী মো. নুরুল আলম বাচা।
তার এই মানবিক ও সৎ উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জানা গেছে, বুধবার (১০ জুন) রাত প্রায় ১২টার দিকে দায়িত্ব পালনকালে নাজিরহাট বাজারের উত্তর পাশে গরুহাটা সোসাইটির মাঠসংলগ্ন সড়কে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান নুরুল আলম। ব্যাগটি খুলে তিনি বিপুল পরিমাণ টাকা দেখতে পান। এরপর তিনি টাকাগুলো নিরাপদে নাজিরহাট পৌরসভা কার্যালয়ের একটি কক্ষে সংরক্ষণ করেন এবং প্রকৃত মালিকের খোঁজ শুরু করেন।
আরও পড়ুন: শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা
খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, টাকার মালিক নাজিরহাট বাজারের এম আর জুয়েলার্সের স্বত্বাধিকারী ব্যবসায়ী দুর্লভ ধর। এরপর পৌরসভার কর্মচারী মো. ওমর ফারুক এবং স্থানীয় ব্যবসায়ী মীর মামুন, জিকু, নির্জন, রিপন ও রাজেশের উপস্থিতিতে বুধবার মধ্যরাতে টাকাগুলো মালিকের কাছে হস্তান্তর করা হয়।
নুরুল আলম বাচা বলেন, আমি বুঝতে পেরেছিলাম কেউ হয়তো গুরুত্বপূর্ণ অর্থ হারিয়েছেন। তাই প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা করি। পরে মালিকের সন্ধান পেয়ে সবার উপস্থিতিতে তার হাতে টাকাগুলো তুলে দিই।
টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন ব্যবসায়ী দুর্লভ ধর। তিনি বলেন, বর্তমান সময়ে এমন সৎ মানুষ খুবই বিরল। এই টাকা আমার গ্রাহকদের আমানত ছিল। টাকা ফেরত না পেলে ব্যবসায়িক ও সামাজিকভাবে বড় ক্ষতির মুখে পড়তে হতো। নুরুল আলমের সততা সত্যিই প্রশংসার দাবি রাখে।
উল্লেখ্য, টাকাগুলো ফেরত দেওয়ার ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নুরুল আলম বাচার সততার ভূয়সী প্রশংসা করেন নেটিজেনরা।
আরও পড়ুন: যানজট নিরসনে কাজ করে যাচ্ছে শাহজাদপুর উপজেলা ও পৌর প্রশাসন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন