১০:১৬ পি.এম
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী কলেজিয়েট স্কুল কেবল রাজশাহী বা বাংলাদেশের নয়, এটি বিশ্বের মধ্যে অন্যতম প্রাচীন একটি প্রতিষ্ঠান। এই স্কুলের প্রাক্তন ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও খেলাধুলায় সর্বোচ্চ স্থান অর্জন করেছে।
তিনি এ প্রতিষ্ঠানকে মায়ের সাথে তুলনা করে বলেন, মায়েদের মতো এ স্কুলই আমাদের পথ দেখিয়ে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। তার পরিবারের ইতিহাস উল্লেখ করে মিজানুর রহমান মিনু বলেন, আমার বাবাও এই স্কুলের ছাত্র ছিলেন এবং বর্তমানে আমার পরিবারের চতুর্থ প্রজন্ম এখানে পড়ছে।
শুক্রবার বিকালে ঢাকার মিরপুরে অবস্থিত পুলিশ কনভেনশন হলে রাজশাহী কলেজিয়েট স্কুলের ‘স্কুল ডে’ ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন।
আরও পড়ুন: ফরিদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬২ বছরের বৃদ্ধ, স্ত্রী বাধা হয়ে দাঁড়ালেন
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও স্কুলের প্রাক্তন ছাত্র ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানিয়েছেন, ২০২৮ সালে রাজশাহী কলেজিয়েট স্কুল ২০০ বছরে পদার্পণ করবে। এটি একটি ঐতিহাসিক মিলনমেলার রূপ নেবে।
তিনি বলেন, ২০০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। ভূমিমন্ত্রী মন্তব্য করেন, অনুষ্ঠানটি আন্তর্জাতিক মানের করতে এবং সারা বিশ্বের কাছে স্কুলের ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, ক্যামব্রিজ, অক্সফোর্ডসহ বিশ্বের নামী শিক্ষা প্রতিষ্ঠান বিপুল উৎসবে নিজেদের দ্বিশতবর্ষ পালন করে, সেভাবেই এই অনুষ্ঠান পালন করা হবে। অত্যন্ত স্বচ্ছতা ও সততার সাথে অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে একটি প্রাথমিক পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। তিনি দলমত নির্বিশেষে স্কুলের প্রতি ভালোবাসা থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী কলেজিয়েট স্কুলের অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশন স্থায়ী কার্যালয়ের জন্য ঢাকাতে জায়গার ব্যবস্থা করে দিবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি সকলকে পরিবারসহ কলেজিয়েট স্কুলের দুইশত বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক, প্রাক্তন ছাত্র এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নোয়াখালীতে মনা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, সৃষ্টি হয় দীর্ঘ যানজট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন