০১:২৯ এম
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দির পালানোর ঘটনায় মোট সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়াদের মধ্যে তিন মেট্রন ও চার মহিলা কারারক্ষী রয়েছেন। দায়িত্বে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্তকৃতরা হলেন, মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা। এছাড়া, নারী কারারক্ষী হিসেবে শায়লা, শারমিন, জেমি ও আসমা বরখাস্ত হয়েছেন।
আরও পড়ুন: রংপুরে ছাত্রদলের শোডাউনে ‘আপা আপা করিস না’ স্লোগান
এই ঘটনার বিষয়টি নিশ্চিত করে সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ জানান, ‘দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে তাদের বরখাস্ত করা হয়েছে।’
কারাগার সূত্রের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। সেই সময় দায়িত্বে থাকা মেট্রনের তদারকির ঘাটতির সুযোগ নিয়ে বন্দি রিম্পা (২১) কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।
পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ছিলেন।
ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগার থেকে পালিয়ে গেছেন।
আরও পড়ুন: সিলেটে পুলিশের গাড়ি আটকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
এআইজি মো. জান্নাতুল ফরহাদ আরও জানান, ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক বন্দিকে দ্রুত গ্রেপ্তারে পুলিশ ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। পাশাপাশি এই ঘটনার পর কীভাবে কঠোর নিরাপত্তার মধ্যেও একজন বন্দি পালাতে সক্ষম হলো, তা খতিয়ে দেখতে তদন্তও চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন