০৩:৪২ পি.এম
শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে ‘ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ’-এর পথসভা অনুষ্ঠিত হয়েছে।
লংমার্চের বহর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছালে সেখানে হাজার হাজার নারী ও পুরুষ বহরটিকে স্বাগত জানান। এই সময় জামায়াতের আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জনতার উদ্দেশে বক্তব্য প্রদান করেন।
তিনি জনতার উচ্ছ্বাসকে সম্মান জানিয়ে ১১ দলের সাত দফা দাবি আদায়ে অনড় ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন: হেফাজতে ইসলাম: আ.লীগের সিদ্ধান্ত ভিকটিমদের আকাঙ্ক্ষা অনুযায়ী হতে হবে
কাশিয়ানীর পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে। খুলনা মহানগরীর বাবরী চত্বর এবং ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরের পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে এই লংমার্চের। এরপর যশোরের মুড়লীর মোড় এবং ঝিনাইদহের বাস টার্মিনালের পথসভায় অংশ নিয়ে সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া লংমার্চ রুটের বিভিন্ন স্থানে আয়োজিত গণজমায়েতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতারা অনানুষ্ঠানিক বক্তব্য দেবেন। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে ১১ দলের স্থানীয় নেতাকর্মীদের দেওয়া অভিবাদন গ্রহণ করবে লংমার্চের বহর।
এর আগে সকাল ১০টায় শরীয়তপুরের নাওডোবায় এক পথসভায় লংমার্চের বহর যোগ দেয়। তারও আগে সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের এই লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
দাবি আদায়ের লক্ষ্যে ১১ দল গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে দ্বিতীয় লংমার্চ পরিচালনা করে।
আরও পড়ুন: দিনাজপুরে নাশকতার অভিযোগে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন