প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের জনপ্রিয় গান ‘মিতওয়া’র কণ্ঠশিল্পী শাফকাত আমানত আলী ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। পাকিস্তানের এই সংগীতশিল্পী দীর্ঘদিন ধরে মাল্টিপল মায়েলোমা নামের বিরল ধরনের রক্তের ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন।
কেমোথেরাপির পাশাপাশি তাকে প্রায় এক বছর বিছানায় কাটাতে হয়েছে। সম্প্রতি তিনি নিজের কঠিন সময় ও চিকিৎসার অভিজ্ঞতা সম্পর্কে প্রকাশ্যে কথা বলেছেন।
গত ১৭ নভেম্বর করাচিতে এক সংবাদ সম্মেলনে আসন্ন কনসার্টের ঘোষণা দেন শাফকাত। তিনি এ সময় নিজের অসুস্থতার বিষয়ে আলোচনা করেন। জানান, তার এই রোগ শুধু তাকে নয়, বরং পরিবার, বন্ধু ও ভক্তদেরও মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। এমনকি শুরুতে কয়েকজন বন্ধুর কাছে অসুস্থতার খবর গোপন রেখেছিলেন তারা।
অসুস্থতার দিনগুলোর স্মৃতি চারণ করতে গিয়ে শাফকাত বলেন, ‘আমার জীবনে একটি কঠিন সময় এসেছিল। বিষয়টি আমাকে, আমার পরিবার, বন্ধু ও ভক্তদের নাড়িয়ে দিয়েছিল। কয়েকজন বন্ধুর কাছ থেকে বিষয়টি আড়াল করে আমরা আমার অসুস্থতার চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলাম। আমার যে সমস্যা হয়েছিল, সেটি ছিল মাল্টিপল মায়েলোমা। পরিস্থিতি খুব খারাপ ছিল। আমি এর সঙ্গে লড়াই করছিলাম।’
শিল্পী জানান, রোগের প্রাথমিক পর্যায়েই লক্ষণ শনাক্ত হওয়ায় দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হয়েছিল। এখন পর্যন্ত তিনি কেমোথেরাপি নিয়েছেন। তবে চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ ধাপ স্টেম সেল থেরাপি এখনো বাকি রয়েছে। আপাতত তাকে প্রতি সপ্তাহে মৃদু মাত্রার কেমোথেরাপি নিতে হচ্ছে।
শাফকাত বলেন, ‘আমি পুরো এক বছর বিছানায় বিশ্রামে ছিলাম। এখনো আমাকে স্টেম সেল থেরাপি নিতে হবে। ওই চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত আমি মেইনটেন্যান্স থেরাপিতে আছি। এটি খুব মৃদু ধরনের কেমোথেরাপি, যা আমাকে এখনো প্রতি সপ্তাহে নিতে হয়। তবে আমি সেরে উঠেছি।’
অসুস্থতার ধকল কাটিয়ে আবারও সংগীতের মঞ্চে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই শিল্পী। আগামী ২৮ নভেম্বর করাচির বিচ লাক্সারি হোটেলে গান পরিবেশন করবেন তিনি। পাশাপাশি ইসলামাবাদ ও লাহোরেও কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে তার।
উল্লেখ্য, শাহরুখ খান ও রানি মুখার্জি অভিনীত ‘কাভি আলবিদা না কেহনা’ সিনেমার জনপ্রিয় গান ‘মিতওয়া’ দিয়ে ভারতীয় উপমহাদেশের শ্রোতাদের কাছে ব্যাপক পরিচিতি পান শাফকাত আমানত আলী।
তার কণ্ঠের আবেগময় পরিবেশনা গানটিকে শ্রোতাদের কাছে বিশেষ জনপ্রিয়তা এনে দেয়। দীর্ঘ অসুস্থতার পর আবারও মঞ্চে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই সংগীতশিল্পী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন