বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:৪৮ পি.এম
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ৪৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনতে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, ‘বিভিন্ন সময়ে সাগরে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হন এসব জেলে। তাদের ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে যোগাযোগ ও প্রচেষ্টা চালানো হয়েছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে বৃহস্পতিবার ৪৩ জনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।’
এই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে বিজিবির এই কর্মকর্তা জানান।
এর আগে গত ১৯ আগস্ট আরাকান আর্মির কাছ থেকে ২৪ জেলেকে ফেরত আনা হয়েছিল। তাদের মধ্যে ১৬ জন বাংলাদেশি নাগরিক এবং আটজন টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা ছিলেন।
বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশি নৌকাসহ ৪৩৪ জন জেলেকে আটক করে আরাকান আর্মি। তাদের মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন রোহিঙ্গা। পরে বিজিবির উদ্যোগে কয়েক দফায় ৩৪৮ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে বাংলাদেশি ১৫৭ জন এবং রোহিঙ্গা ১৯১ জন। বর্তমানে মিয়ানমারের কারাগারে ৭০ জন বাংলাদেশি জেলে বন্দি রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জীববিদ্যার দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছে। বরিশাল বিএম কলেজ কেন্দ্রে একটি ছাত্র পরীক্ষা দিচ্ছে। হঠাৎ পরীক্ষক লক্ষ্য করেন, ছেলেটি মনে মনে কিছু ভাবছে। সন্দেহ হওয়ায়, কাছে গিয়ে দেখলেন, সে পরীক্ষার খাতায় না লিখে পাশের সিটের উপর কবিতা লেখার কাজে ব্যস্ত!
শিক্ষক মুচকি হেসে মন্তব্য করেন, ‘পরীক্ষার খাতায় না লিখে কবিতা লিখছো! এক ঘণ্টা তো শেষ হয়ে গেছে। তুমি তো পরীক্ষা দিতে এসেছো!’
বাকি দুই ঘণ্টায়, ছেলেটি একবারও কারো দিকে না তাকিয়ে মনোযোগ সহকারে লিখতে শুরু করে। মজার বিষয় হলো, সেদিনের কবিতা লেখার সেই ছাত্রটি দ্বিতীয় বিভাগে পাশ করে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছিল। পরবর্তীতে, কবিতার মাধ্যমে তিনি নিঃসঙ্গতাকে শিল্পে রূপান্তরিত করেন।
‘এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া
তোমার ওখানে যাবো, তোমার ভিতরে এক অসম্পূর্ণ যাতনা আছেন,
তিনি যদি আমাকে বলেন, তুই শুদ্ধ হ’ শুদ্ধ হবো
কালিমা রাখবো না!’
আবুল হাসান নিঃসঙ্গতার কবি। তার কবিতা বিচ্ছিন্নতাবোধ, স্পর্শকাতরতার ভাষা ও শ্রুতির কথা বলে। তার ভাষা কথ্য কথার সঙ্গী। বাংলা সাহিত্যে তার আবির্ভাব ষাটের দশকে ঘটে। কবিতার মাধ্যমে তিনি নিঃসঙ্গ মানুষ ও মানুষের অন্তর্গত বেদনা এবং মানুষের সংবেদনশীল সত্তার সঙ্গে একাত্ম হয়েছেন। নিঃসঙ্গতাকে তিনি শিল্পে রূপান্তরিত করেছেন।
কবি পরিচয় দিতে গিয়ে কবিতার মধ্যে আশ্রয় গ্রহণ করেছেন। ‘আবুল হাসান’ কবিতাটি তার ব্যক্তিত্বের একটি প্রতিফলন।
‘আমি বহুদিন একা একা প্রশ্ন করে দেখেছি নিজেকে, যারা খুব হৃদয়ের কাছাকাছি থাকে, যারা এঘরে ওঘরে যায়
সময়ের সাহসী সন্তান যারা সভ্যতার সুন্দর প্রহরী
তারা কেউ কেউ বলেছে আমাকে—
এটা তোর জন্মদাতা জনকের জীবনের রুগ্ণ রূপান্তর,
একটি নামের মধ্যে নিজেরি বিস্তার ধরে রাখা,
তুই যার অনিচ্ছুক দাস!’
১৯৪৭ সালের ৪ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার বর্নি গ্রামের নানার বাড়িতে তার জন্ম হয়। আবুল হাসানের প্রকৃত নাম আবুল হোসেন মিয়া। বাবার চাকরির কারণে ফরিদপুর থেকে ঢাকা চলে আসেন। আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হন। আরমানিটোলা স্কুলে পড়ালেখার সময় থেকেই তিনি নিয়মিত কবিতা লেখা শুরু করেন।
আবুল হাসান ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হলেও, তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার্জন সম্পন্ন করেননি। এক সময় তিনি সাংবাদিকতা শুরু করেন। কাজ করেছেন দৈনিক ইত্তেফাক, গণবাংলা, দৈনিক জনপদ, দৈনিক গণকণ্ঠ-এর মতো প্রতিষ্ঠিত পত্রিকাগুলোতে।
আবুল হাসানের জীবনে ১৯৭০ সাল বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, ‘শিকারী লোকটা’ শিরোনামে একটি কবিতার জন্য এ সময় সমগ্র এশিয়াভিত্তিক এক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশেষ পুরষ্কার লাভ করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উৎপাদনমুখী শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার খাত সংশ্লিষ্টদের কাছ থেকে সমস্যা সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি বেসরকারি খাতের সহযোগিতা চেয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘১০ম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শ্রমিকদের প্রকৃত মজুরি ও কল্যাণের প্রসঙ্গ তুলে ধরে নজরুল ইসলাম খান মন্তব্য করেন, ‘আমরা যে টাকা বেতন পাই, এই টাকা দিয়ে কী কিনতে পারি এবং কোথায় খরচ করি, তার ওপর নির্ভর করে এই টাকার মূল্য কত। শ্রমিকদের যদি চিকিৎসার ব্যবস্থা হয়, তার সন্তানের লেখাপড়ার ব্যবস্থা হয় এবং সে যদি ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পায়, তাহলে তার প্রকৃত মজুরি বাড়ে। এই বিষয়গুলো মাথায় রেখে আগামী দিনের শ্রমিক আন্দোলন কার্যকর হবে।’
দেশের উন্নয়ন ও ষড়যন্ত্রের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশটা আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি। এখানে সব মানুষের কল্যাণ সাধনের দায়িত্ব সরকারের, দেশের উন্নয়নও সরকারের দায়িত্ব। এই কাজগুলো করার ব্যাপারে সহযোগিতা করতে হবে। প্রতিনিয়ত সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র আমরা দেখছি। এমনকি পাশের দেশের একটি রাজ্যের মন্ত্রী বাংলাদেশকে দখলের কথা বলার মতো দুঃসাহস দেখাচ্ছে। কারণ এমন এক শক্তি তাদের হাতিয়ার হিসেবে কাজ করছে, যারা কখনও বাংলাদেশকে ভালোবাসে না। তারা ক্ষমতায় না থাকলেই বাংলাদেশ তাদের দেশ না; বাংলাদেশের যা হোক, তাতে তাদের কিছু আসে যায় না।’
তিনি আরও যোগ করেন, ‘চব্বিশের ছাত্র-শ্রমিক গণ অভ্যুত্থানে তারা পালিয়ে গেছে। তাদের ফিরে আসার পথ নেই। নেই এই কারণে যে তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত ও ধিকৃত। কাজেই তারা এ দেশের মানুষের কল্যাণ চায় না, এ দেশের মানুষও তাদের বিশ্বাস করে না। এ রকম একটি পরিস্থিতিতে আমাদের কাজ করতে হবে দেশ ও দেশের মানুষের কল্যাণ সামনে রেখে।’
নজরুল ইসলাম খান বলেন, ‘আমি বিশ্বাস করি জনগণের নির্বাচিত সরকার এবং এ দেশের শ্রমজীবী মানুষের আস্থার জায়গা জাতীয়তাবাদী শ্রমিক দল মিলে এই কাজটি করতে পারবে। আমি আপনাদের সহযোগিতা চাই, বরাবর আপনারা সহযোগিতা করেছেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে জীবন ও সম্পদের সুরক্ষায় প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সচেতনভাবে দায়িত্ব পালনের তাগিদ দেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
অগ্নিনির্বাপক যন্ত্রপাতি, সিস্টেম ও হালনাগাদ তথ্য নিয়ে আয়োজিত এবারের মেলায় ৩০টি দেশের ১২০টি প্রতিষ্ঠান তাদের অগ্নিনির্বাপক প্রযুক্তি তুলে ধরছে।
এসময় বিকেএমইএর সভাপতি জানান, ফায়ার সেফটি নিশ্চিত না হলে কোনো পোশাক কারখানাকে সংগঠনটির সদস্যপদ দেয়া হয় না। বিকেএমইএর সদস্য হতে অবশ্যই পোশাক কারখানাকে শতভাগ ফায়ার সেফটি নিশ্চিত করতে হবে। তবে সনদ নেয়ার ক্ষেত্রে অযৌক্তিক বিড়ম্বনা দূর করার দাবি জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চ্যাটজিপিটি স্মার্টওয়াচ এবং মুঠোফোনে সঞ্চিত স্বাস্থ্য ও শরীরচর্চার তথ্য বিশ্লেষণ করে ব্যক্তিগত পরামর্শ প্রদান করতে সক্ষম হবে। এই নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ঘুম, হাঁটাচলা, ব্যায়াম এবং দৈনন্দিন শারীরিক কর্মকাণ্ড সম্পর্কে আরও বিস্তারিত ধারণা লাভ করবেন।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকরাডারের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ওপেনএআই নির্মিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা চ্যাটজিপিটির স্বাস্থ্যবিষয়ক সুবিধার পরিধি সম্প্রসারিত হয়েছে। নতুন এই সম্প্রসারণের ফলে অ্যান্ড্রয়েড মুঠোফোন এবং ডেস্কটপ কম্পিউটার থেকেও এই সুবিধা ব্যবহার করা সম্ভব হবে। বিশেষ করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগলের স্বাস্থ্যতথ্য সংযোগব্যবস্থার মাধ্যমে বিভিন্ন শরীরচর্চার অ্যাপ এবং স্মার্টঘড়ির তথ্য চ্যাটজিপিটির সঙ্গে সংযুক্ত করতে পারবেন।
সাধারণত স্মার্টঘড়ি এবং শরীরচর্চার বিভিন্ন যন্ত্র ব্যবহারকারীর হাঁটার পদক্ষেপ, ঘুমের সময়, ব্যায়াম এবং অন্যান্য শারীরিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করে। কিন্তু এসব তথ্যের অর্থ বোঝা কিংবা সেগুলোকে কাজে লাগিয়ে দৈনন্দিন অভ্যাস পরিবর্তন করা অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। চ্যাটজিপিটি এবার এসব তথ্য সহজ ভাষায় ব্যাখ্যা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে সক্ষম হবে।
যেভাবে যুক্ত করবেন স্বাস্থ্যতথ্য
নতুন সুবিধাটি ব্যবহার করতে হলে অ্যান্ড্রয়েড মুঠোফোনে চ্যাটজিপিটির হালনাগাদ সংস্করণ ইনস্টল করা আবশ্যক। এরপর অ্যাপের পাশে থাকা তালিকা অথবা অনুসন্ধান অংশ থেকে স্বাস্থ্যবিষয়ক সুবিধাটি চালু করে গুগলের স্বাস্থ্যতথ্য সংযোগব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে।
ব্যবহারকারীকে তখন বেছে নিতে হবে, কোন ধরনের তথ্য চ্যাটজিপিটির সঙ্গে ভাগ করতে চান। অনুমতি দেওয়ার পর সংযুক্ত বিভিন্ন শরীরচর্চার অ্যাপ থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করতে সক্ষম হবে সেবাটি।
গারমিন স্মার্টঘড়ি বা ওউরা রিংয়ের মতো যন্ত্র ব্যবহারকারীদের সংশ্লিষ্ট অ্যাপের সঙ্গে গুগলের স্বাস্থ্যতথ্য সংযোগব্যবস্থার তথ্য আদান-প্রদান চালু রাখতে হবে। কোন যন্ত্র কী ধরনের তথ্য সংগ্রহ করছে, তার ওপর নির্ভর করবে চ্যাটজিপিটির বিশ্লেষণের পরিধি।
ঘুম ও ব্যায়ামের অভ্যাসও বিশ্লেষণ
এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের দৈনন্দিন অভ্যাস সম্পর্কে নানা প্রশ্ন করতে পারবেন। যেমন, কর্মদিবস এবং ছুটির দিনে ঘুমের সময়ের মধ্যে কতটা পার্থক্য রয়েছে, তা জানতে পারবেন।
এমনকি যেদিন বেশি শারীরিক পরিশ্রম হয়, সেদিন রাতে ঘুমের সময় বাড়ে নাকি কমে, সেটিও বিশ্লেষণ করতে সক্ষম হবে চ্যাটজিপিটি।
যারা নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে চান, তাদের সপ্তাহের কোন দিনগুলোতে দীর্ঘ সময় হাঁটার সুযোগ বেশি থাকে, সে বিষয়েও ধারণা দিতে সক্ষম হবে এটি। ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ে ব্যায়াম করতে না পারলে বিকল্প সময় খুঁজে দেওয়ার মতো পরামর্শও পাওয়া যাবে।
ব্যক্তিগত তথ্য শেয়ারে সতর্কতা জরুরি
তবে ব্যক্তিগত স্বাস্থ্যতথ্য কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। ঘুমের সময়, শারীরিক কর্মকাণ্ড এবং দৈনন্দিন অভ্যাসের তথ্য একত্র হলে একজন মানুষের জীবনযাপন সম্পর্কে অনেক কিছু জানা সম্ভব।
ওপেনএআই জানিয়েছে, স্বাস্থ্যবিষয়ক সুবিধার মাধ্যমে পাওয়া ব্যক্তিগত তথ্য তারা বিক্রি করে না। ব্যবহারকারীরা নিজেরাই ঠিক করতে পারবেন কোন তথ্য এবং কোন হিসাব যুক্ত করবেন। তবে ব্যক্তিগত স্মৃতির সুবিধা চালু থাকলে স্বাস্থ্যবিষয়ক কথোপকথনের তথ্যও সেখানে যুক্ত হতে পারে। তাই তথ্য যুক্ত করার আগে ব্যক্তিগত গোপনীয়তা ও তথ্য ব্যবহারের সেটিংস পর্যালোচনা করা জরুরি।
এ ছাড়া স্মার্টঘড়ি বা শরীরচর্চার যন্ত্র সব সময় নিখুঁত তথ্য দিতে পারে না। ফলে যন্ত্রের পরিমাপে ভুল থাকলে চ্যাটজিপিটির বিশ্লেষণেও ভুল হওয়ার আশঙ্কা রয়েছে।
দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক পাওয়া গেলেই একটিকে অন্যটির কারণ হিসেবে ধরে নেওয়া যাবে না। যেমন, বেশি ব্যায়ামের পর ঘুম কম হওয়ার প্রবণতা দেখা গেলেও এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।
ওপেনএআই জানিয়েছে, এই সুবিধা চিকিৎসকের বিকল্প নয়। রোগ নির্ণয় কিংবা চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে এটি তৈরি করা হয়নি। বরং ব্যক্তিগত স্বাস্থ্যতথ্য বুঝতে এবং স্বাস্থ্যসেবা গ্রহণে সহায়তা করাই এর লক্ষ্য।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৮ বছর বা তার বেশি বয়সী বিনা মূল্যের ও অর্থের বিনিময়ে ব্যবহৃত বিভিন্ন সংস্করণের গ্রাহকেরা এই সুবিধা পাবেন। তবে পর্যায়ক্রমে চালু হওয়ায় সবার মুঠোফোনে একসঙ্গে এটি পাওয়া নাও যেতে পারে। ডেস্কটপ ও অ্যান্ড্রয়েডের পাশাপাশি উন্নত কিছু সুবিধা ব্যবহারের জন্য নির্দিষ্ট অর্থের বিনিময়ে নেওয়া গ্রাহক হতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক। এই দীর্ঘ সময়ে প্রেমিককে দুধ, কলা, ডিমসহ বিভিন্ন খাবার কেনার জন্য অর্থ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সময়ে প্রায় ৬ লাখ টাকা দিয়েছেন বলে অভিযোগ করেছেন ৩০ বছর বয়সী নিলুফা। তাঁর অভিযোগ, ২০ বছর বয়সী বরিশালের যুবক রিফাতের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে তাঁর বাড়িতে গেলে নানা অজুহাতে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। একপর্যায়ে মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে রিফাত সেখান থেকে চলে যান বলেও অভিযোগ করেছেন নিলুফা।
অভিযোগকারী নিলুফা গার্মেন্টস কারখানায় চাকরি করেন। তাঁর দাবি, প্রায় চার বছর আগে বরিশালের যুবক রিফাতের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সম্পর্ক চলতে থাকে। এই সময়ে রিফাতের বিভিন্ন প্রয়োজনে এবং খাবার কেনাসহ ব্যক্তিগত খরচের জন্য নিলুফা অর্থ সহায়তা করতেন। সব মিলিয়ে গত চার বছরে রিফাতকে প্রায় ৬ লাখ টাকা দিয়েছেন বলে দাবি তাঁর।
নিলুফার অভিযোগ, দীর্ঘদিনের সম্পর্কের পর তিনি রিফাতকে বিয়ের কথা বলেন। কিন্তু বিয়ের বিষয়ে নানা টালবাহানা শুরু করেন রিফাত। একপর্যায়ে সম্পর্কের পরিণতি ও বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে নিলুফা বরিশালে রিফাতের বাড়িতে যান।
সেখানে পৌঁছানোর পর রিফাত তাঁকে জানান, এই বিয়েতে তাঁর পরিবারের সম্মতি নেই। পরিবারের অসম্মতিতে তিনি বিয়ে করতে পারবেন না বলেও জানান। এতে নিলুফা হতাশ হয়ে পড়েন।
নিলুফার আরও অভিযোগ, পরবর্তী সময়ে রিফাত তাঁকে বরিশালের একটি তিন রাস্তার মোড়ে নিয়ে যান। সেখানে তাঁর মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে তাঁকে রেখে রিফাত নিজের বাবা-মায়ের কাছে চলে যান। এ ঘটনায় বিপাকে পড়েছেন বলে দাবি করেছেন নিলুফা।
ঘটনার প্রতিকার চেয়ে নিলুফা বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কী ধরনের আইনগত পদক্ষেপ নিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে অভিযুক্ত রিফাতের বক্তব্যও পাওয়া যায়নি।
অভিযোগের সত্যতা, অর্থ লেনদেনের প্রকৃত ঘটনা এবং মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে যাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন অভিযোগকারী নিলুফা
তালাশ বিডি/মিডিয়া লিঃ