সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০১:৫৭ পি.এম
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ভানুয়াতু দ্বীপপুঞ্জের অঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো সম্ভাবনা নেই।
সোমবার (২৩ নভেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) ২টা ৪০ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং সুনামি সতর্কতা কেন্দ্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা প্রায় ৬১৪ কিলোমিটার ছিল।
ভূমিকম্পের কেন্দ্রস্থল দক্ষিণ অক্ষাংশের ১৩ দশমিক ৫৪৬ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশের ১৭২ দশমিক ২৭৯ ডিগ্রিতে অবস্থান করছিল।
জিএমটি ২টা ৪৭ মিনিটে সুনামি সতর্কতা কেন্দ্র একটি বিবৃতিতে জানায়, সব তথ্য বিশ্লেষণ করার পর সুনামির কোনো আশঙ্কা নেই। সাধারণ মানুষের জন্য সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই বলেও তারা উল্লেখ করে। পরিস্থিতির পরিবর্তন হলে বা নতুন তথ্য আসলে পরবর্তী সতর্কবার্তা দেওয়া হবে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষার্থীদের মেধা, মনন ও সাধারণ জ্ঞানের বিকাশ, পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জনে আগ্রহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ানোর উদ্দেশ্যে বসুন্ধরা শুভসংঘ দারুসসালাম থানা শাখা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।
এই প্রতিযোগিতা রবিবার রাজধানীর দারুসসালামের পান্জেরী মডেল স্কুলে অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সাধারণ জ্ঞান, শিক্ষা, বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তাশক্তি যাচাইয়ের সুযোগ তৈরি করা হয়। শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের মেধা প্রকাশের পাশাপাশি নতুন বিষয় জানার এবং শেখার আগ্রহ অর্জন করে।
আয়োজনটি বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের দিকনির্দেশনায় এবং দারুসসালাম থানা শাখার সভাপতি ইয়াসিন শেখ ও সাধারণ সম্পাদক তামিম ইসলাম এবাদতের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য শ্রেণিকক্ষে পাঠদানই যথেষ্ট নয়; সাধারণ জ্ঞান, সৃজনশীল চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও বাস্তবজ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা প্রয়োজন। কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে জানার আগ্রহ বাড়ায়, দ্রুত চিন্তা করার সক্ষমতা তৈরি করে এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের জ্ঞান প্রকাশে উৎসাহিত করে।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটন বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি জ্ঞানভিত্তিক ও সৃজনশীল কার্যক্রমের সুযোগ তৈরি করা জরুরি। কুইজ প্রতিযোগিতার মতো আয়োজন তাদের নতুন কিছু জানতে, চিন্তা করতে এবং নিজেদের যোগ্যতা প্রকাশ করতে উৎসাহিত করে। আমরা চাই, শিক্ষার্থীরা জ্ঞান, মানবিকতা ও সৃজনশীলতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলুক।’
দারুসসালাম থানা শাখার সভাপতি ইয়াসিন শেখ বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের কার্যক্রম তাদের পড়াশোনার প্রতি আগ্রহী করার পাশাপাশি আত্মবিশ্বাস ও মেধা বিকাশে সহায়ক হবে।’
সাধারণ সম্পাদক তামিম ইসলাম এবাদত বলেন, ‘শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও অংশগ্রহণমূলক শিক্ষামূলক আয়োজন প্রয়োজন। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজেদের জ্ঞান যাচাই করার সুযোগ পায় এবং নতুন কিছু শেখার অনুপ্রেরণা লাভ করে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দারুস সালাম থানা শাখার সহ-সভাপতি রাশেদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শাওন, অর্থ সম্পাদক সোহান আহামেদ রিজন, ইভেন্ট সম্পাদক ফাতেমা শিরীন, প্রচার সম্পাদক মোঃ জাকারিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাদিয়া আফরিন নদী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসিবুল রহমান, আপ্যায়ন সম্পাদক হাওয়া মনি এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ফাতেমাতুল জান্নাতসহ সংগঠনের অন্যান্য সদস্য।
শিক্ষার্থীদের অংশগ্রহণ, প্রশ্নের উত্তর দেওয়ার আগ্রহ এবং নতুন কিছু জানার উৎসাহ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চার অভ্যাস গড়ে তোলা, ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বসুন্ধরা শুভসংঘ মনে করে, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা, মনন, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এমন উদ্যোগ আরো বিস্তৃত হওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে শিশুদের বেড়ে ওঠার পদ্ধতিতে পরিবর্তন আসছে। একসময় শিশুর বিনোদনের প্রধান মাধ্যম ছিল খেলনা, বই, ছবি আঁকা এবং মাঠে বন্ধুদের সঙ্গে খেলা। বর্তমানে সেই পরিবেশে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। স্মার্টফোন, ট্যাবলেট, শিক্ষামূলক অ্যাপ, এআই চ্যাটবট এবং কথা বলতে সক্ষম খেলনার মাধ্যমে শিশুরা প্রযুক্তির সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করছে। তারা এআই ব্যবহার করে প্রশ্নের উত্তর জানছে, গল্প শুনছে, ছবি আঁকছে এবং পড়াশোনায় সহায়তা নিচ্ছে। এটি শিশুদের শেখার আগ্রহ, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। তবে এর অতিরিক্ত ব্যবহার শিশুর চিন্তাশক্তি, সামাজিক যোগাযোগ এবং মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ছোট শিশুরা এআইয়ের দেওয়া তথ্যকে সবসময় সঠিক বলে ধরে নিতে পারে। তাই প্রশ্ন উঠছে, শিশুর বেড়ে ওঠায় এআই কি নতুন সম্ভাবনার সহযাত্রী, নাকি ধীরে ধীরে তৈরি করছে প্রযুক্তিনির্ভরতার ফাঁদ?
শিশুর বিকাশে এআইয়ের সহায়তা
এআইভিত্তিক বিভিন্ন শিক্ষামূলক প্ল্যাটফর্ম শিশুর বয়স, শেখার গতি এবং আগ্রহ অনুযায়ী তথ্য উপস্থাপন করতে সক্ষম। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে সহজ ভাষায় ব্যাখ্যা প্রদান করতে পারে। গল্প, ছবি, কুইজ এবং বিভিন্ন অনুশীলনের মাধ্যমে শেখাকে আনন্দদায়ক করে তুলতে পারে। যেমন, যদি কোনো শিশু মহাকাশ সম্পর্কে জানতে চায়, তাহলে এআই তাকে গ্রহ, নক্ষত্র এবং মহাকাশযান সম্পর্কে ধারণা দিতে পারে। আবার গণিতের কোনো সমস্যা বুঝতে না পারলে ধাপে ধাপে সমাধানের পদ্ধতি ব্যাখ্যা করতে পারে। ভাষা শেখা, নতুন শব্দের অর্থ জানা অথবা সৃজনশীল গল্প তৈরির ক্ষেত্রেও এআই সহায়ক হতে পারে। তাছাড়া, বিশেষ শিক্ষাগত চাহিদা রয়েছে এমন শিশুদের জন্যও কিছু এআইভিত্তিক প্রযুক্তি শেখার প্রক্রিয়াকে সহজ করতে পারে। তবে এসব সুবিধা কার্যকর করতে হলে শিশুর বয়স এবং প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি নির্বাচন করা অপরিহার্য।
অতিরিক্ত এআই ব্যবহারে ঝুঁকি
এআইয়ের সুবিধার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ঝুঁকিও রয়েছে। বিশেষ করে যখন শিশুরা দীর্ঘ সময় এআই চ্যাটবট বা স্মার্ট খেলনার সঙ্গে কথা বলে, তখন বাস্তব মানুষের সঙ্গে যোগাযোগের আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। প্রথমত, অতিরিক্ত এআইনির্ভরতা শিশুর নিজস্ব চিন্তা এবং সমস্যা সমাধানের অভ্যাসকে দুর্বল করে দিতে পারে। কোনো প্রশ্নের উত্তর নিজে খোঁজার পরিবর্তে সবসময় এআইয়ের ওপর নির্ভর করলে শেখার স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। দ্বিতীয়ত, এআই সবসময় নির্ভুল তথ্য দেয় না। কখনো কখনো ভুল, বিভ্রান্তিকর অথবা শিশুর বয়সের অনুপযোগী উত্তর দিতে পারে। ছোট শিশুর পক্ষে এসব তথ্যের সত্যতা যাচাই করা কঠিন। তৃতীয়ত, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা একটি বড় উদ্বেগের বিষয়। এআই অ্যাপ বা স্মার্ট খেলনার সঙ্গে কথা বলার সময় শিশু নিজের নাম, বয়স, স্কুলের পরিচয়, বাসার ঠিকানা অথবা পারিবারিক তথ্য জানিয়ে দিতে পারে। এসব তথ্য কীভাবে সংরক্ষণ এবং ব্যবহার করা হচ্ছে, তা অভিভাবকদের জানা প্রয়োজন।
নির্ভরশীলতা বাড়ছে যেভাবে
শিশুরা স্বাভাবিকভাবেই নতুন প্রযুক্তির প্রতি কৌতূহলী। এআই চ্যাটবটের দ্রুত উত্তর, বন্ধুত্বপূর্ণ কথাবার্তা এবং গল্প বলার ক্ষমতা তাদের আকৃষ্ট করে। কিছু শিশু এআইকে বন্ধু মনে করে ব্যক্তিগত অনুভূতিও প্রকাশ করতে শুরু করে। তাছাড়া, পড়াশোনার ছোটখাটো কাজ, বাড়ির কাজ অথবা সৃজনশীল অনুশীলনের জন্য সবসময় এআই ব্যবহার করলে নিজের চেষ্টায় শেখার অভ্যাস কমতে পারে। এআইয়ের তৈরি গল্প, ছবি অথবা উত্তর সহজে পাওয়ার কারণে শিশুর নিজস্ব কল্পনা এবং সৃজনশীল চর্চা সীমিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে এআই ব্যবহার করলেই শিশুর কল্পনাশক্তি কমে যাবে, এমন নয়। বরং সঠিকভাবে ব্যবহার করলে এটি নতুন ধারণা তৈরির অনুপ্রেরণা হতে পারে।
অভিভাবকদের করণীয়
শিশুকে প্রযুক্তি থেকে পুরোপুরি দূরে রাখা বাস্তবসম্মত সমাধান নয়। বরং নিরাপদ এবং দায়িত্বশীল ব্যবহার শেখানো জরুরি।
* বয়স অনুযায়ী ব্যবহার : শিশুর বয়স এবং মানসিক বিকাশ বিবেচনা করে এআই অ্যাপ অথবা খেলনা নির্বাচন করুন।
* ব্যবহারে নজরদারি : শিশু কোন এআই ব্যবহার করছে এবং কী ধরনের প্রশ্ন করছে, তা নিয়মিত খেয়াল রাখুন।
* ব্যক্তিগত তথ্যের সুরক্ষা : নাম, ঠিকানা, স্কুলের পরিচয়, ফোন নাম্বার অথবা পারিবারিক তথ্য অনলাইনে না দেওয়ার নিয়ম শেখান।
* সময় নির্ধারণ : এআই ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন। খেলাধুলা, বই পড়া এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ নিশ্চিত করুন।
* তথ্য যাচাই শেখান : এআইয়ের সব উত্তর সঠিক নয়, এ বিষয়টি শিশুকে সহজভাবে বোঝান। গুরুত্বপূর্ণ তথ্য অন্য নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করতে শেখান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বায়ুদূষণ রোধে পূর্বে প্রদত্ত ৯ দফা নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে আগামী ১২ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিলের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এই নির্দেশনা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তরসহ অন্যান্য বিবাদীদের জন্য প্রযোজ্য।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) কর্তৃক দায়ের করা জনস্বার্থমূলক রিট পিটিশনের শুনানি শেষে ২০২০ সালে ঢাকার বায়ুদূষণ রোধে আদালত বিবাদীদের প্রতি ৯ দফা নির্দেশনা প্রদান করে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে ঢাকা শহরের বিভিন্ন স্থানে পানি ছিটানো, বালু পরিবহনের ট্রাক ঢেকে রাখা, নির্মাণকাজের এলাকা ঘিরে রাখা, রাস্তায় ফেলে রাখা অসমাপ্ত নির্মাণকাজ দ্রুত শেষ করা, ধোঁয়া সৃষ্টিকারী গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, লাইসেন্স ছাড়া গাড়ির টায়ার পোড়ানোর কারখানা বন্ধ করা, বিভিন্ন মার্কেটের ময়লা ব্যাগে করে নির্দিষ্ট সময়ে অপসারণ এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকার অবৈধ ইটভাটা বন্ধ করা।
এইচআরপিবির পক্ষে দায়ের করা এক আবেদনের প্রেক্ষিতে ১৩ জানুয়ারি ২০২০ তারিখে আদালত ৯ দফা নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণের আদেশ প্রদান করে। পরবর্তীতে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয় বিবাদীদের। নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থতার কারণে পাঁচ জেলার জেলা প্রশাসকদেরও আদালতে তলব করা হয়েছিল।
ওই আদেশের ধারাবাহিকতায় আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিলের বিষয়ে আজ বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার আদালতে মামলাটি আদেশের জন্য তালিকাভুক্ত হয়। শুনানি শেষে আদালত লিখিত আদেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তরসহ অন্যান্য বিবাদীদের আগামী ১২ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে বায়ুদূষণ রোধে পূর্বে প্রদত্ত ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করে আদালতে এফিডেভিট আকারে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরবর্তী শুনানির তারিখও ১২ জানুয়ারি ২০২৭ নির্ধারণ করা হয়।
শুনানিতে এইচআরপিবির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ মন্তব্য করেন, ঋতু পরিবর্তনের কারণে বর্তমানে ঢাকা শহরের বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে। তবে আদালতের পূর্বের নির্দেশনা অনুসারে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। ফলে ঢাকার বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে নাগরিকদের স্বাস্থ্য হুমকির সম্মুখীন হচ্ছে।
রিট মামলায় এইচআরপিবির পক্ষে আবেদনকারী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. সারোয়ার আহাদ চৌধুরী ও অ্যাডভোকেট রিপন বাড়ৈ। বিবাদীদের মধ্যে রয়েছেন পরিবেশ সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রবৃন্দ, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্যরা।
এইচআরপিবির পক্ষে শুনানি পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তাঁকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল ও অ্যাডভোকেট নাসরিন সুলতানা। সিটি করপোরেশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. শাহজাহান, পরিবেশ অধিদপ্তরের পক্ষে অ্যাডভোকেট মুনতাসির উদ্দিন মাহমুদ এবং ফায়ার সার্ভিসের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোরশেদা আখতার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অভিনয়ের ক্লাসে একটি সাধারণ চরিত্র ফুটিয়ে তুলতে বেশ কষ্ট করতে হয়েছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। ঘরের কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি প্রায় কেঁদেই ফেলেছিলেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে দীপিকার অভিনয় শেখার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিনেতা অনুপম খের।
গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) উপলক্ষে আয়োজিত এক আলোচনায় অনুপম খের জানিয়েছেন, বলিউডে তার অভিষেকের আগে দীপিকা তার অভিনয় প্রশিক্ষণকেন্দ্র ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’-এ তিন মাসের কোর্স সম্পন্ন করেছিলেন। সেই সময় তিনি পরিচিত মডেল ছিলেন এবং শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।
অনুপমের মতে, মডেলিংয়ের কারণে দীপিকার চলাফেরা ও আচরণ ছিল বেশ মার্জিত। তিনি সবকিছুই করতেন পরিপাটি ভঙ্গিতে। এমনকি চায়ের কাপ ধরার মধ্যেও ছিল বিশেষ কায়দা। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে সব সময় এমন মার্জিত আচরণ বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারে না।
একদিনের ক্লাসে দীপিকাকে ঘরের কাজের সহকারীর চরিত্রে অভিনয় করার জন্য বলেন অনুপম। কাজটি ছিল মেঝে ঝাড়ু দেওয়া। কিন্তু দীপিকা সেটিও করছিলেন বেশ আকর্ষণীয় ভঙ্গিতে। বিষয়টি বোঝাতে অনুপম নিজের বাসার এক গৃহকর্মীকে ক্লাসে নিয়ে আসেন। তাকে দিয়ে ঝাড়ু দেওয়ার কাজটি করিয়ে দেখান, বাস্তবে কাজটি কিভাবে করা হয়।
এরপর দীপিকাকে আবারও একই দৃশ্য অভিনয় করতে বলেন তিনি। অনুপম জানান, অভিনয়টি বিশ্বাসযোগ্য না হওয়া পর্যন্ত অনুশীলন চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। এতে প্রথমে হতাশ হয়ে পড়েন দীপিকা। এমনকি তার চোখে পানি চলে এসেছিল। তবে শেষ পর্যন্ত অনুশীলনের মাধ্যমে কাজটি ঠিকভাবে করতে পেরেছিলেন অভিনেত্রী। পরে অনুপমকে ধন্যবাদও জানান তিনি।
অনুপমের মতে, অভিনয়ে দক্ষতা অর্জনের জন্য নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। পাশাপাশি কাজ পাওয়ার ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি বুঝে চলার দক্ষতাও জরুরি।
২০০৭ সালে ফারাহ খানের পরিচালনায় ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে দীপিকার বলিউডে অভিষেক ঘটে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন শাহরুখ খান। মুক্তির পর ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ