০৬:৪৩ পি.এম
দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ‘জেলার ২’ বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় দেখা যাচ্ছে, এবং ছবিটির আয় প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। প্রথম সপ্তাহান্তে অসাধারণ ব্যবসার ফলে মুক্তির মাত্র চার দিনের মধ্যে ছবিটি বিশ্বজুড়ে ৪২৪ কোটি রুপির বেশি আয় করেছে। বর্তমানে ৫০০ কোটি রুপির মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রয়েছে এই অ্যাকশনধর্মী সিনেমাটি।
বক্স অফিস ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, রবিবার (১৮ অক্টোবর) মুক্তির চতুর্থ দিনে ভারতে ছবিটির নেট আয় ছিল ৫৫ কোটি ৮৫ লাখ রুপি। এর ফলে প্রথম চার দিনে ভারতের বাজারে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৯৯ কোটি ৯০ লাখ রুপি। অন্যদিকে, ভারতের বাজারে মোট গ্রস আয় ২৩৪ কোটি ২৫ লাখ রুপি।
রবিবার ভারতের ১৫ হাজার ৪৭৩টি শোতে ছবিটির গড় দর্শক উপস্থিতি ছিল প্রায় ৬২ শতাংশ। আগের দিন শনিবার ৪৭ কোটি ২৫ লাখ রুপি আয়ের তুলনায় চতুর্থ দিনে আয় বেড়েছে প্রায় ১৮ দশমিক ২ শতাংশ। রবিবারেই ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে উপস্থিত হন ৩৬ লাখ ৮৭ হাজার ২৬৯ জন দর্শক।
আরও পড়ুন: ক্যানসার ছড়িয়ে পড়েছে শরীরে, আইসিইউতে নাট্যকার মাতিয়া বানু
মুক্তির প্রথম দিন থেকেই ‘জেলার ২’ ভালো ব্যবসা করে আসছে। গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনে ১৬ হাজার ৫৯৯টি শো থেকে ভারতে ৫৯ কোটি ৭০ লাখ রুপি নেট আয় করে। সেদিন গড় দর্শক উপস্থিতি ছিল ৫৫ দশমিক ৪ শতাংশ।
দ্বিতীয় দিনে শুক্রবার আয় কিছুটা কমে ৩৭ কোটি ১০ লাখ রুপিতে দাঁড়ায়। ১৩ হাজার ১৫৭টি শোতে সেদিন দর্শক উপস্থিতি ছিল ৪৮ দশমিক ২ শতাংশ। তবে সপ্তাহান্তে ছবিটি আবার ঘুরে দাঁড়ায়। শনিবার ১৪ হাজার ৬০৪টি শো থেকে আয় হয় ৪৭ কোটি ২৫ লাখ রুপি। সেদিন দর্শক উপস্থিতি ছিল ৫৩ দশমিক ৯ শতাংশ। রবিবার আয় বেড়ে ৫৫ কোটি ৮৫ লাখ রুপি পৌঁছায়।
তামিল সংস্করণে সবচেয়ে বেশি আয়
ভাষাভিত্তিক আয়ের হিসাবে ছবিটির তামিল সংস্করণ এখনও এগিয়ে রয়েছে। রবিবার ৮ হাজার ১৭৩টি শো থেকে এই সংস্করণের নেট আয় হয়েছে ৩৯ কোটি ৯৫ লাখ রুপি। দর্শক উপস্থিতি ছিল প্রায় ৮০ শতাংশ।
আরও পড়ুন: মিস ইউনিভার্সে সোশ্যাল মিডিয়ায় শীর্ষে সামিরা খান মাহি
অন্যদিকে, ২ হাজার ২৩৪টি শো থেকে তেলুগু সংস্করণের আয় ৯ কোটি ৫০ লাখ রুপি। ৪ হাজার ৯০২টি শো থেকে হিন্দি সংস্করণ আয় করেছে ৫ কোটি ৭৫ লাখ রুপি। আর ১৬৪টি শো থেকে কন্নড় সংস্করণের সংগ্রহ ৬৫ লাখ রুপি।
দর্শক উপস্থিতির বিস্তারিত হিসাবেও তামিল সংস্করণের দাপট স্পষ্ট। তামিল দ্বিমাত্রিক শোগুলোতে গড় দর্শক উপস্থিতি ছিল ৮২ দশমিক ৫৮ শতাংশ। সকালের শোতে উপস্থিতি ছিল ৬৭ দশমিক ০৮ শতাংশ। দুপুর, বিকেল ও রাতের শোগুলোতে এই হার ছিল যথাক্রমে ৮৭ দশমিক ০৮, ৮৮ দশমিক ৭৭ ও ৮৭ দশমিক ৩৮ শতাংশ।
হিন্দি সংস্করণের ক্ষেত্রে সকালের শোতে দর্শক উপস্থিতি ছিল ২৮ দশমিক ৫৮ শতাংশ। দুপুরে তা বেড়ে ৪৯ দশমিক ৮৩ শতাংশ হলেও বিকেল ও রাতের শোতে উপস্থিতি ছিল যথাক্রমে ৪৭ দশমিক ৮৩ ও ৪৬ শতাংশ। তেলুগু সংস্করণেও দুপুর ও বিকেলের শোগুলোতে দর্শক উপস্থিতি তুলনামূলক বেশি ছিল।
বিদেশের বাজারেও দাপট
আরও পড়ুন: শতবর্ষ পেরিয়ে শৈশবের ভালোবাসায় অমলিন ‘উইনি-দ্য-পুহ’
ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ‘জেলার ২’ ভালো ব্যবসা করছে। স্যাকনিল্কের দেওয়া হিসাব অনুযায়ী, রবিবারেই বিদেশের বাজার থেকে ছবিটির গ্রস আয় হয়েছে প্রায় ৪০ কোটি রুপি। ফলে চার দিনে আন্তর্জাতিক বাজারে মোট গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ১৯০ কোটি রুপি।
ভারতের বাজারে ২৩৪ কোটি ২৫ লাখ রুপি এবং আন্তর্জাতিক বাজারে প্রায় ১৯০ কোটি রুপি মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৪২৪ কোটি ২৫ লাখ রুপি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন