১২:৫৫ পি.এম
বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা সোমবার (১৯ অক্টোবর) ফুলেল শুভেচ্ছা জানাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের কাছে তার আইসিটি বিভাগের কার্যালয়ে গিয়েছিলেন। এ সময় তারা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ডাক বিভাগের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে আলোচনা করেন।
মন্ত্রী ফকির মাহবুব আনাম নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, ডাক বিভাগ দেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ডাকসেবাকে আরও গতিশীল, মানসম্মত ও জনবান্ধব করতে হবে। জনগণের দোরগোড়ায় দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, ডাক বিভাগের উন্নয়ন ও সেবার মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারত্ব, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত কমিটি ডাক বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করতে ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপে ২৮০-এর অধিক দলের অংশগ্রহণ
সাক্ষাৎকালে অ্যাসোসিয়েশনের নেতারা জানান, ডাক বিভাগের আধুনিকায়ন, সেবার মানোন্নয়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নবনির্বাচিত কমিটি সক্রিয়ভাবে কাজ করে যাবে। একই সঙ্গে তারা ডাক বিভাগের সার্বিক অগ্রযাত্রায় মন্ত্রীর ধারাবাহিক দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
উক্ত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন