প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৈদ্যুতিক যানবাহন, নবায়নযোগ্য জ্বালানি, উন্নত প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতের জন্য অপরিহার্য কাঁচামাল—কোবাল্ট, লিথিয়াম, তামা ও ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার আফ্রিকা বর্তমানে বিশ্বশক্তিগুলোর ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) কোবাল্ট খনি থেকে শুরু করে মালির লিথিয়াম এবং নাইজারের ইউরেনিয়াম ভাণ্ডার—এগুলোতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রভাব বিস্তারের জন্য লড়াই তীব্র হয়েছে। এই প্রতিযোগিতা শুধুমাত্র খনি উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং খনিজ সম্পদ বৈশ্বিক বাজারে পৌঁছানোর জন্য বন্দর, রেলপথ এবং পরিবহন করিডোরের নিয়ন্ত্রণ নিয়েও চলছে টানাপোড়েন।
এই প্রতিযোগিতায় যুক্ত তিনটি পরাশক্তি আফ্রিকায় নিজেদের অবস্থানকে শক্তিশালী করার জন্য ভিন্ন ভিন্ন কৌশল গ্রহণ করছে:
চীন: খনি উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ এবং অবকাঠামো নির্মাণে দীর্ঘমেয়াদী বিপুল বিনিয়োগের মাধ্যমে চীন গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলে শক্তিশালী আধিপত্য গড়ে তুলেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা চুক্তি করেছে বেইজিং। চীনা কাস্টমস পরিসংখ্যান অনুযায়ী, গত বছর চীন ও আফ্রিকার মধ্যে বাণিজ্য রেকর্ড ৩৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আফ্রিকার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে চীনকে আরও সুসংহত করেছে।
যুক্তরাষ্ট্র: চীনের সরবরাহ শৃঙ্খলের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে কূটনীতি, বিনিয়োগ এবং অবকাঠামো প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ খনিজে প্রবেশাধিকার বাড়ানোর চেষ্টা করছে ওয়াশিংটন। মার্কিন শিল্পের জন্য কৌশলগত খনিজের মজুত গড়ে তুলতে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ হাজার ২০০ কোটি ডলারের (১২ বিলিয়ন ডলার) ‘প্রজেক্ট ভল্ট’ উদ্যোগ ঘোষণা করেন।
রাশিয়া: অর্থনৈতিক পদচিহ্ন তুলনামূলকভাবে ছোট হলেও সাহেল অঞ্চলসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে দূরত্ব তৈরি হওয়া দেশগুলোতে সামরিক সহযোগিতা ও নিরাপত্তা অংশীদারিত্বের মাধ্যমে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে মস্কো। ২০২৩ সালে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে গঠিত ‘আফ্রিকা কোর’ ওয়াগনার গ্রুপের বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। পাশাপাশি রাশিয়ার সম্পৃক্ততায় স্বর্ণও একটি কৌশলগত উপাদান হিসেবে উঠে এসেছে।
কোবাল্টের কেন্দ্রবিন্দু ডিআরসি এবং পরিবহন করিডোরের লড়াই
বিশ্বের শীর্ষ কোবাল্ট উৎপাদনকারী দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি), যেখানে ২০২৫ সালে বৈশ্বিক খনিজ কোবাল্ট উৎপাদনের আনুমানিক ৭৩ শতাংশ আসবে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে। দেশটির বড় তামা ও কোবাল্ট খনিগুলোতে চীনা কোম্পানির অংশীদারত্ব রয়েছে এবং বৈশ্বিক কোবাল্ট পরিশোধনে বেইজিংয়ের প্রভাব উল্লেখযোগ্য। এর বিপরীতে যুক্তরাষ্ট্র ও ডিআরসি গত বছরের ডিসেম্বরে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। তবে ডিআরসির অর্থনীতিমন্ত্রী ড্যানিয়েল মুকোকো সাম্বা ওয়াশিংটনকে কেবল চুক্তিতে সীমাবদ্ধ না থেকে বাস্তব বিনিয়োগের মাধ্যমে দেশীয় খনিজ প্রক্রিয়াজাতকরণ, বিদ্যুৎ সুবিধা ও অর্থনৈতিক উন্নয়নে প্রকল্প শেষ করার তাগিদ দিয়েছেন।
খনিজ রপ্তানির পথ সুগম করতে পরিবহন করিডোরও বড় নিয়ামক হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ও আফ্রিকান অংশীদারদের সমর্থনে এগিয়ে নেওয়া লবিটো করিডোর অ্যাঙ্গোলার আটলান্টিক উপকূলকে ডিআরসির তামা ও কোবাল্ট অঞ্চলের সঙ্গে যুক্ত করছে এবং জাম্বিয়া পর্যন্ত রেলপথ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এতে পরিবহন খরচ কমতে পারে, তবে স্থানীয় শিল্প ও জনগণের জন্য কতটা উপকার হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সাহেল অঞ্চল ও আফ্রিকার সামনে চ্যালেঞ্জ
মালি ও নাইজারে লিথিয়াম, স্বর্ণ ও ইউরেনিয়ামের বড় মজুত থাকলেও রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বিদেশি বিনিয়োগকে জটিল করেছে। সামরিক অভ্যুত্থান ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতির পর মালি, নাইজার ও বুরকিনা ফাসো মস্কোর সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদার করেছে এবং রাশিয়া আফ্রিকা কোরের সদস্য মোতায়েন করেছে। এর মধ্যেই সম্পর্ক পুনর্গঠনে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মালিতে লিথিয়াম উত্তোলনে চীনা স্বার্থ ও রুশ রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থার সহযোগী প্রতিষ্ঠানের অনুসন্ধান লাইসেন্সের পাশাপাশি মার্কিন বাণিজ্যিক স্বার্থও সক্রিয় রয়েছে। আর নাইজারে ২০২৪ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর চলতি বছরের সেপ্টেম্বরে ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন কানাডীয় প্রতিষ্ঠান গ্লোবাল অ্যাটমিকের ‘দাসা’ ইউরেনিয়াম প্রকল্পে ৪১ কোটি ৪০ লাখ ডলার পর্যন্ত অর্থায়নের অনুমোদন দিয়েছে।
বিশ্লেষকদের মতে, পরাশক্তিগুলোর এই প্রতিযোগিতা আফ্রিকার দেশগুলোর জন্য বিনিয়োগ টানা ও দরকষাকষির সুযোগ তৈরি করলেও বিদেশি মালিকানা ও দুর্বল সুশাসনের কারণে কেবল কাঁচামাল রপ্তানিতে সীমাবদ্ধ থাকার ঝুঁকি রয়েছে। তাই কোন শক্তি প্রতিযোগিতায় এগিয়ে গেল, তার চেয়ে বড় পরীক্ষা হলো আফ্রিকার দেশগুলো নিজেদের খনিজ সম্পদের কতটা মূল্য দেশে ধরে রেখে কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতে পারে। সূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন