০৫:১৬ পি.এম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তীর অনুষ্ঠানে মুখোমুখি অবস্থানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। সংগঠনটি দাবি করেছে যে, এ ঘটনায় শিবিরের দুই কর্মী আহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রক্টরিয়াল বডির সদস্যরা দুই পক্ষের মাঝে অবস্থান নেন। পরে তাদের মধ্যস্থতায় দুই পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।
আরও পড়ুন: ফটিকছড়িতে যুবদলের মিছিলে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে হীরকজয়ন্তীর অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এ সময় সেখানে উপস্থিত শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইদ বিন হাবিব জানান, এ ঘটনায় শিবিরের দুই কর্মী আহত হয়েছেন। আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর উদ্যাপন করছি আমরা। আমাদের বড় ভাইয়েরা এসেছেন, আমরা আনন্দ করব। এ উৎসব নষ্ট করার জন্য মিছিল নিয়ে আসবে, আমরা প্রত্যাশা করিনি। তারা মিছিল নিয়ে এসে ধাক্কাধাক্কি ও আঘাত করে। আমরা পরিস্থিতি অনুযায়ী সেখান থেকে চলে এসেছিলাম। আমরা চাই, উৎসবটা সুন্দরভাবে শেষ হোক।’
অন্যদিকে, শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনি বলেন, ‘ছাত্রদলের সভাপতি বলেছেন, এখানে মিছিল হলে বিশৃঙ্খলা হতে পারে। আমি তাদের আশ্বস্ত করেছি, আমাদের লোকজন কেউ ঢুকবে না। আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। ছাত্রসংগঠন হিসেবে আমাদের কর্মসূচি থাকবেই। আশা করি, তারা কারও কর্মসূচিতে বাধা দেবেন না। তারা তাদেরটা পালন করুক, আমরা আমাদেরটা পালন করি স্বাভাবিকভাবে।’
আরও পড়ুন: চট্টগ্রাম ওয়াসা সুপেয় পানির উৎপাদন ও সরবরাহ বাড়াতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চায়
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন জানাতে গিয়ে বলেন, ‘এটা তেমন কিছু হয়নি। কেন্দ্রীয় খেলার মাঠে শাখা ইসলামী ছাত্রশিবিরের একটি আনন্দমিছিল প্রবেশ করছিল। সে সময় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কিছু কথা হয়। এর পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে কেউ আহত হননি। আমরা মাঝখানে মধ্যস্থতা করার পরপরই দুইপক্ষ নিজেদের মতো চলে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন